
‘সন্ত্রাসমুক্ত পৃথিবী গড়তে দীক্ষিত তরুণ সমাজ’ এ প্রতিপাদ্যকে সামনে রেখে আগামী ১৯ জানুয়ারি (বৃহস্পতিবার) থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) শুরু হতে যাচ্ছে চার দিনের প্রতীকী জাতিসংঘ সম্মেলন।
তৃতীয়বারের মতো এ সম্মেলনের আয়োজক ‘চিটাগং ইউনিভার্সিটি মডেল ইউনাইটেড নেশনস অ্যাসোসিয়েশন’(সিইউমুনা) আগামী ১৯-২২ জানুয়ারি চটগ্রাম বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন অনুষদে এ সম্মেলন অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান সিইউমুনা ১৭-এর সেক্রেটারি জেনারেল আমজাদ হোসেন দিনার।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে আমজাদ হোসেন দিনার বলেন, জাতিসংঘের আদলে মোট আটটি কমিটিতে ভাগ করা হয়েছে এবারের আন্তার্জাতিক সম্মেলন।
আটটি কমিটিতে ইয়েমেন সংকট, মাদক নিয়ন্ত্রণ, বিচার বর্হিভূত হত্যাকাণ্ড, উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জন, আদিবাসী নারীদের অধিকার সংরক্ষণ ইত্যাদি বিষয়ের মতো গুরুত্বপূর্ণ ইস্যুগুলোকে আলোচনার বিষয়বস্তু হিসেবে নির্ধারণ করা হয়েছে। বৈশ্বিকভাবে গুরুত্বপূর্ণ এই বিষয়গুলোতে বিতর্ক, আলোচনা, সমালোচনার মাধ্যমে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
তিনি আরও বলেন, চার দিনের এ সম্মেলনে বাংলাদেশ, থাইল্যান্ড, ভারত, শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানের মোট ৪১ টি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে ৪০০ জন প্রতিনিধি অংশ নেবে। সম্মেলন শেষে আটটি কমিটি থেকে প্রাপ্ত খসড়া প্রস্তাবনাসমূহ একীভূত করে তরুণ ছাত্র-ছাত্রীদের কাছ থেকে প্রাপ্ত বিভিন্ন বৈশ্বিক সমস্যার সৃজনশীল সমাধান জাতিসংঘ তথ্য কেন্দ্র ঢাকা অফিসের মাধ্যমে জাতিসংঘ মহাসচিব ও বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ পররাষ্ট্র বিষয়ক দফতরে পাঠানো হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, উপ-মহাসচিব সাজ্জাউল করিম শাওন, মিডিয়া সেক্রেটারি মো. মিজানুর রহমান খানসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এদিকে সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপাচার্য ড. ইফতেখার উদ্দীন চৌধুরী উপস্থিত থাকবেন। এছাড়া বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, উপ-উপাচার্য ড. শিরিন আক্তার, জাতিসংঘ ঢাকা অফিসের ইনচার্জ মোহাম্মদ মনিরুজ্জামান, পিএইচপি পরিবারের চেয়ারম্যান সুফী মো. মিজানুর রহমান, ওয়েল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম।
এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতিসংঘ যুব ও তরুণ সংস্থার বাংলাদেশ প্রতিনিধি মো. মামুন মিয়া এবং চবি শিক্ষক সমিতির সভাপতি ড. আ ফ ম আওরঙ্গজেব।
কমেন্ট