আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

আদাবরে বাড়ি ও মোহাম্মদপুরে জমি দখলের চেষ্টা, গ্রেফতার ১৩

রাজধানীর আদাবরের শ্যামলী হাউজিংয়ে একটি বাড়িতে হামলা এবং মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার পৃথক ঘটনায় ১৩ জনকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) মিডিয়া উইং থেকে পাঠানো পৃথক দুটি বার্তায় এ তথ্য জানানো হয়। ডিএমপি জানায়, শ্যামলী হাউজিংয়ে বাড়িতে হামলার ঘটনায় পাঁচজন এবং চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় আটজনকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ ও ভুক্তভোগী বাড়ির মালিকের সূত্রে জানা যায়, গত শনিবার সকাল সাড়ে ৬টার দিকে ১৫ থেকে ২০ জনের একটি দল রামদাসহ বিভিন্ন অস্ত্র নিয়ে শ্যামলী হাউজিংয়ের ৬ নম্বর সড়কের ৪১ ও ৪২ নম্বর প্লটে অবস্থিত একটি বহুতল ভবনে হামলা চালায়।

ভবনটির মালিকের অভিযোগ, এর আগে প্রায় দেড় বছর ধরে একই গ্রুপ ভবনটি দখল করে রেখেছিল। গত মার্চে পুলিশ ওই গ্রুপের কয়েকজনকে গ্রেফতার করে এবং ভবনটির দখল মালিককে বুঝিয়ে দেয়।

হামলার সিসিটিভি ফুটেজে দেখা যায়, ভবনের ভেতরে থাকা লোকজন গেট খুলতে অস্বীকৃতি জানালে মুখোশধারী কয়েকজন রামদা ও ইট দিয়ে মূল ফটক ও জানালায় ভাঙচুর চালায়।

এ ঘটনায় বাড়ির মালিক খুরশিদ আলম খানসহ সাতজনের নাম উল্লেখ করে এবং ১৫ থেকে ২০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে আদাবর থানায় মামলা করেন।

অন্যদিকে, শনিবার সকাল ১০টার দিকে মোহাম্মদপুরের চাঁদ উদ্যানে কয়েক শ লোক একটি প্লটে ঢুকে ভাঙচুর চালায়। তারা নগদ টাকা ও যন্ত্রপাতি লুট করে জায়গাটি টিন দিয়ে ঘিরে ফেলে বলে অভিযোগ পাওয়া গেছে।

পুলিশ ও বিরোধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে কথা বলে জানা যায়, জমির মালিকানা নিয়ে পাল্টাপাল্টি দাবির জেরে এ ঘটনা ঘটে। এ ঘটনায় মোহাম্মদপুর থানায় মামলা করা হলে পুলিশ প্রাথমিকভাবে দুজনকে গ্রেফতার করে।

তবে ডিএমপির পৃথক বার্তায় চাঁদ উদ্যানে জমি দখলের চেষ্টার ঘটনায় আটজন এবং দুই ঘটনায় মোট ১৩ জনকে গ্রেফতারের কথা জানানো হয়েছে।

রাজধানীতে বিপুল জাল টাকাসহ গ্রেপ্তার ২ পরবর্তী

রাজধানীতে বিপুল জাল টাকাসহ গ্রেপ্তার ২

কমেন্ট