শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের
অর্থনীতি
চতুর্থ অধ্যায়
উৎপাদন ও সংগঠন
সৃজনশীল প্রশ্ন
১। রফিক সাহেব একজন দক্ষ উদ্যোক্তা। তিনি নিজস্ব ভূমির ওপর শ্রমিক কাজে লাগিয়ে বিভিন্ন যন্ত্রপাতি দ্বারা কৃষিজাত দ্রব্য উৎপাদন করেন। তিনি এ সব কৃষিজাত দ্রব্য বাজারজাতকরণের মাধ্যমে বিশ্ব বাজারে রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।
(ক) এক শ্রমঘণ্টা কী?
(খ) প্রান্তিক উৎপাদন কী?
(গ) রফিক সাহেব কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে যেসব জিনিস ব্যবহার করেছেন সেগুলোকে অর্থনীতিতে কী বলে? ব্যাখ্যা করো।
(ঘ) উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার জন্য রফিক সাহেবের মতো দক্ষ উদ্যোক্তা আবশ্যক—উক্তিটির যথার্থতা মূল্যায়ন করো।
উত্তর :
ক) একজন শ্রমিকের এক ঘণ্টার কাজকে এক শ্রমঘণ্টা বলে।
খ) এক একক উৎপাদনের উপকরণ পরিবর্তনের (অর্থাৎ শ্রম বা মূলধন) ফলে উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে।
শ্রম ব্যবহার করলে শ্রমের এবং মূলধন ব্যবহার করলে মূলধনের প্রান্তিক উৎপাদন বলা হয়। অর্থাৎ উপকরণ বা শ্রমিক নিয়োগের ফলে মোট উৎপাদনের যে পরিবর্তন হয় তাকে প্রান্তিক উৎপাদন বলে। যেমন—শ্রম উপকরণ ১০ থেকে বৃদ্ধি পেয়ে ২০ হলে মোট উৎপাদন বৃদ্ধি পেয়ে ১০ থেকে ২২ কুইন্টাল হয়। এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে (২২-১০) = ১২ কুইন্টাল। একইভাবে উপকরণ নিয়োগ ৩০ কুইন্টাল। এখানে প্রান্তিক উৎপাদন হচ্ছে (৩০-২২) = ৮ কুইন্টাল।
গ) রফিক সাহেব কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে যেসব জিনিস ব্যবহার করেছেন সেগুলোকে অর্থনীতিতে উৎপাদনের উপকরণ বলে।
কোনো কিছু উৎপাদনের জন্য যেসব দ্রব্য বা সেবাকর্ম প্রয়োজন হয় সেগুলোকে উৎপাদনের উপকরণ বলে।
রফিক সাহেব কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে ভূমি, শ্রম, মূলধন ও সংগঠন প্রভৃতি ব্যবহার করেছেন। এগুলো উৎপাদনের উপকরণ। উৎপাদনে সাহায্য করে এমন সব প্রাকৃতিক সম্পদকে ভূমি বলে। উৎপাদন কাজে ব্যবহৃত মানুষের সব ধরনের শারীরিক ও মানসিক পরিশ্রমকে শ্রম বলে। মানুষ কর্তৃক উৎপাদিত একমাত্র উৎপাদনের উপকরণ হলো মূলধন। উৎপাদন ক্ষেত্রে ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি উপকরণের মধ্যে উপযুক্ত সমন্বয় ঘটিয়ে উৎপাদন কাজ পরিচালনা করাকে সংগঠন বলে। রফিক সাহেব নিজস্ব ভূমির ওপর কৃষিজাত দ্রব্য উৎপাদন করেছেন। কৃষিজাত পণ্য উৎপাদন করতে গিয়ে তিনি শ্রমিক কাজে লাগিয়েছেন। তিনি যন্ত্রপাতি দ্বারা চাষাবাদ এবং কৃষিকাজের অন্যান্য কাজ সমাধা করেছেন। তিনি যেসব দ্রব্য উৎপাদন করেছেন তা বাজারজাতকরণের মাধ্যমে বিশ্ব বাজারে রপ্তানি করেছেন। এ ক্ষেত্রে তিনি সংগঠকের ভূমিকা পালন করেছেন। তাই বলা যায় যে তিনি কৃষিজাত দ্রব্য উৎপাদন করতে উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করেছেন।
ঘ) উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার জন্য রফিক সাহেবের মতো দক্ষ উদ্যোক্তা আবশ্যক—উক্তিটি যথার্থ।
উৎপাদনের ক্ষেত্রে যিনি সমন্বয় ঘটান এবং কাজ পরিচালনা করেন তাকে উদ্যোক্তা বলা হয়। উদ্যোক্তার যোগ্যতার ওপর নির্ভর করে কোনো কিছু উৎপাদনের সফলতা।
রফিক সাহেব একজন দক্ষ উদ্যোক্তা। তাই তিনি উৎপাদন কাজে সফলতা লাভ করেছেন এবং উৎপাদিত দ্রব্যসামগ্রী বাজারজাতকরণের মাধ্যমে বিশ্ব বাজারে রপ্তানি করে দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। উদ্যোক্তাকে সংগঠক বা সমন্বয়কারীও বলা হয়। উদ্যোক্তা সাধারণত একটি সংগঠন বা প্রতিষ্ঠান পরিচালনা করে থাকেন। তিনি কোনো কিছু উৎপাদনের পরিকল্পনা প্রণয়ন, ভূমি, শ্রম, মূলধন ইত্যাদি একত্রীকরণ ও তাদের মধ্যে সমন্বয় সাধন এবং ঝুঁকি নিয়ে উৎপাদন কাজ পরিচালনা করেন। একজন উদ্যোক্তা উৎপাদনের উপকরণগুলো ব্যবহার করা, উৎপাদন পরিকল্পনা করা, যোগ্যতা অনুযায়ী কাজ বণ্টন, উৎপাদিত পণ্য বিক্রির জন্য বাজারজাতকরণ প্রভৃতি কাজ করে থাকেন। উদ্যোক্তা দক্ষ না হলে এসব কার্য সুষ্ঠুভাবে সম্পাদন করা সম্ভব নয়। আর এসব কার্য সুষ্ঠুভাবে পরিচালিত না হলে আশানুরূপ উৎপাদন সম্ভব নয়। উপকরণ সংগ্রহ থেকে বাজারে নিয়ে যাওয়া পর্যন্ত সব কাজ তদারকির জন্য দক্ষ উদ্যোক্তা প্রয়োজন। কেননা এসব কাজ দক্ষতার সঙ্গে তদারকি করতে না পারলে নির্দিষ্ট পরিমাণ উপকরণ থেকে সর্বোচ্চ পরিমাণ উৎপাদন পাওয়া সম্ভব নয়।
তাই বলা যায় যে উৎপাদনমুখী কার্যক্রম পরিচালনার জন্য রফিক সাহেবের মতো দক্ষ উদ্যোক্তা একান্ত আবশ্যক।
কমেন্ট