
রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (রুয়েট) ক্লাস-পরীক্ষা বর্জন করে শিক্ষকদের চলমান আন্দোলন সাময়িক স্থগিত করেছে শিক্ষক সমিতি। শনিবার দুপুরে সমিতির এক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
শিক্ষাকদের জিম্মি করে দাবি আদায় ও ফেসবুকে শিক্ষকদের নিয়ে অশালীন মন্তব্যকারীদের শাস্তির দাবিতে গত ৬ ফেব্রুয়ারি থেকে আন্দোলন করে আসছিল শিক্ষকরা।
শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক আব্দুল আলিম বলেন, রুয়েটের চলমান অচলাবস্থার প্রেক্ষিতে শিক্ষক সমিতির সভায় সাময়িকভাবে ক্লাস-পরীক্ষা বর্জন কর্মসূচি স্থগিত করা হয়েছে। পাশাপাশি তদন্ত কমিটির প্রতিবেদনের জন্য তিন সপ্তাহ সময় দেয়া হয়েছে।
উপাচার্যের সঙ্গেও দেখা করা হবে। আগামী তিন সপ্তাহের মধ্যে এ বিষয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণ না করলে আরও কঠোর কর্মসূচি ঘোষণার বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।
এর আগে গত ২৮ জানুয়ারি থেকে রুয়েটের শিক্ষার্থীরা বাধ্যতামূলক ৩৩ ক্রেডিট অর্জন পদ্ধতি বাতিলের দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলনে নামে। পরে ৪ জানুয়ারি দুপুর থেকে ৫ জানুয়ারি দুপুর পর্যন্ত ২৪ ঘণ্টা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, একাডেমিক কাউন্সিলের সদস্য ও ডিনদের অবরুদ্ধ করে রাখার পর তাদের দাবি মেনে নেয়া হয়।
এরপর ৬ জানুয়ারি থেকে শিক্ষার্থীদের এমন আচরণ, শিক্ষকদের জিম্মি করা, ফেসবুকে শিক্ষকদের নামে অশালীন মন্তব্য করার প্রতিবাদে ও জড়িতদের শাস্তির দাবিতে ক্লাস-পরীক্ষা বর্জন করে আন্দোলন করতে থাকে শিক্ষকরা। এর প্রেক্ষিতে গত ৮ ফেব্রুয়ারি রুয়েট প্রশাসন বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অফ ইনফরমেশন অ্যান্ড কম্পিউটার সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. শহীদ উজ জামানকে প্রধান করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেন। তবে শিক্ষক সমিতি তাদের দাবি আদায়ের বিষয়ে প্রশাসনকে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত আল্টিমেটাম দেয়।
কমেন্ট