
সৃজনশীল প্রশ্ন (৭০)
গদ্য ও পদ্য অংশের প্রতিটি থেকে অন্তত ২টি এবং উপন্যাস ও নাটক অংশের প্রতিটি থেকে অন্তত ১টিসহ মোট ৭টি প্রশ্নের উত্তর দাও। প্রতিটি প্রশ্নের মান ১০।
ক অংশ-গদ্য
১। নওশিনের বাবা পেশায় স্কুল শিক্ষক। ঢাকার উত্তরায় তাঁর নিজস্ব একটি দোতলা বাড়ি আছে। এ জন্য তাঁর একমাত্র মেয়ে নওশিনকে বউ করে ঘরে তুলতে অনেকের আগ্রহ। তাদের বিশ্বাস, নওশিনের বাবার দোতলা বাড়ির মালিক হবে তার হবু বর। এ লড়াইয়ে বিজয়ী হলো রাসেলের পরিবার। শ্বশুরবাড়িতে বউয়ের মর্যাদা অশেষ। একসময় তারা জানতে পারল, উত্তরার সেই বাড়ি ব্যাংকের কাছে বন্ধক রেখে বাবা মোটা অঙ্কের ঋণ করেছেন। এতে শ্বশুরবাড়িতে নওশিনের প্রতি ভালোবাসা এবং তার বাবার প্রতি শ্রদ্ধা-ভক্তির এতটুকু ঘাটতি কখনোই দেখা দেয়নি। বরং তাঁকে ঋণ থেকে মুক্তি দেওয়ার জন্য এগিয়ে আসেন নওশিনের শ্বশুর।
(ক) ‘দয়া পরতন্ত্র’—শব্দটির অর্থ কী?
(খ) ‘বাপ যদি পুরা দাম দিত তো মেয়ে পুরা যত্ন পাইত’—কথাটির ব্যাখ্যা করো।
(গ) উদ্দীপকের নওশিনের বাবার সঙ্গে ‘দেনা-পাওনা’ গল্পের নিরুপমার বাবার সাদৃশ্যপূর্ণ দিকটি ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের নওশিন ও ‘দেনা-পাওনা’ গল্পের নিরুপমাকে একসূত্রে গাঁথা যায় কি? যুক্তিসহ প্রমাণ করো।
২। চৌধুরী বাড়ির বড় মন্দির। পূজার মস্ত আয়োজনে ব্যস্ত গ্রামের সবাই। সুন্দর করে সাজানো হয়েছে মন্দির। চৌধুরী সাহেব নিজে মন্দির সাজানোর কাজের তদারকি করছেন। আশপাশের গ্রাম থেকে নিকটাত্মীয় ও পাড়া-প্রতিবেশীরাও আসছে মায়ের পূজা দিতে। পুরোহিতের কণ্ঠে মন্ত্রের উচ্চারণে পূজা শুরু হলো। পুরোহিত মন্ত্র পড়ার ফাঁকে পূজার ঘণ্টা বাজান। এমন সময় গর্জে উঠল জমিদারের কণ্ঠ। মন্দিরে পূজা দিতে এসেছে এক মুচির গৃহবধূ। চৌধুরী সাহেবের নির্দেশে তাকে গলা ধাক্কা দিয়ে বের করে দেওয়া হলো মন্দির থেকে। তারপর তিনি হুকুম দিলেন, ‘ওরে কে আছিস রে, এখানে একটু গোবরজল ছড়িয়ে দে, সব ব্যাটারাই এখন বামুন-কায়েত হতে চায়। ’ —বলে কাজের ঝোঁকে অন্য কোথাও চলে গেলেন।
(ক) মুখুজ্যে গিন্নির শ্রাদ্ধের তত্ত্বাবধান করছিলেন কে?
(খ) ‘অভাগী তাহার অভাগ্য ও শিশুপুত্র কাঙালীকে লইয়া গ্রামেই পড়িয়া রহিল’—কেন?
