
নীলফামারীর জলঢাকায় বৃহস্পতিবার স্কুলের জমি দাবি করে তা উদ্ধারে বিক্ষোভ ও ইউএনও অফিস ঘেরাও করে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থীসহ শিক্ষকরা। তবে স্কুল কর্তৃপক্ষ জমির মালিকানার কোন কাগজপত্র দেখাতে পারেনি।
কর্মসূচিতে অংশ নেওয়া শিক্ষকরা জানান, ১৯৬৮ সাল হতে জলঢাকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের জমি যার দাগ নম্বর ১০৪০ জমি ১৪ শতাংশ বিদ্যালয়ের দখলে ছিল। বর্তমানে জমিটি দখল করে পাশ্ববর্তী আতিকুজ্জামান বাবু ও মশিউর রহমান।
ওই স্কুলের শিক্ষার্থী শাপলা আক্তার, আরজু মনি, সোনালী ও আরিফা আক্তার জানায়, স্যারেরা বলেছেন, আমাদের স্কুলের জায়গা দখল করে নেওয়া হচ্ছে তাই আমরা আজ বিক্ষোভে অংশ নেই। স্কুলের জমিটি উদ্ধার না হলে আমাদের স্কুলে যাতায়াতের অসুবিধা হবে।
শিক্ষিকা লিজা আক্তার ও নির্মলা রাণী জানান, ওই জমিটি এক সময় পুকুর ছিল। তারপর, স্কুলের টাকায় তা ভরাট করা হয়। যদি তাদেরই সম্পত্তি হয় তাহলে এতদিনে তারা দখলে নেননি কেন?
এ বিষয়ে ক্রয় সুত্রে জমির মালিক আতিকুজ্জামান বাবু বলেন, বর্তমানে জমিটি ব্যাংকের নিকট দায়বদ্ধ আছে। যদি কাগজে গড়মিল থাকতো তাহলে ব্যাংক কর্তৃপক্ষ আমাদের ঋণ দিতেন না।
এ বিষয়ে প্রধান শিক্ষকের নিকট বৈধ কাগজপত্র দেখতে চাইলে তিনি দেখাতে পারেন নি। উল্টো বলেন, আমি অসহায়।
স্কুল কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী অফিসার মুহ. রাশেদুল হক প্রধান জানান, তিন মাস ধরে স্কুলের জমির কাগজ প্রতিষ্ঠান প্রধানের নিকট চাইলেও তিনি দেখাতে ব্যর্থ হন। তারপরেও আজকে আমি নির্মাণ কাজ বন্ধ রাখার নির্দেশ দিয়েছি।
কমেন্ট