বাংলাদেশের বিশ্বমানের পোশাক আমদানিতে তেহরান আগ্রহী : ইরানের রাষ্ট্রদূত
পঞ্চম শ্রেণি বাংলা
পদ্য
ফুটবল খেলোয়াড়
নিচের কবিতাংশ পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
১। চালাও চালাও আরো আগে যাও বাতাসের মতো ধাও,
মারো জোরে মারো-গোলের ভিতরে বলেরে ছুড়িয়া দাও।
গোল-গোল-গোল, চারিদিক হতে
ওঠে কোলাহল,
জীবনের পণ, মরণের পণ, সব বাধা পায়ে দল।
গোল-গোল-গোল মোদের মেসের
ইমদাদ হক কাজি,
ভাঙা দুটি পায়ে জয়ের ভাগ্য লুটিয়ে আনিল আজি।
(ক) কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী? ২
(খ) ‘কোলাহল কল’ শব্দের অর্থ কী? এ কোলাহল কল কী জন্য? দুটি বাক্যে উত্তর লেখো। ৩
(গ) কবিতাংশটুকুর মূল ভাব লেখো।
৫
উত্তর :
(ক) কবিতাংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার অংশ।
কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
(খ) ‘কোলাহল’ শব্দের অর্থ হলো অনেক মানুষের শোরগোল, গোলমাল। আর ‘কল’ বলতে বোঝায় মানুষের গলার সুন্দর আওয়াজ।
ইমদাদ হক খেলায় জিতেছে বলে সবাই একসঙ্গে ‘গোল-গোল’ বলে চিৎকার করছে। এ চিৎকার বেশ ভালো শোনায় বলে একে ‘কোলাহল’ বলা হয়েছে।
(গ) মূল ভাব : ইমদাদ হক জাত খেলোয়াড়। তাই হাতে-পায়ে, মুখে শত আঘাত নিয়েও যখন মাঠে খেলতে যায়, তখন তার মেসের বন্ধুরা তাকে উৎসাহ জোগায়। ইমদাদ হক বাতাসের গতিতে চলে বলটাকে যাতে গোলপোস্টে পাঠাতে পারে। চারদিক থেকে সবাই চিৎকার করে ওঠে। ইমদাদ হকও জীবন-মরণ পণ করে সব বাধা পায়ে দলে বল করে। আর গোল দিয়ে জয়ের মালা ছিনিয়ে আনে।
২। দর্শকদল ফিরিয়া চলিছে মহা-কলরব করে,
ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে আসে যে মেসের ঘরে।
মেসের চাকর হয়রান হয় পায়েতে মালিশ মাখি,
বেঘুম রাত্র কেটে যায় তার চিৎকার করি ডাকি।
সকালে সকলে দৈনিক খুলি মহা-আনন্দে পড়ে,
ইমদাদ হক কাল যা খেলেছে কমই তা নজরে পড়ে।
(ক) কবিতাংশটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী? ২
(খ) ‘মহা-কলরব’ শব্দের অর্থ কী? কেন এই মহা-কলরব? দুটি বাক্যে উত্তর লেখো। ৩
(গ) কবিতাংশটুকুর মূল ভাব লেখো। ৫
উত্তর :
(ক) কবিতাংশটুকু ‘ফুটবল খেলোয়াড়’ কবিতার অংশ।
কবিতাটির কবির নাম জসীমউদ্দীন।
(খ) ‘কলরব’ শব্দের অর্থ অনেক মানুষের একসঙ্গে চেঁচামেচির আওয়াজ। ‘মহা’ কলরব অর্থ হয় ভীষণ চিৎকার ও চেঁচামেচি।
কবিদের মেসের ইমদাদ হক কাজি খেলার মাঠে বিপক্ষ দলকে গোল দিয়ে বিজয় ছিনিয়ে এনেছে। সেই আনন্দে তার সমর্থক দর্শকদল মহা-কলরব করছে।
(গ) মূল ভাব : ইমদাদ হক জাত খেলোয়াড়। খেলতে গিয়ে নিজের শারীরিক অবস্থা যা-ই হোক না কেন, খেলায় জেতাটাই তার আসল কাজ। সে জন্য দর্শক মহানন্দে মেতে ওঠে আর ইমদাদ হক খোঁড়াতে খোঁড়াতে মেসের ঘরে ফিরে আসে। মেসের চাকর আবার তার পায়ে মালিশ মেখে হয়রান হয় আর ইমদাদ হক চিৎকার-চেঁচামেচি করে নির্ঘুম রাত কাটায়। পরদিন সকালে দৈনিক পত্রিকায় ইমদাদ হকের খেলায় জেতার কাহিনি পড়ে সবাই আনন্দিত হয়।
কমেন্ট