(গ) উদ্দীপকটি ‘অভাগীর স্বর্গ’ গল্পের কোন ঘটনার নির্দেশ করে? ব্যাখ্যা করো।
(ঘ) ‘মুচির গৃহবধূকে মন্দির থেকে বের করে দেওয়ায় তৎকালীন হিন্দু সমাজের সংকীর্ণ মনেরই পরিচয় পাওয়া যায়’—উক্তিটির সত্যতা ‘অভাগীর স্বর্গ’ গল্পের আলোকে যাচাই করো।
৩। নন্দ বাহির হতো না বাহির, কোথা কী ঘটে কি জানি,
চড়িত না গাড়ি, কি জানি কখন উল্টায় গাড়িখানি।
নৌকা ফি-সন ডুবিছে ভীষণ, রেলে কলিশন হয়,
হাঁটিলে সর্প, কুক্কুর আর গাড়ি-চাপা পড়া ভয়।
তাই শুয়ে শুয়ে কষ্টে বাঁচিয়া রহিল নন্দলাল,
সকলে বলিল, ‘ভ্যালা রে নন্দ, বেঁচে থাক চিরকাল। ’
(ক) ‘দিব্যাঙ্গনা’—শব্দের অর্থ কী?
(খ) আমাদের খাদ্যদ্রব্যগুলো সম্পর্কে লেখিকা কী বলেছেন? ব্যাখ্যা করো।
(গ) নন্দলালের বৈশিষ্ট্য ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধে যাদের কার্যক্রমকে ইঙ্গিত করে, তাদের স্বরূপ তুলে ধরো।
(ঘ) উদ্দীপকে ‘নিরীহ বাঙালি’ প্রবন্ধের উপেক্ষিত দিকটি তুলে ধরো।
৪। হজরত নুহ (আ.) ধর্ম ও ন্যায়ের পথে চলার জন্য সবার প্রতি আহ্বান জানান। এতে মাত্র চল্লিশজন মানুষ সাড়া দেন। বাকিরা সবাই তাঁর বিরোধিতা শুরু করে, নানা অত্যাচারে তাঁকে অতিষ্ঠ করে তোলে। এ অত্যাচারের মাত্রা সহনাতীত হলে তিনি একপর্যায়ে অত্যাচারীর বিরুদ্ধে আল্লাহর কাছে ফরিয়াদ জানান। আল্লাহর হুকুমে তখন এমন বন্যা হয় যে ওই চল্লিশজন বাদে সব অত্যাচারী ধ্বংস হয়ে যায়।
(ক) ‘মানুষ মুহম্মদ (সা.)’ প্রবন্ধটি লেখকের কোন গ্রন্থ থেকে নেওয়া হয়েছে?
(খ) উম্মে মা’বদ তাঁর স্বামীর কাছে মহানবী (সা.)-এর রূপের যে বর্ণনা দিয়েছিলেন, তা লেখো।
(গ) হজরত নুহ (আ.) যে দিক দিয়ে হজরত মুহাম্মদ (সা.) থেকে ভিন্ন, তা ব্যাখ্যা করো।
(ঘ) হজরত নুহ (আ.)-এর চরিত্রে কী ধরনের পরিবর্তন আনলে হজরত মুহাম্মদ (সা.)-এর একটি বিশেষ গুণ তাঁর মধ্যে ফুটে উঠত? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও।
খ অংশ - পদ্য
৫। সঙ্কোচের বিহ্বলতা নিজেরে অপমান,
সঙ্কটের কল্পনাতে হোয়ো না ম্রিয়মাণ।
মুক্ত করো ভয়, আপন মাঝে শক্তি ধরো
নিজেরে করো জয়।
দুর্বলেরে রক্ষা করো,
দুর্জনেরে হানো নিজেরে দীন
নিঃসহায় যেন কভু না জানো...
মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই
দিয়ো কঠিন পরিচয়
(ক) স্বদেশপ্রেমের অনুপ্রেরণায় হেমচন্দ্র বন্দ্যোপাধ্যায় কোন মহাকাব্য রচনা করেন?
(খ) ‘ওহে জীব, কর আকিঞ্চন’ — কেন এ কথা বলা হয়েছে?
(গ) উদ্দীপকটির অনুভব ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন দিকটির সঙ্গে সম্পর্কিত? ব্যাখ্যা করো।
(ঘ) ‘মুক্ত করো ভয়, দুরূহ কাজে নিজেরই দিয়ো কঠিন পরিচয়’—উদ্দীপক ও ‘জীবন-সঙ্গীত’ কবিতা অবলম্বনে উক্তিটি ব্যাখ্যা করো।
৬। আকাশ ভরা সূর্য-তারা,
বিশ্ব ভরা প্রাণ,
তাহারি মাঝখানে,
আমি পেয়েছি মোর স্থান
বিস্ময়ে তাই জাগে, আমার গান।
অসীমকালের যে হিল্লোলে,
জোয়ার-ভাটায় ভুবন দোলে,
নাড়ীতে মোর রক্তধারায় লেগেছে তার টান,
ঘাসে ঘাসে পা ফেলেছি,
বনের পথে যেতে,
ফুলের গন্ধে চমক লেগে,
উঠেছে মন মেতে
ছড়িয়ে আছে আনন্দেরই দান।
(ক) রবীন্দ্রনাথ ঠাকুরের ‘বনফুল’ কাব্যগ্রন্থটি তাঁর কত বছর বয়সে প্রকাশিত হয়?
(খ) ‘জীবন্ত হৃদয় মাঝে যদি স্থান পাই’—কথাটির মাধ্যমে কবি কী বোঝাতে চেয়েছেন?
(গ) উদ্দীপকটি ‘প্রাণ’ কবিতার কোন দিকটির সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকটি ‘প্রাণ’ কবিতার আংশিক ভাব মাত্র, পূর্ণরূপ নয়। যুক্তিসহকারে বুঝিয়ে লেখো।
৭। বাদশা বাবর কাঁদিয়া ফিরিছে, নিদ নাহি চোখে তার—
পুত্র তাহার হুমায়ুন বুঝি বাঁচে না এবার আর।
চারিধারে তার ঘনায়ে আসিছে মরণ-অন্ধকার...
কহিল কাঁদিয়া—‘হে দয়াল খোদা, হে রহিম রহমান,
মোর জীবনের সবচেয়ে প্রিয় আমারি আপন প্রাণ,
তাই নিয়ে প্রভু পুত্রের প্রাণ, কর মোরে প্রতিদান’
(ক) ‘পল্লী জননী’ কবিতার প্রথম চরণটি কী?
(খ) পল্লী জননীর বাড়ি ও তার চারপাশের পরিবেশ কেমন?
(গ) উদ্দীপকটিতে ‘পল্লী জননী’ কবিতার যে দিকটি প্রতিফলিত হয়েছে, তা ব্যাখ্যা করো।
(ঘ) প্রতিফলিত দিকটিই ‘পল্লী জননী’ কবিতার সামগ্রিক ভাবকে ধারণ করে কি? যুক্তিসহ প্রমাণ করো।
গ অংশ—উপন্যাস
৮। মুনীর চৌধুরীর ‘কবর’ নাটকের মুর্দা ফকির লোকটা এমনিতেই ভালো লেখাপড়া জানে। ভালো আলেম। গ্রামের স্কুলে মাস্টারি করত। তেতাল্লিশের দুর্ভিক্ষে চোখের সামনে ছেলে-মেয়ে, মা-বউকে মরতে দেখেছে। কিন্তু কাউকে কবরে যেতে দেখেনি। মুর্দাগুলো পচেছে। শকুনে খুবলে দিয়েছে। রাতের বেলায় শিয়াল এসে টেনে নিয়ে গেছে। সেই থেকে পাগল। গোরস্তান থেকে কিছুতেই নড়তে চায় না। বলে, ‘মরে গেলে কেউ যদি কবর না দেয়। মরার সময় হলে কাছাকাছি থাকব, চট করে যাতে কবরে ঢুকে পড়তে পারি। ’
(ক) আহাদ মুন্সিকে বুধা নিজের কোন নাম বলেছিল?
