ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়ায় মারধর

ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে শহীদ মিনারে ফুল দেয়ায় মারধর

BSL-BAU-loggo20170222160925 ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে ভাষা দিবসে ফুল দেয়ার কারণে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) প্রথম বর্ষের তিন শিক্ষার্থীকে শারীরিকভাবে আহত করেছে ছাত্রলীগের কর্মীরা। এ সময় আরও দুই শিক্ষার্থীকে হুমকি দেয় তারা। মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ নাজমুল আহ্সান হলে এ ঘটনা ঘটে। এ সময় তাদেরকে হল থেকে বের হয়ে যাওয়ার হুমকি দেয়া হয়। জানা যায়, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে বাকৃবি সাংবাদিক সমিতির সঙ্গে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে ফুলেল শ্রদ্ধাঞ্জালি জানায় শহীদ নাজমুল আহ্সান হলের প্রথম বর্ষের কৃষি অনুষদের মেহেদী হাসান, জাহিদ হাসান, মাৎস্য বিজ্ঞানের রাকিবুল হাসান এবং দ্বিতীয় বর্ষের ভেটেরিনারি অনুষদের শাহরিয়ার আমিন ও আরিফ হোসেন। হলের ছাত্রলীগ কর্মীদের না জানিয়ে ভাষা দিবসে ফুল দেয়ার কারণে প্রথম বর্ষের ছাত্রদের হলের গেস্ট রুমে ডেকে পাঠায় কৃষি অনুষদের শাহেদ হোসেইন। তার সহকারী হিসেবে ছিলেন কৃষি অর্থনীতি ও গ্রামীণ সমাজবিজ্ঞান অনুষদের রকিবুল হাসান হৃদয়, কৃষি অনুষেদের মো. মনির, রোকনুজ্জামান রিয়াদ, আবু নাঈম। এরা সবাই শহীদ নাজমুল আহ্সান হলের তৃতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী। এ সময় তারা ওই ছাত্রদের বাকৃবি সাংবাদিক সমিতির সঙ্গে ফুলেল শ্রদ্ধাঞ্জালি জানানোর কারণে পাঁচ মিনিটের মধ্যে হল থেকে বের হয়ে যেতে বলে। জাহিদ ও রাকিবুলকে গেস্ট রুম থেকে বের করে দিয়ে মেহেদীকে চড়-থাপ্পড় ও অকথ্য ভাষায় গালিগালাজ দেয় মাৎস্য বিজ্ঞান অনুষদের অনিক ফেরদৌস, কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের তানভির শাকিল। তার সহকারী হিসেবে ছিলেন কৃষি প্রকৌশল ও কারিগরি অনুষদের মো. ইয়াসিন ও মাশহুর আহমেদ। এরা সবাই দ্বিতীয় বর্ষের ছাত্র ও ছাত্রলীগের কর্মী। এরপর ওই হলের দ্বিতীয় বর্ষের শাহরিয়ার ও আরিফকে গেস্ট রুমে ডেকে নিয়ে হুমকি দেয় তৃতীয় বর্ষের শাহেদ ও রকিবুল। হুমকিস্বরূপ তারা বলেন, শহীদ নাজমুল আহ্সান হলে থেকে ছাত্রলীগ ব্যতিত অন্য কোন সংগঠন করা যাবে না। সাংবাদিকতায় যুক্ত হলে তোমাদের দেখে নেয়া হবে। অন্য কোনো সংগঠন করলে জীবনের ঝুঁকি নিয়ে হলে থাকতে হবে। ছাত্রলীগের সিটে থেকে অন্য সংগঠন করা যাবে না। পরে রাত সাড়ে ১০ টার দিকে জাহিদ ও রাকিবুলকে পুনরায় গেস্ট রুমে ডেকে নিয়ে চড়-থাপ্পড় দেয় ছাত্রলীগ কর্মী অনিক ও তানভির শাকিল। পরবর্তীতে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মিয়া মোহাম্মদ রুবেল দুঃখ প্রকাশ করেন ও ছাত্রলীগ কর্মীদের ঘটনাটি সমাধানের জন্য বলেন। এ বিষয়ে বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দিয়েছেন ভুক্তভোগী শিক্ষার্থীরা। হল সূত্র জানায়, হলের ওই সিনিয়র ছাত্ররা প্রথম বর্ষের নবীন ছাত্রদের নিয়মিত ঘণ্টার পর ঘণ্টা গেস্ট রুমে মানসিক নির্যাতন করে। কারণে অকারণে প্রথম বর্ষের বন্ধুদের দিয়ে একই বর্ষের ছাত্রদের মারধর করায় ছাত্রলীগের কর্মীরা। প্রথম বর্ষের ছাত্রদের দিয়ে ব্যবহারিক খাতা ও অ্যাসাইনমেন্ট লিখে নেয়ার অভিযোগ রয়েছে তাদের বিরুদ্ধে। এ বিষয়ে হল প্রভোস্ট অধ্যাপক মো. সিদ্দিকুর রহমান বলেন, বিষয়টি সম্পর্কে আমি অবহিত হয়েছি। এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. একেএম জাকির হোসেন বলেন, লিখিত অভিযোগ পেয়েছি। পরবর্তীতে বিষয়টি তদন্ত সাপেক্ষে ব্যবস্থা নেয়া হবে। একই বিষয়ে বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. মো. আলী আকবর বলেন, এরকম ঘটনা দুঃখজনক। সকল সংগঠন সৌহার্দ্যপূর্ণভাবে সহাবস্থান করে প্রতিভার বিকাশ ঘটাবে। আমি প্রক্টরের সঙ্গে এ বিষয়ে কথা বলব।
সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নির্বাচন পূর্ববর্তী

সিরাজগঞ্জে প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের নির্বাচন

সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট পরবর্তী

সুনামগঞ্জ সরকারি কলেজে শিক্ষার্থীদের ধর্মঘট

কমেন্ট