শিগগিরই ইরান সংঘাত শেষ হবে, চুক্তির জন্য মরিয়া ইরান: দাবি ট্রাম্পের
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
তৃতীয় অধ্যায়
বাংলাদেশের সাংস্কৃতিক বৈচিত্র্য
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপকটি পড়ে প্রশ্নগুলোর উত্তর দাও :
যশোর শহরের রাহাত খান ও রতন রায় ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা দুজনে একসঙ্গে একই স্কুলে লেখাপড়া করেছেন। রাহাত খান ঈদুল ফিতরে রতন রায়কে দাওয়াত দেন। রতন রায় তাঁর দাওয়াত কবুল করেন। তাঁরা দুজনই ভিন্ন ধর্মের মানুষ হলেও উভয়ই এলাকার মানুষের বিপদে-আপদে পাশে গিয়ে দাঁড়ান। সবার কল্যাণ করার চেষ্টা করেন। আশপাশের পরিচিত সব মানুষকে ধর্মের মূল শিক্ষা লালন করার পরামর্শ দেন রতন রায় ও রাহাত খান।
ক) লালন মেলা কোথায় অনুষ্ঠিত হয়?
খ) বাংলার সংস্কৃতি বৈচিত্র্যপূর্ণ কেন?
গ) উদ্দীপকের রতন রায় ও রাহাত খানের পরামর্শ কোনটি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে? ব্যাখ্যা করো।
ঘ) ‘ধর্মের মূল শিক্ষা লালন করায় রতন রায় ও রাহাত খানের সংস্কৃতি প্রসারিত হয়েছে। ’—বিশ্লেষণ করো।
উত্তর :
ক) লালন মেলা কুষ্টিয়ায় অনুষ্ঠিত হয়।
খ) সুজলা-সুফলা উর্বর বাংলা চিরকাল বাইরের মানুষকে আকৃষ্ট করেছে। কালে কালে নানা জাতের সাধারণ মানুষ ছাড়াও দূর-দূরান্ত থেকে অনেক উচ্চাভিলাষী মানুষ আমাদের দেশে এসেছে। মূলত বৈচিত্র্যপূর্ণ প্রকৃতি, বিভিন্ন নৃগোষ্ঠী ও ভাষাভিত্তিক জাতির মিশ্রণ, শহর ও গ্রামীণ জীবনকেন্দ্রিক সংস্কৃতির প্রাধান্য থাকায় বাংলার সংস্কৃতি এত বৈচিত্র্যপূর্ণ।
গ) উদ্দীপকের রতন রায় ও রাহাত খানের পরামর্শ আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। সব ধর্মের মূল শিক্ষা হচ্ছে বাহ্যিক পার্থক্যকে অতিক্রম করে মানবিক মূল্যবোধের ভিত্তিতে সব ধর্মের, ভাষার, পেশার ও দেশের মানুষ যেন শান্তিতে বাস করতে পারে। উদ্দীপকেও দেখা যায়, এলাকার সব মানুষকে ধর্মের মূল শিক্ষাকে লালন করার পরামর্শ দেন রতন রায় ও রাহাত খান। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। তাই যে ধর্মের, যে বর্ণের হোক না কেন বিপদে-আপদে আমরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়াব। অন্যের কষ্টগুলো সবাই ভাগ করে নেব। আমরা যে ধর্মেরই হই না কেন ধর্মের মূল শিক্ষাকে কাজে লাগিয়ে সৌহার্দ্যপূর্ণ একটি সুখী সমাজ প্রতিষ্ঠায় সর্বদা নিজেকে ব্যাপৃত রাখব। বাংলার সাধারণ মানুষ আজীবন সেই জীবন সাধনাই করেছে।
ঘ) ধর্মের মূল শিক্ষা হচ্ছে সব বাহ্যিক পার্থক্যকে অতিক্রম করে মানবিক মূল্যবোধের ভিত্তিতে সব ধর্মের, ভাষার, পেশার ও দেশের মানুষ যেন শান্তিতে বাস করে। উদ্দীপকেও দেখা যায়, রতন রায় ও রাহাত খান এলাকার সব মানুষকে ধর্মের মূল শিক্ষাকে লালন করার পরামর্শ দেন। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই। তাই যে ধর্মের, যে বর্ণের হোক না কেন, বিপদে-আপদে তাঁরা একে অন্যের পাশে গিয়ে দাঁড়াচ্ছেন। অন্যের কষ্টগুলো সবাই ভাগ করে নিচ্ছেন। উদ্দীপকের রতন রায় ও রাহাত খান দুজন দুই ধর্মের মানুষ অথচ তাঁরা পরস্পর ঘনিষ্ঠ বন্ধু। তাঁরা দুজনে একসঙ্গে একই স্কুলে লেখাপড়া করেছেন। বিভিন্ন উৎসব ও পার্বণে তাঁরা একে অপরকে নিমন্ত্রণ করছেন। তাঁরা সে দাওয়াত কবুলও করছেন। তাঁদের মধ্যে এক ধরনের হৃদ্যতা তৈরি হচ্ছে। ধর্ম-বর্ণসহ সব পার্থক্য উপেক্ষা করে তাঁদের মধ্যে বিরাজ করছে শান্তি ও সম্প্রীতি। এটাই ধর্মের মূল শিক্ষার সৌন্দর্য। আবহমান কাল ধরে আমাদের বাংলাদেশে জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি ও সৌহার্দ্য বিদ্যমান রয়েছে। তাই বলা যায়, ধর্মের মূল শিক্ষা লালন করায় রতন রায় ও রাহাত খানের সংস্কৃতি প্রসারিত হয়েছে।
কমেন্ট