স্কুল পোড়ানোর প্রতিবাদ, তাবুর নিচে পাঠদান

স্কুল পোড়ানোর প্রতিবাদ, তাবুর নিচে পাঠদান

64 গাইবান্ধার কামারজানি ইউনিয়নে কুন্দেরপাড়াচরে ‘গণ উন্নয়ন একাডেমি’ নামের মাধ্যমিক বিদ্যালয়ে তাবু টাঙিয়ে চলছে শিক্ষার্থীদের পাঠদান। এ ছাড়া বিদ্যালয় পুড়িয়ে দেওয়ায় প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে বিদ্যালয় চত্বরে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় বিদ্যালয়ের শিক্ষার্থী-শিক্ষক, অভিভাবক ও এলাকাবাসী অংশ নেন। কামারজানি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জাকির হোসেন সালামের সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন- বিদ্যালয়ের প্রধান শিক্ষক আসাদুজ্জামান সরকার, গণ উন্নয়ন কেন্দ্র (জিইউকে) নির্বাহী প্রধান আব্দুস সালাম, উপাধ্যক্ষ জহুরুল কাইয়ুম, প্রাক্তন ইউপি চেয়ারম্যান নুরুন্নবী সরকার ছকমল প্রমুখ। বক্তারা স্কুল পুড়িয়ে দেওয়ার ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় এনে কঠোর শাস্তির দাবি জানান। এদিকে ঘটনাস্থল পরিদর্শন করেন হুইপ ও গাইবান্ধা আসনের সংসদ সদস্য মাহাবুব আরা বেগম গিনি। এ সময় তিনি বলেন, নাশকতা ও সন্ত্রাসী তৎপরতার মাধ্যমে যে সন্ত্রাসী চক্র এদেশের উন্নয়ন ও নারী শিক্ষাকে বাধাগ্রস্ত করতে চায় তারাই সুপরিকল্পিতভাবে প্রত্যন্ত চরাঞ্চলের শিক্ষার উন্নয়নে নিয়োজিত এই শিক্ষাপ্রতিষ্ঠানটিকে আগুনে ভস্মীভূত করেছে। সর্বস্তরের জনগণ ঐক্যবদ্ধভাবে নাশকতাকারি এবং মৌলবাদি এই অশুভ চক্রকে অবশ্যই দমন করবে। গণ উন্নয়ন একাডেমির প্রধান শিক্ষক আসাদুজ্জামান জানান, শনিবার স্কুলের রক্ষা পাওয়া দুটি শ্রেণিকক্ষ এবং মাঠে তাবু টানিয়ে তিনটি ক্লাস নেওয়া হয়েছে। তবে শিক্ষার্থীদের উপস্থিতি কিছুটা কম ছিল। গাইবান্ধা সদর থানার অফিসার ইনচার্জ(ওসি) এ কে এম মেহেদী হাসান জানান, এ ঘটনায় বিদ্যালয়ের প্রধান শিক্ষক বাদী হয়ে থানায় নাশকতার মামলা দায়ের করেছেন।
এসএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্র পূর্ববর্তী

এসএসসি মডেল টেস্ট : বাংলা দ্বিতীয় পত্র

প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু আজ পরবর্তী

প্রাথমিক শিক্ষা সপ্তাহ শুরু আজ

কমেন্ট