(খ) মুক্তিযোদ্ধা শাহাবুদ্দিন বুধাকে কোন কাজের দায়িত্ব দিয়েছিল?
(গ) উদ্দীপকটি ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকে বর্ণিত দিকটিই ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের একমাত্র দিক নয়—যুক্তিসহ বুঝিয়ে লেখো।
৯। সাতই মার্চের ভাষণ শুনে গর্জে ওঠে কলেজপড়ুয়া শওকত। ঝাঁপিয়ে পড়ে মুক্তিযুদ্ধে। তার নেতৃত্বে একের পর এক গেরিলা আক্রমণে অতিষ্ঠ পাকিস্তানি সেনারা। অপারেশন জ্যাকপটের সফল অভিযানের পর পাকিস্তানি সেনারা শওকতদের গ্রামে আক্রমণ করে। বাড়িঘর জ্বালিয়ে দেয়। আর যাকে যেখানে পেয়েছে, সেখানেই নির্মমভাবে হত্যা করে। একসময় শওকত জানতে পারে তার স্বজন হারানোর খবর। কিন্তু সে আপসহীন। তার একটাই প্রতিজ্ঞা, এ দেশের মাটি থেকে ওদের তাড়াতেই হবে।
(ক) আলীর মতে, কী খেলে বুধার মগজ ভরে?
(খ) বুধার চাচি বুধাকে ‘কামাই’ করতে বলেছিল কেন?
(গ) উদ্দীপকটির বর্ণিত কাহিনী ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের যে বিশেষ দিকটির ইঙ্গিত করে, তা ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের শওকতের মনোভাবই যেন ‘কাকতাড়ুয়া’ উপন্যাসের মূল বক্তব্য’। যুক্তিসহ প্রমাণ করো।
ঘ অংশ—নাটক
১০। স্তবক-১ : মানুষ মানুষের জন্য, জীবন জীবনের জন্য
একটু সহানুভূতি কি মানুষ পেতে পারে না?
স্তবক-২ : বলো কী তোমার ক্ষতি
জীবনের অথৈ নদী—
পার হয় তোমাকে ধরে—
দুর্বল মানুষ যদি?
(ক) ‘বহিপীর’ নাটকের দ্বিতীয় অঙ্কের প্রথম সংলাপটি কার?
(খ) ‘শাবাশ মেয়ে তুমি’—কথাটি কেন বলা হয়েছিল?
(গ) জমিদারি হারাতে বসা হাতেম আলীর কাছে বহিপীরের প্রস্তাব স্তবক-১-এর ‘সহানুভূতি’ শব্দটির রূপক হতে পারে কি? ব্যাখ্যা করো।
(ঘ) তাহেরার প্রতি হাশেমের মনোভাব স্তবক-২-এর আলোকে মূল্যায়ন করো।
১১। মা কেঁদে কয়, ‘মঞ্জুলী মোর ওই তো কচি মেয়ে
ওরই সঙ্গে বিয়ে দেবে, বয়সে ওর চেয়ে
পাঁচ গুণো সে বড়—
তাকে দেখে বাছা আমার ভয়েই জড়োসড়ো
এমন বিয়ে ঘটতে দেব নাকো। ’
বাবা বললে, ‘কান্না তোমার রাখো।
পঞ্চাননকে পাওয়া গেছে অনেক দিনের খোঁজে
জান না কী মস্ত কুলীন ও যে!
