এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

এইচএসসি মডেল টেস্ট : বাংলা প্রথম পত্র

index মান : ৭০ [দ্রষ্টব্য : প্রদত্ত উদ্দীপকগুলো মনোযোগ দিয়ে পড়ো এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও। ক বিভাগ থেকে দুটি, খ বিভাগ থেকে দুটি, গ বিভাগ থেকে একটি এবং ঘ বিভাগ থেকে একটি করে সর্বমোট সাতটি প্রশ্নের উত্তর দিতে হবে। একই প্রশ্নের উত্তরে সাধু ও চলিত ভাষারীতির মিশ্রণ দূষণীয়। ] ক বিভাগ-(গদ্য) ১। মতিন চৌধুরীর বাড়ির কাজের লোক মতি। অনেক দরকষাকষি করে চৌধুরী সাহেব তাকে এ বাড়িতে কাজ দেন। পেটের দায়ে মতিও প্রায় নামমাত্র পারিশ্রমিকে কাজ নেয় সেখানে। কেননা দুদিন ধরে তার গোটা পরিবার উপোস করছে। না খেতে পেয়ে দুধের শিশুটা আগেই মারা গেছে। এত কিছু জেনেও মতিন চৌধুরীর মনে মতির জন্য কোনো সহানুভূতি জাগেনি। অথচ তাঁর গ্রামের এমপি সাহেবের সামান্য অসুস্থতার কথা শুনেই চৌধুরী সাহেবের আর হুঁশ থাকে না। সঙ্গে সঙ্গে তাঁর কাছে ছুটে যান, ডাক্তার ডাকেন, ওষুধ আনেন এবং তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়েন। চৌধুরী সাহেব চলে গেলে মতি ভাবে, নীতির কথা ভাবলে তার আর চলবে না। দুনিয়াটা বড়ই কঠিন। এখানে বেঁচে থাকতে হলে তার অধিকার তাকেই আদায় করতে হবে। ফলে চৌধুরী সাহেবের অনুপস্থিতিতে তার আলমারি থেকে কিছু গহনা ও টাকা নিয়ে অজানার পথে পাড়ি জমায় মতি ও তার পরিবার। (ক) বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন পত্রিকার সম্পাদক ছিলেন? ১ (খ) ‘পরোপকারই পরম ধর্ম’—উক্তিটি ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকের মতিন চৌধুরীর এমপি সাহেব-সংক্রান্ত ঘটনাটি ‘বিড়াল’ প্রবন্ধের কোন ঘটনার সঙ্গে সাদৃশ্যপূর্ণ? আলোচনা করো। ৩ (ঘ) ‘ধনীর দোষেই দরিদ্র চোর হয়’—উদ্দীপক ও ‘বিড়াল’ প্রবন্ধের আলোকে মন্তব্যটির যথার্থতা বিচার করো। ৪ ২। মেহেরপুর গ্রামের প্রত্যন্ত অঞ্চলের বাসিন্দা রাবেয়া। কয়েক বছর আগেও চরম দারিদ্র্যের সঙ্গে সংগ্রাম করে বাঁচতে হতো তাদের। বর্ষার মৌসুমে অভাব যখন তীব্র ছিল, তখন তার মা সন্তানদের বাঁচিয়ে রাখতে আলু, কচু, লাউ, কুমড়া সিদ্ধ করে খাওয়াতেন। একদিন পুরনো কাপড়চোপড়ের মধ্যে সে খুব সুন্দর বাহারি ডিজাইনের সূক্ষ্ম সুতার কাজের একটি টুপি দেখতে পায়। মায়ের কাছে জানতে পারে টুপিটি তার নানির তৈরি। নানির কাছ থেকে সে খুব আগ্রহ নিয়েই এই শিল্পকর্ম শিখে নেয়। সাহস করে এগিয়ে আসে তার মা। বর্তমানে তাদের হাতে তৈরি টুপি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশেও রপ্তানি হয়। মা-বাবা, ভাই-বোন নিয়ে অনেকটা সচ্ছল জীবন যাপন করে