জলবায়ু ক্ষয়ক্ষতি তহবিল: প্রতিশ্রুতি থেকে বাস্তবায়নে আনার দাবি প্রধানমন্ত্রীর
মাগুরায় সড়ক দুর্ঘটনায় সচেতনতা নিয়ে স্কুল ক্যাম্পেইন
সড়ক দুর্ঘটনার হাত থেকে নিজেকে রক্ষার বিভিন্ন কৌশল নিয়ে সচেতনতামূলক প্রচারাভিযানের অংশ হিসেবে বৃহস্পতিবার মাগুরা এ জি একাডেমি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে স্কুল ক্যাম্পেইন করেছে জেলা ট্রাফিক বিভাগ। সুপ্রভাত বাংলাদেশ নামের মাগুরার একটি স্বেচ্ছাসেবী সংস্থার সহযোগিতায় এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বক্তব্য দেন জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) সালাউদ্দিন আহমেদ ও সুপ্রভাত বাংলাদেশ'র সাংগঠনিক সম্পাদক মাগুরা সরকারি হোসেন শহীদ সোহরাওয়ার্দী কলেজের সহকারী অধ্যাপক খান শফিউল্লাহ।
জেলা ট্রাফিক পুলিশের ইন্সপেক্টর (টিআই) সালাউদ্দিন আহমেদ এ প্রসঙ্গে বলেন, "আমাদের দেশের শিক্ষার্থীদের একটি বড় অংশ পায়ে হেঁটে শিক্ষাপ্রতিষ্ঠানে যাতায়াত করে। এ কারণে তাদেরকে ট্রাফিক নিয়ম সম্পর্কে জানতে হবে। যেমন রাস্তায় হেঁটে যাওয়ার সময় নিজ নিজ ডানপাশ দিয়ে চলা, যাতে রাস্তার বিপরীত দিক থেকে আসা যানবাহনটি ভালোভাবে দেখা যায় ও প্রয়োজনে জায়গা দেওয়া সম্ভব হয়। যেহেতু আমাদের দেশে যানবাহন রাস্তার বাম দিক দিয়ে চলে তাই বামে চললে পেছন দিক থেকে যে কোনও যানবাহন আঘাত করতে পারে।
এ ছাড়া রাস্তা পার হওয়ার সময় প্রথমে রাস্তার ডান দিকে তারপর বাম দিকে এবং পুনরায় ডান দিকে দেখে তারপর রাস্তা পার হতে হবে। রাস্তায় চলাচলের সময় অহেতুক ব্যাস্ততা পরিহার করতে হবে। প্রয়োজনে নিকটস্থ ট্রাফিক পুলিশের সহযোগিতা নিতে হবে। মোবাইল ফোনে কথা বলা অবস্থায় রাস্তা পার হওয়া যাবে না। এ রকম উপযোগী সব বিষয় শিক্ষার্থীদের শেখানো হচ্ছে।
কমেন্ট