সমাজে তো উঠতে হবে,
সেটা কি কেউ ভাবে?
ওকে ছাড়লে পাত্র কোথায় পাব। ’
(ক) ‘বহিপীর’ নাটকের প্রথম সংলাপটি কার?
(খ) হাতেম আলীর মন বিষণ্ন কেন?
(গ) উদ্দীপকে ‘বহিপীর’ নাটকের কোন সামাজিক অসংগতি ফুটে উঠেছে, তা ব্যাখ্যা করো।
(ঘ) উদ্দীপকের মঞ্জুলীর বাবা কি তাহেরার বাবার সার্থক প্রতিনিধি? তোমার মতামত দাও।
বহু নির্বাচনী প্রশ্ন (৩০)
১। জীবনের উদ্দেশ্য কোনটি?
(ক) নিজের উন্নতি (খ) জীবনের উন্নতি
(গ) সমাজের উন্নতি (ঘ) ভবের উন্নতি
২। অন্ধবধূ কোনটিকে মায়ের স্নেহের মতো ভাবে?
(ক) চোখ গেলর ডাক (খ) শীতল জলের স্পর্শ
(গ) ঝরা বকুলের সুবাস (ঘ) দিঘির ঘাটে নতুন সিঁড়ির পরশ
৩। সনেটের বৈশিষ্ট্য—
i) চৌদ্দ চরণবিশিষ্ট
ii) প্রতি চরণে চৌদ্দ মাত্রা
iii) তিন পর্বের
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) ii ও iii
(গ) i ও iii (ঘ) i
৪। ‘সাহসী জননী বাংলা’ কবিতায় পথে পথে তেপান্তরে কে ঘোরে?
(ক) মুক্তিযোদ্ধা (খ) ডাকাত
(গ) বর্ণমালা (ঘ) হানাদার
৫। ‘স্বাধীনতা’ শব্দটি উচ্চারণের সঙ্গে যে বিষয়টি জড়িত—
i) ঐক্য ও প্রত্যয় ii) সংগ্রাম ও মুক্তি
iii) ত্যাগ ও গ্রহণ
নিচের কোনটি সঠিক?
(ক) i ও ii (খ) i ও iii
(গ) ii ও iii (ঘ) i, ii ও iii
৬। সব লোকে কয়, লালন কী জাত সংসারে।
লালন কয়, জাতের কী রূপ, দেখলাম না এ নজরে—
উদ্দীপকে ‘মানুষ’ কবিতার কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) মানবতাবাদ (খ) অসাম্প্র্রদায়িক চেতনা
(গ) স্বার্থপরতা (ঘ) ধর্মীয় মূল্যবোধ
৭। ‘আমার পরিচয়’ কবিতায় বাঙালিদের কোন দিকটি ফুটে উঠেছে?
(ক) স্বাধীনতার স্বাদ
(খ) আগামী প্রজন্মকে ইতিহাস জানানো
(গ) বাঙালি জাতিসত্তার পরিচয়
(ঘ) বাঙালির যুদ্ধবিগ্রহী মনোভাব
৮। ‘আমি কেনো আগন্তুক নই’ —কবিতার সাক্ষী পুকুরটি কোন দিকে অবস্থিত?
(ক) পূর্ব (খ) পশ্চিম
(গ) উত্তর (ঘ) দক্ষিণ
৯। ‘পল্লী জননী’ কবিতায় কুয়াশা কাফন ধরি কারা চলে?
(ক) কায়াকুয়ো (খ) হুতুম
(গ) বাদুড় (ঘ) জোনাকি
১০। ‘হতাশা নয়, বরং সহিষ্ণুতা ও ধৈর্যই মানুষের জীবনে চরম সাফল্য বয়ে আনে’—উদ্দীপকের এ ভাব ফুটে উঠেছে ‘জীবন-সঙ্গীত’ কবিতার কোন চরণে?
