বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

003639kalerkantho.com-08-05-17-58_ শব্দ থেকে কবিতা সৃজনশীল প্রশ্ন নিচের উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও : ১। মাত্র ১০ বছর বয়স থেকেই কবিতা লেখে অপরূপা। কিন্তু তার কবিতাগুলো বাবার মতো সুন্দর হয় না। বাবা তাকে পরামর্শ দিলেন, এখনই কবিতা না লিখে, বেশি বেশি কবিতা পড়তে, চারপাশের রূপ-সৌন্দর্য উপভোগ করতে, যাতে মনে নতুন ভাবনার উদয় হয়। তিনি বললেন, সাঁতার না শিখে পানিতে নামা যেমন আত্মঘাতী, তেমনি যথাযথ প্রস্তুতি ছাড়া ভালো মানের কবিতা লেখার ইচ্ছা বড় ধরনের বোকামি। ক) ‘চমকপ্রদ’ শব্দের অর্থ কী? উত্তর : ‘চমকপ্রদ’ শব্দের অর্থ যা অবাক করে দেয়। খ) ছন্দ বলতে কী বোঝো? উত্তর : ধ্বনির সঙ্গে তার উচ্চারণগত সময়ের সামঞ্জস্য বিধানের নাম ছন্দ। ছন্দ কথার মধ্যে আবেগের বেগ বা গতি এনে দেয়। স্পন্দিত কথা তখন দ্রুত আমাদের মনে প্রবেশ করে এবং মনকেও তা স্পন্দিত করে। কথা তখন তার বিষয়কে ছাড়িয়ে বিষয়াতীতের আভাস আনে, সৃষ্ট হয় ব্যঞ্জনার। ছন্দের গতি কবিতায় এনে দেয় অনির্বচনীয়তা ও অপরূপতা। গ) ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধের আলোকে অপরূপার ভুল চিহ্নিত করো। উত্তর : ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে হুমায়ুন আজাদ শিশুকালে না জেনে, না বুঝে হালকা ধরনের কবিতা না লেখার পরামর্শ দেন, যা উদ্দীপকে বর্ণিত সাঁতার না শিখে পানিতে নামার ইচ্ছা আত্মঘাতী আর অপরূপা এ ভুলই করেছে। উদ্দীপকের অপরূপা মাত্র ১০ বছর বয়স থেকে কবিতা লেখে। ছোট বয়সে কবিতা লেখা শুরু করলে মনে খুব কাঁচা কথা আসে, ভাবতে ইচ্ছা করে না এবং বড় হলেও ছেলেমি কাটে না, শব্দ, ছন্দ, সুর বিষয় না বুঝে কবিতা লেখাই অপরূপার ভুল হয়েছে। ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে হুমায়ুন আজাদ বলেছেন ছোট বয়সে উচিত কবিতা পড়া, পড়া এবং পড়া। চারদিকের ছবি দেখা, দেখা এবং দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, তখন শব্দ, ছন্দ, ছবি, সুর, রং দলবেঁধে আসবে কাছে, বলবে আমাদের কবিতায় রূপ দাও। অভিজ্ঞতার ফলে একদিন ভালো কবিতা লেখা সম্ভব হবে। তাই বলা যায়, অপরিপক্ব মন নিয়ে, ভালোভাবে না জেনে, মোট কথা প্রস্তুতি না নিয়ে কবিতা লিখে অপরূপা ভুল করেছে। ঘ) ‘বাবার পরামর্শের মধ্যে হুমায়ুন আজাদের ভাবনার ছায়া পড়েছে। ’ উক্তিটি বিশ্লেষণ করো। উত্তর : উদ্দীপকে বাবা অপরূপাকে পরামর্শ দেন ছোটবেলায় কবিতা না লিখতে, কেননা তাতে কবিতা পরিপক্ব হয় না, আর এটা হুমায়ুন আজাদের মনের কথা। মাত্র ১০ বছর বয়স থেকে কবিতা লেখা শুরু করে অপরূপা। কিন্তু তার কবিতা বাবার মতো সুন্দর হয় না। তাই বাবা তাকে পরামর্শ দিলেন এখনই কবিতা না লিখে বেশি বেশি কবিতা পড়তে, চারপাশের রূপ-সৌন্দর্য উপভোগ করতে, যাতে মনে নতুন ভাবনার উদয় হয়। তিনি বলেছেন, সাঁতার না শিখে পানিতে নামা যেমন আত্মঘাতী, তেমনি যথাযথ প্রস্তুতি ছাড়া ভালো মানের কবিতা লেখার ইচ্ছা বোকামি। হুমায়ুন আজাদ তাঁর শব্দ থেকে কবিতা প্রবন্ধে বলেছেন, ছোট বয়সে কবিতা লেখা উচিত নয়। ছোট বয়সে কবিতা লেখা শুরু করলে মনে খুব কাঁচা কথা আসে, ভাবতে ইচ্ছা করে না এবং বড় হলেও ছেলেমানুষি কাটে না। ছোট বয়সে উচিত কবিতা পড়া। চারদিকের ছবি দেখা। ছোট বয়সে বুকে জমানো উচিত শব্দ আর ছন্দ। তারপর একদিন যখন বড় হবে, তখন শব্দ, ছন্দ, ছবি, সুর, রং দলবেঁধে আসবে কাছে, বলবে আমাদের কবিতায় রূপ দাও। ওপরের আলোচনা থেকে স্পষ্ট প্রতীয়মান হয়, হুমায়ুন আজাদ তাঁর ‘শব্দ থেকে কবিতা’ প্রবন্ধে কবিতা লেখা প্রসঙ্গে যে কথা বলেছেন, সেই একই কথা আলোচ্য উদ্দীপকে বাবাও বলেছেন। তাই আমরা বলতে পারি, বাবার পরামর্শের মধ্যে হুমায়ুন আজাদের ভাবনার ছায়া পড়েছে।
বাংলাদেশ ও বিশ্বপরিচয় পূর্ববর্তী

বাংলাদেশ ও বিশ্বপরিচয়

বাকৃবিতে হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের পদত্যাগ! পরবর্তী

বাকৃবিতে হলের প্রভোস্ট ও হাউজ টিউটরদের পদত্যাগ!

কমেন্ট