
ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন কলেজের শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলায় অংশগ্রহণ ও লোগো ব্যবহার নিয়ে বিতর্কের জেরে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রাস্তা অবরোধ ও গাড়ি ভাঙচুর করেছে। সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক একটি অনলাইন পোর্টালে “অধিভূক্ত কলেজের শিক্ষার্থীরাও বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলায় অংশ নিতে পারবেন” এমন মন্তব্য দিলে এই বিতর্কের সৃষ্টি হয়।
গতকাল শনিবার রাত ৮টার দিকে বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে অবস্থান নিয়ে তারা এ ভাঙচুর চালায়। এসময় শিক্ষার্থীরা দু’টি গাড়ি ভাঙচুর করে এবং ৩০ মিনিটের মতো সড়ক অবরোধ করে রাখে। পরিস্থিতি বেগতিক দেখে নীলক্ষেতসহ বিশ্ববিদ্যালয়ের কয়েকটি প্রবেশপথে ব্যারিকেড দিয়ে যানবাহন প্রবেশ বন্ধ রাখে পুলিশ। পরবর্তীতে ছাত্রলীগের কেন্দ্র ও বিশ্ববিদ্যালয়ের শীর্ষ নেতারা ঘটনাস্থলে আসেন এবং একাত্মতা ঘোষণা করেন। কিছুক্ষণ পর বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী ঘটনাস্থলে এসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে কথা বললে অবরোধ স্থগিত করা হয়।
বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলায় অংশগ্রহণের বিষয়ে শারীরিক শিক্ষাকেন্দ্রের পরিচালক শওকতুর রহমান বলেন, ‘আমি একটি অনলাইন পোর্টালে বলেছিলাম, অনুমতিসাপেক্ষে অধিভুক্ত কলেজের শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে পারবে। তবে সেই বক্তব্য আমি প্রত্যাহার করে নিচ্ছি।” ভারপ্রাপ্ত প্রক্টর অধ্যাপক ড. এম আমজাদ আলী বলেন, অধিভুক্ত কলেজসমূহ বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে পারবে না এবং বিশ্ববিদ্যালয়ের লোগোও ব্যবহার করতে পারবে না। এছাড়া অধিভূক্ত কলেজসমূহের আলাদা সমাবর্তনের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল আলোচনা করে সিদ্ধান্ত গ্রহণ করবে। উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত কলেজগুলো আগেও বিশ্ববিদ্যালয়ের হয়ে খেলতে পারতো না এবং এখনও খেলতে পারবে না।
কমেন্ট