বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলাদেশ ও বিশ্বপরিচয়
অষ্টম অধ্যায়
বাংলাদেশের দুর্যোগ
সৃজনশীল প্রশ্ন
উদ্দীপকটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর দাও :
বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ক্লাসে শিক্ষক ভূমিকম্প সম্পর্কে আলোচনা করছিলেন। ছাত্রদের সচেতন করে তোলার জন্য তিনি এর কারণ ও প্রতিকার সম্পর্কে বলতে গিয়ে বলেন, ভূমিকম্পের অনেক কারণ রয়েছে, এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো ভূগর্ভস্থ ভাঁজের চ্যুতি। এর প্রতিকারের জন্য তিনি বলেন, এখনো পর্যন্ত মানুষের পক্ষে এর প্রতিকার করার কোনো ব্যবস্থা আবিষ্কার করা সম্ভব হয়নি, তবে সাবধানতা অবলম্বনপূর্বক কিছু প্রস্তুতি গ্রহণ করলে এর ক্ষয়ক্ষতি কমানো যায়। তিনি বলেন, ভূমিকম্পের দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগ চলাকালীন কার্যক্রম অপেক্ষা দুর্যোগ-পরবর্তী সময়ের কার্যক্রম অধিক ভূমিকা পালন করে।
ক) মহাসমুদ্রকে পৃথিবীর কী বলা হয়?
খ) গ্রিনহাউস বলতে কী বোঝায়?
গ) উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটির পূর্বপ্রস্তুতি ব্যাখ্যা করো।
ঘ) উদ্দীপকে শিক্ষকের মন্তব্য ‘ভূমিকম্পের দুর্যোগে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগ চলাকালীন কার্যক্রম অপেক্ষা দুর্যোগ-পরবর্তী সময়ের কার্যক্রম অধিক ভূমিকা পালন করে’—তোমার মতামত বিশ্লেষণ করো।
উত্তর :
ক) মহাসমুদ্রকে পৃথিবীর ফুসফুস বলা হয়।
খ) গ্রিনহাউস হচ্ছে এক ধরনের কাচের ঘর। শীতপ্রধান বা মরুময় দেশে নির্দিষ্ট মাত্রায় তাপ ধরে রেখে বা সৃষ্টি করে মূলত উদ্ভিদ (শাকসবজি, ফলমূল ইত্যাদি) জন্মানোর জন্য এ ধরনের ঘর তৈরি করা হয়। কাচ সূর্য থেকে আগত ক্ষুদ্র তরঙ্গদৈর্ঘ্যের তাপশক্তি প্রবেশে বাধার সৃষ্টি করে না কিন্তু ভূপৃষ্ঠ নিঃসৃত দীর্ঘ তরঙ্গের তাপশক্তি প্রবেশে বাধার সৃষ্টি করে। ফলে উদ্ভিদের প্রয়োজন অনুযায়ী তাপ কাচঘরের মধ্যে প্রবেশ করিয়ে উত্তাপ বৃদ্ধি করে শীতপ্রধান অঞ্চলে উষ্মমণ্ডলীয় ফসল এবং মরু অঞ্চলে কম তাপে জন্মে এ ধরনের ফসল উৎপাদন করা হয়।
গ) উদ্দীপকে উল্লিখিত প্রাকৃতিক দুর্যোগটি হলো ভূমিকম্প। নিম্নে এর পূর্বপ্রস্তুতি সম্পর্কে ব্যাখ্যা করা হলো :
ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশের বিভিন্ন এলাকার জনগোষ্ঠীকে বিভিন্ন দুর্যোগের সম্মুখীন হতে হয়। এ কারণে মানুষ যুগ যুগ ধরে দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছে। বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের মধ্যে অন্যতম হলো ভূমিকম্প। বাংলাদেশের কোনো কোনো অঞ্চল ভূমিকম্পের দিক থেকে বেশি ঝুঁকিপূর্ণ। এগুলোকে ভূমিকম্পপ্রবণ এলাকা বলা হয়। বাড়িতে প্রধান দরজা ছাড়াও জরুরি অবস্থায় বের হওয়ার জন্য একটি বিশেষ দরজা থাকা প্রয়োজন। এ ছাড়া বাড়িতে প্রাথমিক চিকিৎসা সামগ্রী, হেলমেট, টর্চ প্রভৃতি মজুদ রাখতে হবে। ভূমিকম্পের সময় আশ্রয় নেওয়া যায় বাড়িতে এমন একটি মজবুত টেবিল রাখতে হবে। ঘরের ভারী আসবাবপত্র মেঝের ওপর রাখতে হবে। ব্যবহারের পর বৈদ্যুতিক বাতি ও গ্যাস সংযোগ বন্ধ রাখতে হবে। ভূমিকম্পের পূর্বপ্রস্তুতি গ্রহণ করলে ক্ষয়ক্ষতি অনেক কম হয়। এ ব্যাপারে আমাদের সবাইকে সচেতন থাকতে হবে।
ঘ) ভূমিকম্পে ক্ষয়ক্ষতি ও প্রাণহানি কমাতে দুর্যোগ চলাকালীন কার্যক্রম অপেক্ষা দুর্যোগ-পরবর্তী সময়ের কার্যক্রম অধিক ভূমিকা পালন করে—এ বক্তব্যের পক্ষে আমার মতামত নিম্নে বিশ্লেষণ করছি।
ভূমিকম্প চলাকালীন আমাদের সতর্কতা অবলম্বন করতে হবে। ওই সময় কোনো শক্ত টেবিল কিংবা শক্ত কাঠের আসবাবপত্রের নিচে অবস্থান নিতে হবে। অবিলম্বে বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দিতে হবে। বাড়ির আশপাশে যথেষ্ট পরিমাণ খোলা জায়গা থাকলে বাড়ি থেকে বের হয়ে সেখানে আশ্রয় নিতে হবে। ট্রেন, বাস বা গাড়িতে থাকলে চালককে তা থামাতে বলতে হবে। ভূমিকম্পের সময় লিফট ব্যবহার করা যাবে না। দুর্যোগ চলাকালে এসব কার্যক্রম সবাই সময়মতো করতে পারে না, যার ফলে অনেক প্রাণহানি ও ক্ষয়ক্ষতি হতে পারে। তাই ভূমিকম্প হওয়ার পর আহত লোকজনকে দ্রুত নিকটস্থ হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করতে হবে। সাধ্যমতো উদ্ধারকাজে সহযোগিতা করতে হবে। এ ব্যাপারে ফায়ার সার্ভিস ও অ্যাম্বুল্যান্সের সাহায্য নিতে হবে। দুর্গত মানুষের জন্য অস্থায়ী আশ্রয়কেন্দ্র, খাবার ও পানির ব্যবস্থা করতে হবে। এতে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমার সম্ভাবনা থাকে। তাই বলা যায়, ভূমিকম্পে প্রাণহানি ও ক্ষয়ক্ষতি কমাতে দুর্যোগ চলাকালীন কার্যক্রম অপেক্ষা দুর্যোগ-পরবর্তী সময়ের কার্যক্রম অধিক ভূমিকা পালন করে—এ বক্তব্যটি যথার্থ।
বহু নির্বাচনী প্রশ্ন
১। সমুদ্রের তলদেশে সুনামি ঘটতে পারে যে কারণে—
i. প্রচণ্ড ভূমিকম্পে
ii. অগ্ন্যুৎপাতে
iii. অন্য কোনো কারণে ভূ-আলোড়ন সৃষ্টি হলে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
২। বাংলাদেশে বনভূমির পরিমাণ কমে যাওয়ায়—
i. পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
ii. জলবায়ুর ওপর বিরূপ প্রভাব পড়ছে
iii. খরা সৃষ্টি হচ্ছে ও মরুকরণের ঝুঁকি বাড়ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৩। নদীভাঙন প্রতিরোধে যা করতে হবে—
i. অস্থায়ী ভিত্তিতে কোনো কিছু নির্মাণ করা, যা সহজে সরানো যায়
ii. যে গাছের শিকড় মাটির খুব গভীরে যায়, নদীর পাড়ে এমন গাছ লাগানো
iii. নদীতে প্রবল ঢেউ সৃষ্টিকারী জলযানের গতিসীমা নিয়ন্ত্রণ করা
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৪। ভূমিকম্প চলাকালীন করণীয় কী?