(ক) আয়ু যেন শৈবালের নীর
(খ) এ জীবন নিশার স্বপন
(গ) চিন্তা করে হইও না কাতর
(ঘ) বাহ্যদৃশ্যে ভুলো না রে মন।
১১। ‘প্রাণ’ কবিতায় কবির কোন মনোভাব ব্যক্ত হয়েছে?
i) মানবজীবনের বৈচিত্র্যের মধ্যে স্থান করে নিতে চান
ii) সৃষ্টির কুসুম ফুটিয়ে তুলে জগেক অনুভব করতে চান
iii) সৃজনলীলায় বারবার এ পৃথিবীতে ফিরে আসতে চান
নিচের কোনটি সঠিক?
(ক) i, ii ও iii (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) ii ও iii
১২। স্বাধীনতা, এ শব্দটি কিভাবে আমাদের হলো—কবিতায় ‘কালো হাত’ বলতে কী বোঝানো হয়েছে?
(ক) কালো বর্ণের হাত
(খ) বিরুদ্ধ শক্তির হস্তক্ষেপ
(গ) বঙ্গবন্ধু হত্যার পর অশুভশক্তির উত্থান
(ঘ) পাকিস্তানিদের হিংস্র ষড়যন্ত্র।
১৩। কোনটি আমরা সবাই মানি না?
(ক) যে জাতি যত নিরানন্দ, সে জাতি তত নির্জীব
(খ) সাহিত্যের মধ্যে আমাদের জাত মানুষ হবে
(গ) মনের দাবি রক্ষা না করলে মানুষের আত্মা বাঁচে না
(ঘ) পাস করা ও শিক্ষিত হওয়া এক বস্তু নয়
১৪। ‘উপেক্ষিত শক্তির উদ্বোধন’ প্রবন্ধে কী ধ্বনিত হয়েছে?
(ক) সাম্যের আহ্বান (খ) বিদ্রোহের আহ্বান
(গ) ঐক্যের আহ্বান (ঘ) লড়াইয়ের আহ্বান
১৫। কী কারণে বর্তমানে পহেলা বৈশাখের আনন্দ অনুষ্ঠানের প্রাণকেন্দ্র শহরকেন্দ্রিক হয়েছে?
(ক) সামাজিক (খ) অর্থনৈতিক
(গ) রাজনৈতিক
(ঘ) ধর্মীয়
১৬। ‘এয়ো’ শব্দের সংস্কৃত রূপ কোনটি?
(ক) অবিধবা (খ) অবিবাহ
(গ) বিধবা (ঘ) সধবা
১৭। ‘আমি রাজা নই, সম্রাট নই, মানুষের প্রভু নই’—হজরতের এ উক্তিতে কোনটি প্রকাশ পেয়েছে?
(ক) ক্ষমাশীলতা (খ) ক্ষুদ্রতার অনুভূতি
(গ) ত্যাগ (ঘ) সংযম
১৮। ‘পালা মৌ’ গল্পে লেখক কাদের প্রশংসা করেন?
(ক) কোল যুবতীদের (খ) কোল পুরুষদের সাহসিকতার
(গ) যাঁরা বৃহৎ-সূক্ষ্ম একত্রে দেখেন (ঘ) কোল বালকদের
১৯। বাঙালিদের অতিশয় সরল খাদ্য কোনটি?
(ক) পুঁইশাকের ডাঁটা (খ) রসগোল্লা
(গ) কই মাছের ঝোল (ঘ) পানতোয়া
২০। সর্বজয়ার গা-গতর ব্যথা হয়েছিল?
