এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

এইচএসসি মডেল টেস্ট : ব্যবসায় সংগঠন ও ব্যবস্থাপনা প্রথম পত্র

025057hsc_kalerkantho_pic উদ্দীপকগুলো পড়ে যেকোনো ৭টি প্রশ্নের উত্তর দাও : প্রতিটি প্রশ্নের মান ১০ ১। জনাব ইমতিয়াজ থাইল্যান্ড থেকে কৌটাজাত খাদ্যসামগ্রী কিনে আনেন। এরপর নিজস্ব পরিবহনে দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করেন। এতে তিনি বেশ লাভবান হচ্ছেন। কিন্তু খাদ্যসামগ্রী নৌপথে আনার কারণে বিভিন্ন বিপদ নিয়ে তিনি আশঙ্কা করেন। এ অবস্থায় তিনি তাঁর বন্ধুর পরামর্শে নিকটস্থ একটি প্রতিষ্ঠানের শরণাপন্ন হন। এখন তিনি ব্যবসায় পরিচালনায় সম্ভাব্য বিপদের ব্যাপারে আশঙ্কামুক্ত। ক) নিষ্কাশন শিল্প কী? খ) সামাজিক ব্যবসায় কী? ব্যাখ্যা করো। গ) জনাব ইমতিয়াজ কোন ধরনের বাণিজ্যের সঙ্গে সম্পৃক্ত? ব্যাখ্যা করো। ঘ) বাণিজ্যের কোন কাজ জনাব ইমতিয়াজের দুশ্চিন্তা দূরীকরণে সহায়তা করেছে? উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো। ২। জনাব রাকিব টাঙ্গাইলে একটি জামদানি শাড়ি তৈরির কারখানা স্থাপন করেছেন। সেখানে শাড়ি তৈরির জন্য পর্যাপ্ত কাঁচামাল ও দক্ষ শ্রমিক প্রাপ্তি তাঁর ব্যবসায়ের জন্য বেশ সহায়ক ভূমিকা পালন করেছে। জামদানি শাড়ির বহির্বিশ্বেও বেশ চাহিদা থাকায় তিনি শাড়ি রপ্তানির কাজে বেশ আগ্রহী। কিন্তু সরকারি শিল্পনীতি, অপর্যাপ্ত অর্থ তহবিল, আধুনিক প্রযুক্তি সম্পর্কিত জ্ঞানের অভাবে তিনি রপ্তানি কাজে বাধাগ্রস্ত হচ্ছেন। ক) বিলোপ সাধন কী? খ) শিল্পায়নে ব্যবসায় পরিবেশের ভূমিকা ব্যাখ্যা করো। গ) জনাব রাকিবের ব্যবসায় স্থাপনে পরিবেশের কোন উপাদান প্রভাব বিস্তার করছে? ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকের জনাব রাকিবের ব্যবসায় পরিবেশের কারণে ক্ষতিগ্রস্ত হচ্ছে—তুমি কি উক্তিটির সঙ্গে একমত? উত্তরের পক্ষে যুক্তি দাও। ৩। জনাব রিয়াজ, লিমন ও রাজীব পারস্পরিক সমঝোতার ভিত্তিতে একটি রেস্টুরেন্ট স্থাপন করেছেন। জনাব রিয়াজ সর্বসম্মতিক্রমে ব্যবসায় পরিচালনা বাবদ মাসে ৩০০০০ টাকা করে বেতন নিচ্ছেন। তিনি ব্যবসায়ে মূলধন আনয়ন করেন না। সম্প্রতি তাঁরা ব্যবসায়টি সম্প্রসারণের জন্য তাঁদের অপর এক বন্ধু রোমানের নিকট থেকে ২,০০,০০০ টাকা ঋণ নেন। তাঁদের ব্যবসাটি সফলভাবে পরিচালিত হচ্ছিল, কিন্তু হঠাৎ পাশে আরেকটি রেস্টুরেন্ট হওয়ায় তাঁরা ইদানীং বেশ ক্ষতির সম্মুখীন হচ্ছেন। এ অবস্থায় তাঁদের বন্ধু রোমান তাঁর টাকা ফেরত চাইলে তাঁরা অপারগতা প্রকাশ করেন। তাই রোমান তাঁর পাওনা আদায়ে আদালতের শরণাপন্ন হন এবং মামলা করেন। ক) অংশীদারি ব্যবসায় কী? খ) নাবালক অংশীদারের অধিকারগুলো লেখো। গ) রিয়াজ কোন ধরনের অংশীদার? ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকের পরিস্থিতিতে জনাব রোমানের আদালতে মামলা করার যৌক্তিকতা বিশ্লেষণ করো। ৪। জনাব শামীম এম এ পাস করার পর চাকরি না পেয়ে ৫০,০০০ টাকা পুঁজি নিয়ে তাঁর নিজস্ব এলাকায় একটি মুদির দোকান স্থাপন করেন। স্থানীয় এলাকায় সব ভোক্তার সঙ্গে তাঁর সম্পর্ক ভালো থাকায় এবং তাদের চাহিদা ও রুচি সম্পর্কে তাঁর ভালো ধারণা থাকায় তাঁর দোকানে ক্রেতার সমাগম ভালো হয়। তবে পর্যাপ্ত মূলধনের অভাবে তিনি ক্রেতার চাহিদামাফিক সব পণ্য দোকানে রাখতে পারেন না বলে প্রায়ই তাঁকে ভোক্তাদের ফিরিয়ে দিতে হয়। এতে তাঁর ব্যবসায়িক সুনাম নষ্ট হচ্ছে। ক) অসীম দায় কী? খ) ‘চুক্তিই অংশীদারি ব্যবসায়ের ভিত্তি’—ব্যাখ্যা করো। গ) উদ্দীপকের শামীম একমালিকানা ব্যবসায়ের কোন বৈশিষ্ট্যের কারণে ভোক্তাদের আকৃষ্ট করতে পেরেছিলেন? ব্যাখ্যা করো। ঘ) জনাব শামীমের ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করতে একমালিকানা ব্যবসায়ের কোন অসুবিধা দায়ী? ব্যাখ্যা করো। ৫। কর্ণফুলী কম্পানি লিমিটেডের ব্যবসায় সম্প্রসারণের জন্য অর্থের প্রয়োজন। এই অর্থ সংগ্রহের জন্য পুরনো শেয়ারহোল্ডারদের অগ্রাধিকার দেওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এভাবে দুই কোটি টাকা মূলধন সংগ্রহের কথা ভাবছে কম্পানি। এ ছাড়া এই বছর ভালো মুনাফা হওয়া সত্ত্বেও ব্যবসায় সম্প্রসারণের স্বার্থে পরিচালনা পর্ষদ সিদ্ধান্ত নেয় নগদ লভ্যাংশ বণ্টন না করে বিকল্প উপায়ের আশ্রয় নিতে। ক) অবলেখক কী? খ) ন্যূনতম মূলধন সংগ্রহের কারণগুলো লেখো। গ) উদ্দীপকে উল্লিখিত কম্পানি কোন ধরনের শেয়ার ইস্যু করে অর্থ সংগ্রহ করতে চায়? ব্যাখ্যা করো। ঘ) পরিচালনা পর্ষদের দ্বিতীয় সিদ্ধান্তের যৌক্তিকতা মূল্যায়ন করো। ৬। ভোলার চরফ্যাশনে জেলেরা মহাজনের জ্বালায় অতিষ্ঠ। তারা মাছের ন্যায্য মূল্য পাচ্ছে না। কতিপয় জেলে একত্রিত হয়ে মাছ সংগ্রহ করে ঢাকায় নিয়ে বিক্রি করে প্রচুর মুনাফা অর্জন করে এবং ন্যায্য মূল্যে মাছ ধরার সরঞ্জাম ক্রয় করে নিজেদের মধ্যে বণ্টন করে নেয়। এখন তারা ভাবছে ঋণের সমস্যা সমাধানের জন্য কোনো সমিতি গঠন করে তার থেকে ঋণ নেবে। ক) সমবায় উপবিধি কী? খ) ‘দশে মিলে করি কাজ’—এটি সমবায়ের কোন নীতিকে নির্দেশ করে? গ) উদ্দীপকে চরফ্যাশনে জেলেরা কোন ধরনের সমবায় সমিতি গঠন করে? ব্যাখ্যা করো। ঘ) উদ্দীপকে জেলেরা ঋণের সমস্যা সমাধানের জন্য কোন সমিতি গঠন করতে পারে? এর পক্ষে তোমার যুক্তি দাও। ৭। দেশের জনগণের জন্য নিরাপদ, বিশ্বস্ত ও সময়সাশ্রয়ী পরিবহন সেবা প্রদান করার লক্ষ্যে সরকার একটি প্রতিষ্ঠান গড়ে তোলে। প্রতিষ্ঠানটি প্রতিবছর বিভিন্ন ধরনের অব্যবস্থাপনার কারণে লোকসান দিতে থাকে। লোকসান কমানোর জন্য সরকার বিকল্প কিছুর কথা চিন্তা করছে এবং সেবার মানোন্নয়নের জন্য চেষ্টা করে যাচ্ছে। ক) BCIC-এর পূর্ণ রূপ কী? খ) একচেটিয়া ব্যবসায় রোধে রাষ্ট্রীয় ব্যবসায়ের ভূমিকা