রাবেয়া। (ক) ‘সুলতানার স্বপ্ন’ কী জাতীয় রচনা? ১ (খ) ‘ধান ভানতে শিবের গান’—প্রবাদটি ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের আলোকে ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকে রাবেয়াদের পরিবারের আগের অবস্থা ‘চাষার দুক্ষু’ প্রবন্ধের কোন অংশকে স্মরণ করিয়ে দেয়? আলোচনা করো। ৩ (ঘ) ‘নারী শিল্পগুলোর পুনরুদ্ধার হলে চাষার দুক্ষু ঘুচবে’—মন্তব্যটির যথার্থতা উদ্দীপক ও প্রবন্ধের আলোকে আলোচনা করো। ৪ ৩। জাপানি বিজ্ঞানী মি. এমিল জোলা তাঁর ল্যাবরেটরিতে প্রায় ২০ বছর পরিশ্রম ও সফল গবেষণার পর যে রোবটটি তৈরি করেছেন, তার নাম দেন রাশা। রাশা স্বয়ংক্রিয় এবং সে কতগুলো বিশেষ গুণসম্পন্ন। সে তার চোখ দিয়ে সব প্রাণীর মস্তিষ্ক ও মনের জগৎ দেখতে পায়। অর্থাৎ রোবটটি মানুষসহ সব প্রাণীর চিন্তার জগিট নির্ভুল ব্যাখ্যা করতে পারে। সে তার অনুভূতি, আবেগ ও ভালোবাসা প্রকাশ করতে পারে। মি. জোলা দেখলেন কিছুদিন যেতে না যেতেই রাশা বিষণ্ন হয়ে পড়েছে। মি. জোলা কারণ জানতে চাইলে রাশা বলে, ‘মি. জোলা আমি খুবই লজ্জিত ও ব্যথিত। আমি পৃথিবীর সব প্রজাতির প্রাণীর মনোজগৎ প্রত্যক্ষ করে বুঝতে পেরেছি যে তোমরা মানুষেরা অন্য সব প্রাণীর চেয়ে নিষ্ঠুর ও মিথ্যাবাদী। আমার ধারণা, তোমরা এই সুন্দর পৃথিবীকে একদিন ধ্বংস করে ফেলবে। ’ (ক) মুহম্মদ জাফর ইকবাল কত সালে বাংলা একাডেমি পুরস্কার পান? ১ (খ) ‘এই ভিন্ন ভিন্ন প্রজাতির মাঝে আসলে মৌলিক কোনো পার্থক্য নেই। ’ উক্তিটি ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকে বর্ণিত রাশার চিন্তাচেতনার সঙ্গে ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে কাদের সাদৃশ্য পাওয়া যায়। কেন? আলোচনা করো। ৩ (ঘ) উদ্দীপকে ও ‘মহাজাগতিক কিউরেটর’ গল্পে মানব সভ্যতা ধ্বংসের পেছনে একই কারণকে দায়ী করা হয়েছে। আলোচনা করো। ৪ ৪। বাংলার বর্ষা। চারদিকে থৈ থৈ পানি। ভিটাগুলো ছাড়া সমস্ত গ্রাম পানির নিচে। রতন মাঝি দেশপ্রীতিতে বিশ্বস্ত। খান সেনারা যখন অপারেশনে যায়, তখন রতন মাঝির নৌকা বেয়ে যায়। নদীর ওপারে মুক্তিবাহিনী আস্তানা গেড়েছে। সেটা গুঁড়িয়ে দিতে হবে। খান সেনারা প্রস্তুত। মুক্তিবাহিনীও প্রস্তুত। অপারেশন হবে আজ রাতেই। রতন মাঝির ডাক পড়ল। ভরা জোয়ারের নদী। মাঝ নদীতে নৌকা, অস্ত্র আর খান সেনারা। সাঁতরে কূলে উঠল মাঝি। ক্লান্ত মুখে তার বিজয়ী হাসি। (ক) ‘বর্ষাকালই তো জুত’—কথাটি কে বলেছিল? ১ (খ) ‘দেশে একটা কলেজে আর শহীদ মিনার অক্ষত নাই। ’ কেন? ২ (গ) ‘রাশিয়ায় ছিল জেনারেল উইন্টার, আমাদের জেনারেল মুনসুন’—উক্তিটি উদ্দীপক ও রেইনকোট গল্পের আলোকে আলোচনা করো। ৩ (ঘ) ‘মুক্তিযোদ্ধাদের গেরিলা তৎপরতাই পাকিস্তানি সেনাদের মেরুদণ্ডে বড় ধরনের প্রত্যাঘাত হেনেছিল। ’ কথাটির সত্যতা নিরূপণ করো। ৪ খ বিভাগ-(পদ্য) ৫। আজ খুব ভোরে বিছানায় শুয়ে শুয়ে শুনছিলুম, ঘাটে মেয়েরা উলু দিচ্ছে। শুনে মনটা কেমন ঈষৎ বিকল হয়ে গেল, অথচ তার কারণ ভেবে পাওয়া শক্ত। বোধ হয় এই রকমের একটা আনন্দ ধ্বনিতে হঠাৎ অনুভব করা যায় পৃথিবীতে একটা বৃহৎ কর্মপ্রবাহ চলছে, যার বেশির ভাগের সঙ্গেই আমার যোগ নেই। পৃথিবীর বেশির ভাগ মানুষ আমার কেউ নয়। অথচ তাদের কত কাজকর্ম, সুখ-দুঃখ, উৎসব-আনন্দ চলছে। কী বৃহৎ পৃথিবী। কী বিপুল মানবসংসার। কত সুদূর থেকে জীবনের ধ্বনি প্রবাহিত হয়ে আসে—সম্পূর্ণ অপরিচিত ঘরের একটুখানি বার্তা পাওয়া যায়। মানুষ যখন বুঝতে পারে ‘আমার কাছে আমি যত বড়ই হই, আমাকে দিয়ে সমস্ত বিশ্ব পরিপূর্ণ করতে পারিনে, অধিকাংশ জগৎই আমার অজ্ঞাত, অজ্ঞেয়, অনাত্মীয়, আমাহীন’—তখন এই প্রকাণ্ড ঢিলে জগতের মধ্যে আপনাকে অত্যন্ত খাটো ও একরকম পরিত্যক্ত এবং প্রান্তবর্তী বলে মনে হয়। [তথ্যসূত্র : ছিন্নপত্র; রবীন্দ্রনাথ ঠাকুর] (ক) ‘ঐকতান’ কবিতাটি প্রথম কোন পত্রিকায় প্রকাশিত হয়? ১ (খ) কবি সর্বত্র প্রবেশের দ্বার পান না কেন? ২ (গ) ‘এই স্বর সাধনায় পৌঁছিল না বহুতর ডাক, রয়ে গেছে ফাঁক’—উক্তিটি উদ্দীপক ও কবিতার আলোকে আলোচনা করো। ৩ (ঘ) “উদ্দীপক ও ‘ঐকতান’ কবিতা যেন স্থিতপ্রজ্ঞ রবীন্দ্রনাথের আত্মসমালোচনা” মন্তব্যটির স্বরূপ বিশ্লেষণ করো। ৪ ৬। এখানে প্রাণের স্রোত আসে যায়—সন্ধ্যায় ঘুমায় নীরবে মাটির ভিটের ‘পরে লেগে থাকে অন্ধকারে ধুলার আঘ্রাণ তাহাদের চোখে-মুখে-কদমের ডালে পেঁচা গেয়ে যায় গান মনে হয় একদিন পৃথিবীতে হয়তো এ জ্যোত্স্না শুধু রবে এই শীত র’বে শুধু, রাত্রি ভ’রে এই লক্ষ্মীপেঁচা কথা ক’বে কাঁঠালের ডাল থেকে হিজলের ডালে গিয়ে করিবে আহ্বান সাপমাসী পোকাটিরে—সেই দিন আঁধারে উঠিবে ন’ড়ে ধান ইঁদুরের ঠোঁটে—চোখে, বাদুরের কালো ডানা করমচা পল্লবে। [তথ্যসূত্র : এখানে প্রাণের স্রোত; জীবনানন্দ দাশ] (ক) জীবনানন্দ দাশের কবিতাকে চিত্ররূপময় বলে আখ্যায়িত করেছেন কে? ১ (খ) ‘জলাঙ্গীরে দেয় অবিরল জল’—উক্তিটি ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপক ও ‘এই পৃথিবীতে এক স্থান আছে’ কবিতার প্রাকৃতিক অনুষঙ্গ বর্ণনার সাদৃশ্য তুলনা করো। ৩ (ঘ) প্রাকৃতিক নির্জনতার মধ্যে জীবনানন্দ দাশের কবিতা হয়ে উঠেছে চিত্ররূপময়’—মন্তব্যটির যথার্থতা কবিতা ও উদ্দীপকের আলোকে বিচার করো। ৪ ৭। রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী? এখনো তোমার আসমান ভরা মেঘে? সেতারা হেলাল এখনো উঠেনি জেগে? রাত