বাংলা প্রথম পত্র

বাংলা প্রথম পত্র

004932kalerkantho.com-12-06-17-57_ লখার একুশে আবুবকর সিদ্দিক সৃজনশীল প্রশ্ন উদ্দীপকটি পড়ে সংশ্লিষ্ট প্রশ্নগুলোর উত্তর দাও : এই যে মায়ের অনাদরে ক্লিষ্ট শিশুগুলি, পরনে নেই ছেঁড়া কানি, সারা গায়ে ধূলি। সারা দিনের অনাহারে শুষ্ক বদন খানি ক্ষিধের জ্বালায় ক্ষুণ্ন, তাতে জ্বরের ধুকধুকানি। ক) ‘লখার একুশে’ কোন ধরনের গল্প? উত্তর : লখার একুশে রূপকধর্মী গল্প। খ) লখা কেন ফুল আনতে গিয়ে এত কষ্ট করেছিল? ব্যাখ্যা করো। উত্তর : ভাষাশহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর উচ্ছ্বাসে লখা ফুল আনতে গিয়ে এত কষ্ট করেছিল। আবুবকর সিদ্দিকের ‘লখার একুশে’ গল্পে লখা জন্মবোবা। মাতৃভাষার দাবিতে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের প্রতি তার ছিল অপরিসীম শ্রদ্ধা। শহীদদের সম্মানে শহীদ মিনারে ফুল দিতে চায় সে। শীতের কাঁপুনি ও কাঁটার আঘাত সত্ত্বেও সে ফুলগুলো পেয়ে আনন্দিত হয়। তার কাছে কষ্টের চেয়ে ভাষাশহীদদের মর্যাদা ছিল অনেক বেশি। তাই সে ফুল সংগ্রহ করতে গিয়ে এত কষ্ট সহ্য করেছিল। গ) উদ্দীপকের শিশুদের সঙ্গে ‘লখার একুশে’ গল্পে লখার কোন কোন বিষয়ে মিল আছে? ব্যাখ্যা করো। উত্তর : অনাহার, আনাদর, দুর্দশা ও ক্লিষ্টতার দিক দিয়ে উদ্দীপকের শিশুদের সঙ্গে ‘লখার একুশে’ গল্পের লখার মিল পাওয়া যায়। আবুবকর সিদ্দিকের ‘লখার একুশে’ গল্পে লখা জন্মের আগে বাবাকে হারিয়েছে। তার মা ছেঁড়া কাপড় পরে সারা দিন কেঁদে কেঁদে ভিক্ষা করেন। ক্ষুধার জ্বালায় লখা খাবারের দোকানে ফেলে দেওয়া খাবার খায়। এভাবেই টোকাই লখা ও মায়ের দিন কাটে। তাদের নির্দিষ্ট কোনো ঘর-বাড়ি নেই। যেখানে রাত হয় সেখানেই শুয়ে পড়ে। উদ্দীপকের শিশুদের পরিধানের কোনো কাপড় না থাকায় তাদের সারা গায়ে ধূলি লেগে থাকে। মায়ের আদর থেকে তারা বঞ্চিত। সব সময় ক্ষুধার যন্ত্রণা ভোগ করে। অনাহারে মুখ শুকিয়ে থাকে। এর পাশাপাশি আছে নানা রোগব্যাধি। তাই বলা যায়, অনাদর, দুর্দশা ও ক্লিষ্টতার দিক থেকে উদ্দীপকের শিশুদের সঙ্গে ‘লখার একুশে’ গল্পের লখার যথেষ্ট মিল পাওয়া যায়। ঘ) উদ্দীপকের শিশুরা এবং ‘লখার একুশে’ গল্পের লখা হাজারো অসহায় শিশুদের প্রতিনিধিত্ব করে—বুঝিয়ে লেখো। উত্তর : মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার দিক দিয়ে উদ্দীপকের শিশুরা এবং ‘লখার একুশে’ গল্পের লখা হাজারো অসহায় শিশুর প্রতিনিধিত্ব করে। লখার রাতের বিছানা ফুটপাতের কংক্রিট। এই কংক্রিট দিনের বেলা রোদে পুড়ে গরম হয়। রাতে হিম লেগে হয় বরফের মতো ঠাণ্ডা। এই ঠাণ্ডা কংক্রিটে শুয়ে লখার বুকে কাশি বসে। গায়ে ওঠে জ্বর। ক্ষুধার কষ্ট নিবারণের জন্য সে খাবারের দোকানের উচ্ছিষ্ট খায়। উদ্দীপকের শিশুরা মায়ের আদর থেকে বঞ্চিত। এদের পরনে সামান্য বস্ত্রও নেই। ফলে তাদের শরীরজুড়ে থাকে ধুলার আস্তরণ। না খেয়ে থাকতে থাকতে তাদের মুখ শুকিয়ে যায়। আছে রোগযন্ত্রণা। উদ্দীপকের শিশুদের মতো হাজারো শিশু রাস্তায় রাস্তায় ঘুরে বেড়ায়। খাদ্য, বস্ত্র, চিকিৎসাসহ সব ধরনের মৌলিক অধিকার থেকে এরা বঞ্চিত। প্রকৃতির সন্তান এসব নিষ্পাপ শিশু বেড়ে ওঠে মানবতার চরম অবমাননার সাক্ষী হয়ে। তাই বলা যায়, মৌলিক অধিকার থেকে বঞ্চিত হওয়ার প্রশ্নে লখা ও উদ্দীপকের শিশুরা হাজারো অসহায় শিশুর প্রতিনিধিত্ব করে।
অনার্স প্রথম বর্ষের ভর্তি শুরু ২৪ আগস্ট পূর্ববর্তী

অনার্স প্রথম বর্ষের ভর্তি শুরু ২৪ আগস্ট

বাংলা প্রথম পত্র পরবর্তী

বাংলা প্রথম পত্র

কমেন্ট