ব্যাখ্যা করো। গ) উদ্দীপকে উল্লিখিত প্রতিষ্ঠানটি কোন ধরনের? ব্যাখ্যা করো। ঘ) দেশের অর্থনৈতিক উন্নয়নে ওই প্রতিষ্ঠানের ভূমিকা মূল্যায়ন করো। ৮। বনলতা ফুড লিমিটেড নির্দিষ্ট চিহ্ন ব্যবহার করে তাদের উৎপাদিত খাদ্যসামগ্রী বাজারজাত করে। চিহ্নটি এককভাবে পরিচিতির জন্য তারা আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে। ইতিমধ্যে তারা বাংলাদেশের একটি প্রতিষ্ঠান থেকে পণ্যের গুণগত মান সম্পর্কিত সনদও সংগ্রহ করেছে। ক) শিল্প ও বণিক সমিতি কী? খ) ঝুঁকির বিপক্ষে আর্থিক প্রতিরক্ষাব্যবস্থা কী? ব্যাখ্যা করো। গ) বনলতা ফুড লিমিটেড কোন আইনগত ব্যবস্থা গ্রহণ করেছে? ব্যাখ্যা করো। ঘ) বনলতা ফুড লিমিটেড যে সংস্থা থেকে গুণগত মান সম্পর্কিত সনদ সংগ্রহ করেছে তার ভূমিকা মূল্যায়ন করো। ৯। মাহী স্থানীয় প্রশিক্ষণকেন্দ্র থেকে হস্তশিল্পের প্রশিক্ষণ গ্রহণ করে ওই সংস্থার শিল্পনগরীতে হস্তশিল্প কারখানা স্থাপন করে। শুধু শুরুতেই নয়, ব্যবসায়ের বিভিন্ন পর্যায়েও ওই সংস্থা সাহায্য করছে। সরকারি একটি সংস্থার সহযোগিতার ফলে সে তার উৎপাদিত পণ্য বিদেশে রপ্তানির আশা রাখে। ক) BIMSTEC-এর পূর্ণ রূপ লেখো। খ) বিশ্ববাণিজ্য সংস্থার কাজগুলো লেখো। গ) উদ্দীপকে মাহীর কারখানা স্থাপনে কোন সহায়ক সেবা ভূমিকা রেখেছে? তা ব্যাখ্যা করো। ঘ) সরকারি কোন সংস্থা মাহীর পণ্য বিদেশে রপ্তানিতে ভূমিকা রাখবে বলে তুমি মনে করো। মতামত দাও। ১০। হিমাচল পরিবহন লিমিটেড ডিজিটাল ব্যবস্থায় তাদের টিকিট বিক্রয় করে। গ্রাহকরা ঘরে বসে শিডিউল ও আসন সম্পর্কে জানতে পারে এবং টিকিট বুকিং ও ফেরত প্রদান করতে পারে। তথ্য ও যোগাযোগ প্রযুক্তির সুবাদে ব্যবসায় কার্যক্রম এক নতুন রূপ লাভ করেছে। ক) ডেবিট কার্ড কী? খ) ই-রিটেইলিং বলতে কী বোঝো? গ) উদ্দীপকে হিমাচল পরিবহন লিমিটেডের প্রদত্ত সুবিধা তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ভাষায় কোন ধরনের ব্যবসায়? ব্যাখ্যা করো। ঘ) তথ্য ও যোগাযোগ প্রযুক্তি ব্যবসায়ে গতি ও সামর্থ্যকে বহুগুণ বৃদ্ধি করেছে। তুমি কি একমত? মতামত দাও। ১১। হাসান একজন পাইকারি ব্যবসায়ী। গত রমজানের দুই মাস আগে পেঁয়াজ আমদানি করলেও তা যথাসময়ে বাজারে সরবরাহ করেনি। ফলে মূল্য বেড়ে যাওয়ায় হাসান প্রচুর মুনাফা অর্জন করে। ক) CRS কী? খ) ব্যবসায়িক নৈতিকতা সম্পর্কিত সাম্প্রতিক বিষয়গুলো লেখো। গ) উদ্দীপকে হাসান যথাসময়ে পণ্য বাজারে সরবরাহ না করে কাদের প্রতি দায়িত্ব পালন করেনি? ব্যাখ্যা করো। ঘ) তুমি কি হাসানের কর্মকাণ্ড সমর্থন করো? উত্তরের সপক্ষে যুক্তি দাও।
উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ শুরু পূর্ববর্তী

উপজেলা পর্যায়ে সৃজনশীল মেধা অন্বেষণ শুরু

জালিয়াতির অভিযোগে কুয়েট শিক্ষার্থী বহিষ্কার পরবর্তী

জালিয়াতির অভিযোগে কুয়েট শিক্ষার্থী বহিষ্কার

কমেন্ট