শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার নয় : রাষ্ট্রপতি

শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার নয় : রাষ্ট্রপতি

photo-1484668225 শিক্ষাকে শুধু অর্থ উপার্জনের হাতিয়ার হিসেবে ব্যবহার না করে শিক্ষার মানোন্নয়নের পেছনে বেশি সময় দিতে শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। রাষ্ট্রপতি শিক্ষকদের এই ধরনের মানসিকতা থেকে সরে আসতে বলেছেন। পাশাপাশি শিক্ষার্থীদের সততা ও নিষ্ঠার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রথম সমাবর্তনে প্রধান অতিথির বক্তব্যে রাষ্ট্রপতি এসব কথা বলেন। সমাবর্তনে জাতীয় বিশ্ববিদ্যালয়ের আচার্য মেধাবী শিক্ষার্থীদের হাতে সনদ ও মেডেল তুলে দেন। পরে রাখা বক্তব্যে তিনি বলেন, মেধা ও জ্ঞানার্জনের পাশাপাশি শিক্ষার্থীরা যাতে কর্মমুখী শিক্ষা পায় সে অনুযায়ী জাতীয় বিশ্ববিদ্যালয়ের পাঠ্যসূচি প্রণয়ন করতে হবে। রাষ্ট্রপতি বলেন, ‘শুধু প্রাথমিক ও মাধ্যমিক পর্যায়ে নয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদেরও বড় একটা অংশ কনসালটেন্সি বা প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে পড়ানোতে সময় বেশি নেয়। এর ফলে শিক্ষার্থীরা উন্নত শিক্ষা থেকে যেমন বঞ্চিত হচ্ছে, তেমনি গবেষণা কার্যক্রমও ব্যাহত হচ্ছে। দেশ বঞ্চিত হচ্ছে নতুন নতুন আবিষ্কারের সুফল থেকে। শিক্ষকদের এই মানসিকতা বদলাতে হবে।’ রাষ্ট্রপতি বলেন, ‘আমি বিশ্বাস করি যে, কষ্টার্জিত স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখতে সবাই প্রচেষ্টা চালাবেন এবং গণতন্ত্র ও আর্থ-সামাজিক উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে দল-মত নির্বিশেষ সবাই নিজ নিজ অবস্থান থেকে ভূমিকা পালন করবেন।’ রাষ্ট্রপতি স্নাতক অর্জনকারীদের অভিনন্দন জানিয়ে বলেন, ‘আপনারা এখন দেশের উন্নত জনশক্তি এবং আমি আশা করি আপনারা আপনাদের অর্জিত জ্ঞান ও মেধা মানবতার কল্যাণে নিয়োজিত করবেন। আপনারা আপনাদের বিবেক দিয়ে কাজ করবেন। আপনারা অবশ্যই দেশ ও জাতির স্বার্থ রক্ষার্থে অগ্রাধিকার এবং মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখবেন।’ ডিগ্রি অর্জনের পাশাপাশি শিক্ষার্থীদের দক্ষ ও যোগ্য হিসেবে গড়ে তোলার পরিপূরক শিক্ষাক্রম প্রণয়নের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে নির্দেশ দেন রাষ্ট্রপতি। একই সঙ্গে বিশ্ববিদ্যালয়গুলোর আচার্য রাষ্ট্রপতি আবদুল হামিদ শিক্ষাকে সেশনজট মুক্ত রাখা এবং ক্রীড়া ও সাংস্কৃতিক কর্মকাণ্ড সম্প্রসারণে পদক্ষেপ নেওয়ার জন্য জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের প্রশংসা করেন। তিনি ডিজিটাল বাংলাদেশ গড়তে শিক্ষা কার্যক্রমে তথ্য-প্রযুক্তি ব্যবহারের জন্য জাতীয় বিশ্ববিদ্যালয়কে নির্দেশ দেন। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক আবদুল মান্নান ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক হারুন-অর-রশিদ অনুষ্ঠানে বক্তৃতা করেন।
কাল চবিতে ‘প্রতীকী জাতিসংঘ সম্মেলন’ শুরু পূর্ববর্তী

কাল চবিতে ‘প্রতীকী জাতিসংঘ সম্মেলন’ শুরু

জবির বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ শিক্ষার্থী আহত পরবর্তী

জবির বাসকে কাভার্ডভ্যানের ধাক্কায় ৪ শিক্ষার্থী আহত

কমেন্ট