পোহাবার কত দেরি পাঞ্জেরী? দীঘল রাতের শ্রান্তসফর শেষে কোন দরিয়ার কালো দিগন্তে আমরা প’ড়েছি এসে? এ’কি ঘন-সিয়া জিন্দিগানীর বা’ব তোলে-মর্সিয়া ব্যথিত দিলের তুফান শ্রান্ত খা’ব। অস্ফুট হ’য়ে ক্রমে ডুবে যায় জীবনের জয়ভেরী। তুমি মাস্তুলে, আমি দাঁড় টানি ভুলে, সম্মুখে শুধু অসীম কুয়াশা হেরি। [তথ্যসূত্র : পাঞ্জেরী : ফররুখ আহমদ] (ক) নূরলদীনের বাড়ি ছিল কোথায়? ১ (খ) ‘যখন আমার দেশ ছেয়ে যায় দালালেরই আলখাল্লায়’—উক্তিটি ব্যাখ্যা করো। ২ (গ) উদ্দীপকের পাঞ্জেরী ও কবিতার নূরলদীনের মধ্যে সাদৃশ্য ও বৈসাদৃশ্য তুলে ধরো। ৩ (ঘ) ‘উদ্দীপকে পাঞ্জেরীর নেতৃত্বের অভাবে যাত্রীদের দুর্দিন থাকলেও নূরলদীনের ডাকে অভাগা মানুষ পাহাড়ি ঢলের মতো সাড়া দিয়েছিল আন্দোলন সংগ্রামে’—মন্তব্যটির যথার্থতা বিচার করো। ৪ গ বিভাগ-(উপন্যাস) ৮। অত্যন্ত আকস্মিকতার সঙ্গে, দারুণ রোমাঞ্চের আবহে পাবলিক বাসের মধ্যে সলিমদ্দি তার সর্বরোগ নিরাময়কারী, যাবতীয় আশা পূরণকার, অষ্টধাতুর তাবিজ বিক্রির বয়ান শুরু করে। এসব বাসে চলাচলকারীরা বেশির ভাগই তার মতো নিম্ন আয়ের বা নিম্ন-মধ্যম আয়ের। তাদের কাছে অষ্টধাতুর তাবিজের নামে ডাহা মিথ্যা কথা বলে একেকটি সর্বগুণহীন তাবিজ গছাতে পেরে পকেট স্ফীত হওয়ায় সলিমদ্দি পুলকিত হয়। জগতে বিবি বাচ্চা নিয়ে তারও যে বাঁচার অধিকার আছে। (ক) লালসালুর ইংরেজি অনুবাদের নাম কী? ১ (খ) মজিদ না ঘুমিয়ে দাওয়ার ওপর বসে থাকে কেন? ২ (গ) সলিমদ্দির অষ্টধাতুর তাবিজ বিক্রি ‘লালসালু’ উপন্যাসের কোন ঘটনাকে মনে করিয়ে দেয়? ৩ (ঘ) ‘বেচেঁ থাকার আদিম প্রচেষ্টায় মজিদ এবং সলিমদ্দি দুজনেই প্রতারণার পথকে বেছে নেয়’—মন্তব্যটির যথার্থতা বিচার করো। ৪ ৯। সুপ্রভা প্রভুত্ব করার চেয়ে নির্ভর করিতেই ভালোবাসে বেশি, আদর পাওয়াটাই তার জীবনে সবচেয়ে বড় প্রাপ্য। মন্দার গৃহিণীপনার ভিত্তিও ওই খানেই—সুপ্রভাকে সে নয়নের মণি করিয়া রাখিয়াছে। কে বলিবে সুপ্রভা তাহার সতীন? স্নেহে-যত্নে সুপ্রভার দিনগুলোকে সে ভরাট করিয়া রাখে। ... সতীনের সংসারেও তাই এখানে কলহ-বিবাদ, মান-অভিমান, মন-কষাকষি নাই। [তথ্যসূত্র : জননী—মানিক বন্দ্যোপাধ্যায়] (ক) দস্তুর মতো দেবংশি কী? ১ (খ) ‘তুলি এত দয়ালু, খোদা, তবু তুমি কী কঠিন’—কে, কেন এ কথা বলে? ২ (গ) উদ্দীপকের সুপ্রভা চরিত্রের সঙ্গে ‘লালসালু’ উপন্যাসে কার মিল রয়েছে? আলোচনা করো। ৩ (ঘ) ‘মন্দার চেয়ে রহিমা চরিত্রটি আরো অনেক বিস্তৃত’—মন্তব্যটির যথার্থতা বিচার করো। ৪ ঘ বিভাগ-(নাটক) ১০। দীনবন্ধু মিত্র রচিত ‘নীলদর্পণ’ নাটক উনিশ শতকের ভারতবর্ষের গ্রামীণ বাস্তবতার এক অপূর্ব দলিল। ১৭৫৭ সালে পলাশীর