(ক) অসুস্থতার কারণে (খ) ক্ষার কেচে
(গ) গাইয়ের দুধ দুইতে গিয়ে (ঘ) ঘরবাড়ি ঝাঁট দিয়ে
২১। স্কুল খুললেও স্কুলে যাওয়া হবে না —এরূপ সিদ্ধান্ত নেওয়ার কারণ—
(ক) দেশের অরাজক পরিস্থিতি (খ) পাকিস্তানিদের অত্যাচার-উত্পীড়ন
(গ) সরকারি সিদ্ধান্তে অনাস্থা প্রকাশ (ঘ) রুমিকে যুদ্ধে পাঠিয়ে জামিকে স্কুলে পাঠাতে ভয় পাওয়া
২২। মমতাদির মুখ লাল হলো কেন?
(ক) স্বামীর হাতের চড় খাওয়ায়
(খ) মমতাদি রাঁধুনি কি না জানতে চাওয়ায়
(গ) খোকা তাকে বামুনদি সম্বোধন করায়
(ঘ) খোকাকে জড়িয়ে ধরে আদর করাটা মায়ের দেখে ফেলায়
২৩। ‘বর সহসা পিতৃদেবের অবাধ্য হইয়া উঠিল’ কারণ—
i) দেনা-পাওনা নিয়ে দর-কষাকষি বরের পছন্দ ছিল না
ii) আধুনিক শিক্ষার শুভ ফল বরের মধ্যে বিদ্যমান ছিল
iii) বিয়ে না করলে বর সামাজিকভাবে হেয়প্রতিপন্ন হতো
নিচের কোনটি সঠিক?
(ক) i (খ) i ও ii
(গ) i ও iii (ঘ) i, ii ও iii
২৪। নিমগাছের কচি পাতা খেলে কী হয়?
(ক) রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ে (খ) চুলকানি ভালো হয়
(গ) দাঁত ভালো থাকে (ঘ) যকৃতের উপকার হয়
২৫। ‘গূঢ়তত্ত্ব’ বলতে পীর সাহেব কী বোঝাতে চেয়েছেন?
(ক) দুর্বোধ্য বিষয় (খ) অপ্রকাশিত ঘটনা
(গ) প্রচ্ছন্ন ব্যাপার
(ঘ) একান্ত ব্যাপার
২৬। নাটকের চরিত্রগুলো কিসের ভেতর দিয়ে মুখর হয়?
(ক) কাহিনী (খ) সংলাপ
(গ) চরিত্র (ঘ) পরিবেশ
২৭। ‘আমরা কি করিয়া তাহাদের ঠেকাই। আজ না হয় কাল যাইবেই। ’ এ উক্তির মধ্য দিয়ে প্রকাশ পেয়েছে—
(ক) বাস্তবজ্ঞান (খ) কূটকৌশল
(গ) নতুন ষড়যন্ত্র (ঘ) মূল্যবোধ
২৮। বুধার পিঠাপিঠি কে?
(ক) শিলু-তালেব (খ) বিনু-বুধা
(গ) তালেব-বুধা
(ঘ) শিলু-বুধা
২৯। ‘ওর শরীর কাঁপে থরথর করে’ —কার?
(ক) বুধার (খ) কুন্তির
(গ) রানির (ঘ) ফুলকলির
৩০। বাংলা আধুনিক উপন্যাসকে জনপ্রিয় করেন কে?
(ক) সেলিনা হোসেন (খ) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়
(গ) রবীন্দ্রনাথ ঠাকুর (ঘ) শরত্চন্দ্র চট্টোপাধ্যায়
উত্তর : ১. ঘ ২. খ ৩. ক ৪. গ ৫. ঘ ৬. খ ৭. গ ৮. ক ৯. ঘ ১০. গ ১১. ক ১২. গ ১৩. গ ১৪. ক ১৫. খ ১৬. ক ১৭. খ ১৮. গ ১৯. ক ২০. খ ২১. গ ২২. খ ২৩. খ ২৪. ঘ ২৫. গ ২৬. খ ২৭. ক ২৮. খ ২৯. ক ৩০. ঘ।
কমেন্ট