কলেজ সরকারীকরণের দাবিতে ফুলবাড়ীয়ায় চলছে হরতাল

কলেজ সরকারীকরণের দাবিতে ফুলবাড়ীয়ায় চলছে হরতাল

4564 ময়মনসিংহের ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে উপজেলা সদরে আন্দোলনকারীদের ডাকে আধাবেলা হরতাল চলছে। বৃহস্পতিবার সকাল থেকে চলা এই হরতালে উপজেলা সদরের অধিকাংশ দোকানপাট বন্ধ আছে। খোঁজ নিয়ে জানা যায়, সকাল থেকেই আন্দোলনকারীরা শহরের প্রধান সড়কে আগুন জ্বালিয়ে হরতালের সমর্থনে পিকেটিং ও মিছিল করেছে। হরতাল সমর্থকরা রাস্তায় বৈদ্যুতিক খুঁটি ফেলে সড়ক অবরোধ করে যান চলাচলে বাধা সৃষ্টি করে। হরতাল চলাকালে রাস্তায় কিছু গণপরিবহন থাকলেও ব্যক্তিগত যানবাহন চলাচল করতে দেখা যায়নি। গত বছরের ২৭ নভেম্বর ফুলবাড়ীয়া কলেজ সরকারীকরণের দাবিতে পুলিশ-আন্দোলনকারীদের মধ্যে সংঘর্ষ হয়। ওই সময় কলেজের সহকারী অধ্যাপক আবুল কালাম আজাদ ও মাছ বিক্রেতা সফর উদ্দিন নিহত হন। ওই দুজন নিহত হওয়ার পর জনতা দাবি করে, পুলিশের পিটুনিতে মারা গেছেন তাঁরা। কিন্তু শুরু থেকেই পুলিশের দাবি ছিল, ‘হার্ট অ্যাটাকে’ মারা গেছেন ওই দুজন। ওই ঘটনার পর ময়মনসিংহ সার্কিট হাউসে প্রশাসন জনপ্রতিনিধি ও আন্দোলনকারীদের মধ্যে একটি সমঝোতা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই বৈঠকে আন্দোলনকারীরা কয়েকটি দাবিও উত্থাপন করে। সমঝোতা বৈঠকের পর আন্দোলন এক মাস বন্ধ ছিল। কিন্তু সেই দাবি পূরণ না হওয়ায় আজ থেকে ফের আন্দোলন শুরু করার ঘোষণা দিয়েছে আন্দোলনকারীরা। এর আগে ময়মনসিংহ-৬ ফুলবাড়ীয়া আসনের সংসদ সদস্য (এমপি) মোসলেম উদ্দিন, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রিফাত খান রাজীবসহ সাতজনের নামে শিক্ষক ও মাছ বিক্রেতাকে হত্যার অভিযোগে আদালতে একটি মামলা করা হয়েছিল। মামলায় এমপি ও ওসি ছাড়াও ফুলবাড়ীয়া থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম ও রতন, এমপি মোসলেম উদ্দিনের ছেলে ইমদাদুল হক সেলিম ও সেলিমের ভায়রা ফুলবাড়ীয়া কলেজের সাবেক অধ্যক্ষ নাসিরউদ্দিন এবং কলেজের উপাধ্যক্ষ আমজাদ হোসেনকে আসামি করা হয়েছে। মামলার বাদী হয়েছেন ফুলবাড়ীয়া কলেজের সহকারী অধ্যাপক এস এম আবুল হাসেম।
ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার পূর্ববর্তী

ঢাবি ইংরেজি বিভাগের পুনর্মিলনী শুক্রবার

এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান পরবর্তী

এসএসসি প্রস্তুতি : হিসাববিজ্ঞান

কমেন্ট