ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে ও তদন্ত করতে লিগ্যাল নোটিশ

ব্যাংকিং খাতে অনিয়ম বন্ধে ও তদন্ত করতে লিগ্যাল নোটিশ

ব্যাংকিং খাতের বিভিন্ন অনিয়ম তদন্ত এবং তা বন্ধে সুপারিশ প্রণয়নের জন্য কমিশন গঠন করার অনুরোধ জানিয়ে সংশ্লিষ্টদেরকে আইনি নোটিশ পাঠানো হয়েছে। বুধবার (২৩ জানুয়ারি) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট মনজিল মোরসেদ রেজিস্ট্রি ডাকযোগে এ নোটিশ পাঠান। খবর- ইউএনবি'র। বাংলাদেশ ব্যাংকের গভর্নর, মন্ত্রী পরিষদ সচিব, প্রধানমন্ত্রীর সচিবালয় সচিব, অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সচিব, অর্থ মন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব এবং আইন মন্ত্রণালয় সচিবকে নোটিশটি পাঠানো হয়েছে। নোটিশে উল্লেখ করা হয়, কয়েক বছর ধরে সরকারি ও প্রাইভেট ব্যাংকের বিভিন্ন শাখা হতে হাজার হাজার কোটি টাকা বিভিন্ন উপায়ে আত্মসাৎ হচ্ছে। কিন্তু তা বন্ধে কার্যকরি ব্যবস্থা নেয়া হচ্ছে না। যদিও উক্ত অর্থ নাগরিকদের গচ্ছিত অর্থ। নোটিশ অনুসারে আগামী ৭ দিনের মধ্যে ব্যাংকিং খাতে অনিয়মের বিষয় তদন্ত ও প্রতিরোধে সুপারিশ প্রণয়নের জন্য ১৯৫৩ সালের ইনকোয়ারি কমিশন অ্যাক্টের অধীনে একটি কমিশন গঠনের অনুরোধ জানানো হয়েছে। কমিশন গঠনে বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর ড. মোহাম্মদ ফরাসউদ্দিন, বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. সালাউদ্দিন আহমেদ, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা এ বি এম মির্জা আজিজুল ইসলাম, বাংলাদেশ ব্যাংকের সাবেক ডেপুটি গভর্নর খন্দকার ইব্রাহিম খালেদ, সিটি ব্যাংক এন এ বাংলাদেশের সাবেক সিইও মামুন রশিদ, বাংলাদেশ ব্যাংকের একজন প্রতিনিধি এবং অর্থ মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি রাখতে নোটিশে বলা হয়েছে।
আবারও বাড়ল সোনার দাম পূর্ববর্তী

আবারও বাড়ল সোনার দাম

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি পরবর্তী

বাণিজ্য মেলার উদ্বোধন করলেন রাষ্ট্রপতি

কমেন্ট