
ইসলামি বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম দলীয় কর্মীদের হাতে লাঞ্ছিত হয়েছেন বলে অভিযোগ পাওয়া গেছে। বুধবার বেলা সাড়ে ১১টার দিকে বিশ্ববিদ্যালয়ের মীর মশাররফ হোসেন একাডেমিক ভবনের দ্বিতীয় তলায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সম্প্রতি অর্থনীতি বিভাগের সিনিয়র শিক্ষার্থী শাওনের সঙ্গে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের রাফসান খারাপ আচরণ করেন। ঘটনাটি মিটানোর জন্য আব্দুর রহিম তার বন্ধু শাওনকে নিয়ে রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যায়। সেখানে রাষ্ট্রবিজ্ঞান বিভাগের শাহীন, রকি, রাফসানসহ ৭-৮ জনের সঙ্গে কথা বলেন। কথা বলার এক পর্যায়ে রকি উত্তেজিত হয়ে আব্দুর রহিমকে কয়েকটি ঘুষি মেরে দৌড়ে পালিয়ে যায়।
জানা যায়, রকি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক অমিত কুমার দাসের কর্মী। রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৫-১৬ শিক্ষাবর্ষের রাফসান, রকি, শাহিন, হাফিজ, বনি আমিনসহ ওই বিভাগের বেশ কয়েকজনের বিরুদ্ধে এর আগেও বিভিন্ন সময় বিশ্ববিদ্যালয়ে অরাজক পরিস্থিতি সৃষ্টির অভিযোগ রয়েছে।
এদিকে ওই দিন দুপুর দেড়টার দিকে বিশ্ববিদ্যালয়ের অনুষদ ভবনের নিচ তলায় রকিকে আব্দুর রহিম গ্রুপের কর্মীরা মারধর করেছে বলে জানা গেছে।
এ বিষয়ে ছাত্রলীগের মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুর রহিম জাগো নিউজকে বলেন, পূর্বের ঘটনাটি মিটিয়ে ফেলতেই আমি রাষ্ট্রবিজ্ঞান বিভাগে যাই। সেখানে দলীয় জুনিয়র কর্মীদের দ্বারা লাঞ্ছিত হয়েছি।
কমেন্ট