পরাজয়ের পরপরই প্রথম ইস্ট ইন্ডিয়া কম্পানি এবং পরবর্তী সময়ে ব্রিটিশ সরকার ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খলে জড়িয়ে ফেলে। একদিকে রাজনৈতিকভাবে পদদলিত বাংলার মানুষ, অন্যদিকে সাদা চামড়ার মুনাফালোভী ইংরেজ ব্যবসায়ীদের প্রতারণার শিকার হয়ে নিঃস্ব হয়েছে এ দেশের অসংখ্য পরিবার। অর্থনৈতিক শোষণ থেকে ক্রমেই অত্যাচারী নীলকরদের হাত সম্প্রসারিত হয় কৃষক পরিবারের অন্দরমহলে। গ্রামের কোনো কৃষক পরিবারে সুন্দরী যুবতী নারী দেখলে নীলকর সাহেব এবং তাদের এ দেশীয় লাঠিয়াল বাহিনী উঠিয়ে নিয়ে যেত। এভাবেই দীর্ঘদিন ধরে বাংলা নামক সুজলা-সুফলা, শস্য-শ্যামলা, উর্বরা এ অঞ্চলের দরিদ্র পল্লীবাসীর ওপর বিদেশি শাসক বেনিয়া এবং তার দোসরদের নগ্ন নির্মম অত্যাচারের দলিল ‘নীলদর্পণ’ নাটক। (ক) ইংরেজরা কোথায় গোপনে অস্ত্র আমদানি করেছিল? ১ (খ) ‘কথায় কথায় মৃত্যু বিধান করাটাই শাসকের সবচেয়ে যোগ্যতার পরিচয় কি না সে বিষয়ে আমি নিঃসন্দেহ নই মোহনলাল’—উক্তিটি কোন পরিপ্রেক্ষিতে করা হয়েছিল? ২ (গ) ইংরেজদের বাংলাদেশে বাণিজ্য করার অনুমতি দেওয়ার পরিণতি উদ্দীপক ও ‘সিরাজউদ্দৌলা’ নাটকের আলোকে আলোচনা করো। ৩ (ঘ) “বিদেশি শাসক বেনিয়া এবং তার দোসরদের নগ্ন নির্মম অত্যাচার ও ষড়যন্ত্রের দলিল ‘নীলদর্পণ’ ও ‘সিরাজউদ্দৌলা’ নাটক”—মন্তব্যটির যথার্থতা বিচার করো। ৪ ১১। প্রথিতযশা অধ্যাপক আবদুল মান্নান একজন ইতিহাসবিদ। একটি রাজনৈতিক দলের দুই গ্রুপের মধ্যে বিদ্যমান সংঘর্ষ দেখে তিনি তাদের ডাকলেন। সংঘর্ষের কারণ জানার পর বললেন, তোমরা নিজেদের মধ্যে বিবাদ করো না। নিজেদের মধ্যে বিবাদের পরিণাম ভালো হয় না। তোমরা নিশ্চয়ই সম্রাট শাহজাহানের কথা জানো? তাঁর পরাজয়ের মূলে ছিল নিজ পুত্রদের মধ্যে বিরোধ। ইতিহাসে এমন অনেক ঘটনা আছে, যার সূত্রপাত আপন আপন পরিবার ও গোষ্ঠীগত বিরোধ থেকে। এমনকি বাংলার স্বাধীনতার সূর্য অস্তমিত হওয়ার পেছনেও এমনি বিরোধ সহায়ক হয়েছিল। (ক) ক্লাইভ দলিল জাল করে কাকে ঠকিয়েছিল? ১ (খ) ‘আমার নালিশ আজ আমার নিজের বিরুদ্ধে’—কার এবং কেন? ২ (গ) উদ্দীপকে ‘সিরাজউদ্দৌলা’ নাটকের যে দিকের আভাস দেওয়া হয়েছে, তা ব্যাখ্যা করো। ৩ (ঘ) উদ্দীপকটি ‘সিরাজউদ্দৌলা’ নাটকের সমগ্র ভাবকে ধারণ করে কি? তোমার উত্তরের সপক্ষে যুক্তি দাও। ৪
নবম ও দশম শ্রেণি : শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা পূর্ববর্তী

নবম ও দশম শ্রেণি : শারীরিক শিক্ষা, স্বাস্থ্যবিজ্ঞান ও খেলাধুলা

এবার এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার পরবর্তী

এবার এইচএসসি ও সমমানে পরীক্ষার্থী ১১ লাখ ৮৩ হাজার

কমেন্ট