
কানাডায় যথাযোগ্য মর্যাদায় পালিত হল মহান একুশে এবং আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। তারই ধারাবাহিকতায় গত ২৫ ফেব্রুয়ারি ২০১৭ শনিবার কানাডা-বাংলাদেশ সলিডারিটির উদ্যোগে মন্ট্রিয়লের ৪১৯ সেন্টরক উইলিয়াম হিংস্টন ভবনে অনুষ্ঠিত হল পঞ্চম একুশে বইমেলা, কবিতা উৎসব এবং সাংস্কৃতিক সন্ধ্যা।
বিগত চার বছরের মতো বইমেলার ধারাবাহিকতায় এবারও উইলিয়াম হিংস্টন ভবনের মূল লবি জুড়ে কবি লেখক, সাহিত্যিক, বই প্রেমী পাঠক-শ্রোতাদের সরব উপস্থিতিতে জমজমাট হয়ে উঠে বইমেলা।
দিনব্যাপী এই বইমেলা আর সন্ধ্যার সাংস্কৃতিক উৎসব ছিল নানা আয়োজনে ভরপুর। সকাল থেকেই মেলায় অটোয়া টরেন্টো, নিউইয়র্ক ও মন্ট্রিয়লের লেখক, সাহিত্যিক ও প্রকাশনী সংস্থাসমুহ তাদের স্টল সাজিয়ে বসেন। টরেন্টোর এটিএন মেগা ষ্টোর ও নিউইয়র্কের মুক্তধারায় ছিল সবচেয়ে বেশী সংখ্যক বই।
মন্ট্রিয়ল থেকে সিবিএনএ জানায়, দুপুর দুইটায় মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বইমেলার প্রধান অতিথি আমেরিকা থেকে আগত লেখক ও সাংবাদিক হাসান ফেরদৌস। সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়া প্রধান অতিথি হাসান ফেরদৌস ও আমন্ত্রিত অতিথিরা সকলে মেলা প্রাঙ্গণে স্থাপিত হওয়া অস্থায়ী শহীদ বেদীতে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে মেলার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন টরেন্টো থেকে আগত মিডিয়া ব্যক্তিত্ব শহীদুল ইসলাম মিন্টু, নিউইয়র্ক বইমেলার প্রতিষ্ঠাতা বিশ্বজিৎ সাহা, মুক্তিযুদ্ধের গবেষক লেখক তাজুল মোহাম্মদ, মুক্তিযোদ্ধা গোলাম মহিবুর রহমান, ফ্রেঞ্চ স্কুল বোর্ড কমিশনার খোকন মনিরুজ্জামান, টরেন্টোর বই প্রতিষ্ঠান এটিএন মেগা ষ্টোরের সত্ত্বাধিকারী আনোয়ার শামসুদ্দোহা প্রমুখ।
টরেন্টো থেকে আগত চিত্রকর নূর জালালীর তত্ত্বাবধানে ত্রিশ জনেরও বেশী শিশু কিশোর চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়। দেড় ঘণ্টা ব্যাপী প্রতিযোগিতায় ক ও খ গ্রুপের খুদে চিত্রকররা কাগজে রঙ পেন্সিল দিয়ে তুলে আনে বাংলাদেশকে, বাংলাদেশের গ্রাম, ঋতু বৈচিত্র্য, শহীদ মিনার আর জাতীয় পতাকা।
ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা ইনস্টিটিউট অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য’র তত্ত্বাবধানে অনুষ্ঠিত হয় বর্ণ পরিচয় প্রতিযোগিতা। ইংরেজ ভাষী মন্ট্রিয়লে জন্ম আর বেড়ে উঠা শিশু কিশোররা অংশ গ্রহণ করে এ পর্বে। খুবই ব্যতিক্রমধর্মী পর্বটির বিচারক ছিলেন শিশির ভট্টাচার্য।
এবারের বইমেলা উৎসর্গ করা হয় সদ্য প্রয়াত সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হক এর প্রতি। মঞ্চের নামকরণও করা হয় এই কবির নামে।
সন্ধ্যা সাত টায় মূল মঞ্চে কানাডা-বাংলাদেশ সলিডারিটির সভাপতি জিয়াউল হক জিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত হয় একুশে সেমিনার। তথ্যবহুল ও প্রাঞ্জল সেমিনারের মূল প্রবন্ধ পাঠ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের আধুনিক ভাষা বিজ্ঞান ইনস্টিটিউট এর অধ্যাপক ড. শিশির ভট্টাচার্য। সেমিনারে আলোচনায় অংশ নেন লেখক হাসান ফেরদৌস, লেখক তাজুল মোহাম্মদ, সাংবাদিক শহীদুল ইসলাম, অধ্যাপক আবু হোসেন জয়, ভিএজিবি সভাপতি শাহ মোস্তাইন বিল্লাহ, সিবিএস উপদেষ্টা খান সাইফুদ্দিন ও মুক্তিযোদ্ধা গোলাম মুহিবুর রহমান।
প্রতিবারের মতো এবারও বইমেলা থেকে একুশে সম্মাননা প্রদান করা হয়। এবারের একুশে সম্মাননা পদক দেয়া হয় মন্ট্রিয়ল প্রবাসী লেখক তাজুল মোহাম্মদকে এবং হাসান ফেরদৌসকে সিবিএস সম্মাননা স্মারক প্রদান করে। এই স্মারকটি তার হাতে তুলে দেন সাংবাদিক শহিদুল ইসলাম মিন্টু।
কমেন্ট