টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন : দুই নারী গ্রেপ্তার

টেকনাফে তরুণীকে বিবস্ত্র করে নির্যাতন : দুই নারী গ্রেপ্তার

কক্সবাজারের টেকনাফে এক তরুণীকে ধরে নিয়ে বিবস্ত্র করে মারধরের অভিযোগে হওয়া মামলায় দুই নারীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

গ্রেপ্তাররা হলেন মোর্শেদা আকতার ও রেহেনা আকতার।


মোর্শেদা উপজেলার বাহারছড়া ইউনিয়নের উত্তর শীলখালী এলাকার দুবাইপ্রবাসী নুরুল হকের স্ত্রী। আর রেহেনা সম্পর্কে মোর্শেদার আপন বোন। 
বুধবার (২৩ সেপ্টেম্বর) বিকেলে নুরুল হকের বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

বৃহস্পতিবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম।


তিনি বলেন, ‘ঘটনায় জড়িত দুই নারীকে গ্রেপ্তার করে আদালতে পাঠানো হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, নুরুল হকের সঙ্গে ওই তরুণীর সম্পর্ক রয়েছে—এমন সন্দেহ ছিল তার স্ত্রী মোর্শেদা আকতারের। বুধবার বিকেলে কক্সবাজার থেকে ফেরার পথে তরুণীকে আটক করে মোর্শেদার বাড়িতে নিয়ে যাওয়া হয়।


সেখানে বাড়ির উঠানে একটি খুঁটির সঙ্গে তাঁর হাত-পা বেঁধে মারধর করা হয়। একপর্যায়ে ওই তরুণীর পরনের পোশাক খুলে ফেলেন অভিযুক্তরা। 
এ সময় স্থানীয় কয়েকজন ওই তরুণীকে উদ্ধারের চেষ্টা করেও ব্যর্থ হন। পরে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করা হলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘটনার শিকার তরুণীকে উদ্ধার করে। 

তরুণীটিকে নির্যাতনের ঘটনায় ঘটনায় মোর্শেদা এবং তার ভাই, বোন ও প্রতিবেশীসহ ১২ থেকে ১৫ জন উপস্থিত ছিলেন বলে স্থানীয়রা জানান।


বাহারছড়া এলাকার বাসিন্দা নাজুম উল্লাহ বলেন, ‘পুলিশ ঘটনাস্থলে যাওয়ার পরও ওই তরুণীকে মারধর করা হয়। পরে ঘটনাটি মামলা পর্যন্ত না গড়াতে কয়েকজন সাংবাদিক ও রাজনৈতিক নেতা মীমাংসার চেষ্টা করেন।’ তবে শেষ পর্যন্ত টেকনাফ থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা করা হয় বলে জানান তিনি।

মামলায় অভিযুক্তরা হলেন মোর্শেদা আকতার, রেহেনা আকতার, মোহাম্মদ আইয়ুব, মোহাম্মদ ইসমাইল, মো. ইউনুচ, কুলসুমা আকতার, ইয়াছমিন আকতার জুলি, নাসিমা আকতার, রহমত উল্লাহ ও মো. আলম।

বাহারছড়া পুলিশ ফাঁড়ির সহকারী উপপরিদর্শক (এএসআই) তাজুল ইসলাম বলেন, ‘৯৯৯-এ ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ওই নারীকে উদ্ধার করা হয়। তাঁকে বিবস্ত্র করে মারধরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় মামলা হয়েছে। 

এএসআই জানান, মামলার দুই আসামি মোর্শেদা আকতার ও রেহেনা আকতারকে গ্রেপ্তার করা হয়েছে। অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১ পরবর্তী

আদালতে হাজিরা দিতে এসে দেশীয় অস্ত্রসহ আটক ১১

কমেন্ট