
ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি (এনএটিপি) ফেজ ২ প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে অনিয়মতান্ত্রিক নিয়োগ ও দুর্নীতির অভিযোগ এনে তা বাতিলের দাবিতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) পশুপালন অনুষদের শিক্ষার্থীরা। আজ বুধবার দুপুরে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ কর্মসূচি পালন করা হয়।
জানা গেছে, দুপুর সাড়ে ১২টার দিকে একটি বিক্ষোভ মিছিল পশুপালন অনুষদের সামনে থেকে শুরু হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় অনুষদের সামনে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এদিকে একই দাবিতে ঢাকাস্থ ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রজেক্ট ২ (এনএ টিপি) কার্যালয়ের সামনেও বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে তারা। দাবি আদায়ে বুধবার পশুপালন অনুষদের সকল ধরনের ক্লাস পরীক্ষা বন্ধ ছিল।
সমাবেশে আন্দোলনরত শিক্ষার্থীরা বলেন, এনএ টিপি প্রজেক্ট ২ প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে নিয়োগ দেওয়া ৯৫ জনের মধ্যে ৯০ জনই ভেটেরিনারি গ্র্যাজুয়েট। প্রকল্পের প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে যেখানে পশুপালন অনুষদের গ্রাজুয়েটদের থাকার কথা, সেখানে একটি ষড়যন্ত্রকারী মহলের প্রভাবে, দুর্নীতির মাধ্যমে ঢুকানো হয়েছে ভেটেরিনারি গ্র্যাজুয়েটদের। পশুপালন অনুষদের ছাত্র নেতারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, দ্রুত অবৈধ নিয়োগ বাতিল করা না হলে দুর্বার আন্দোলন গড়ে তোলা হবে।
উল্লেখ্য, গত বছরের ৭ ডিসেম্বর প্রাণিসম্পদ অধিদপ্তর থেকে প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা পদে অস্থায়ী ভিত্তিতে নিয়োগ দেওয়ার জন্য ভেটেরিনারি ও পশুপালন অনুষদের গ্রাজুয়েটদের কাছ থেকে আবেদনপত্র আহ্বান করে। এর ভিত্তিতে গতকাল মঙ্গলবার সব প্রক্রিয়া শেষে তাদেরকে নিয়োগ দেওয়া হয়।
কমেন্ট