i. শক্ত টেবিল বা শক্ত আসবাবপত্রের নিচে আশ্রয় নেওয়া
ii. যথাসম্ভব দ্রুত খোলা জায়গায় চলে যাওয়া
iii. বৈদ্যুতিক সুইচ ও গ্যাসের সংযোগ বন্ধ করে দেওয়া
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৫। রিমা বীণাকে বৈশ্বিক উষ্ণতা বৃদ্ধির জন্য দায়ী শিল্প-কারখানার বর্জ্য ও কালো ধোঁয়া থেকে যা নির্গত হয়, তা বোঝাচ্ছে। এখানে যা নির্গত হয়—
i. প্রচুর পরিমাণে পারদ
ii. প্রচুর পরিমাণে সিসা
iii. প্রচুর পরিমাণে আর্সেনিক
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৬। সবুজের বাড়ির পাশে অনেক জলাভূমি ছিল। আস্তে আস্তে এগুলোর রূপ পরিবর্তন ঘটেছে। আমাদের দেশে এরূপ জলাভূমি ভরাট করে তৈরি করা হয়—
i. বসতবাড়ি
ii. কল-কারখানা
iii. মত্স্য খামার
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৭। বৈশ্বিক উষ্ণায়নের প্রভাবে বর্তমানে পৃথিবীতে যা ঘটছে—
i. পরিবেশের ভারসাম্য নষ্ট হচ্ছে
ii. প্রাকৃতিক দুর্যোগ বৃদ্ধি পাচ্ছে
iii. নতুন নতুন রোগের আবির্ভাব ঘটছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) i ও iii
গ) ii ও iii ঘ) i, ii ও iii
৮। বৈশ্বিক উষ্ণায়নের ফলে কিসের পরিবর্তন ঘটে?
ক) জলবায়ুর খ) মানুষের আচরণের
গ) নদ-নদীর ঘ) প্রকৃতির
৯। সুনামিতে ঢেউয়ের গতিবেগ ঘণ্টায় কত?
ক) ৫০০-৭০০ কিমি খ) ৮০০-১৩০০ কিমি
গ) ৭০০-১৩০০ কিমি ঘ) ১২০০-১৫০০ কিমি।
১০। ভূমিকম্প হলে তুলনামূলকভাবে অধিক নিরাপদ কোনটি?
ক) খোলা জায়গা খ) খাটের নিচ
গ) বসতঘর ঘ) নৌকা
১১। কোনো দেশের মোট আয়তনের শতকরা কতভাগ বনভূমি থাকা প্রয়োজন?
ক) ১৬ খ) ১৯
গ) ২০ ঘ) ২৫
১২। বনভূমির বৃক্ষ নিধনের ফলে—
i. বৃষ্টিপাতের পরিমাণ হ্রাস পাচ্ছে
ii. পৃথিবী মরুময় হয়ে যাচ্ছে
iii. সুনামির সৃষ্টি হচ্ছে
নিচের কোনটি সঠিক?
ক) i ও ii খ) ii ও iii
গ) i ও iii ঘ) i, ii ও iii
১৩। পৃথিবীর নানাবিধ সমস্যার মধ্যে কোনটি জটিল সমস্যা?
ক) জনসংখ্যা বিস্ফোরণ খ) বৃক্ষ নিধন
গ) পরিবেশদূষণ ঘ) গ্রিনহাউস গ্যাস
১৪। গ্রিনহাউস গ্যাসের অপর নাম কী?
ক) তাপ বৃদ্ধিকারক গ্যাস খ) তাপ হ্রাসকারক গ্যাস
গ) প্রাকৃতিক গ্যাস ঘ) তাপ নিরাময়ক গ্যাস
উত্তর
১. ঘ ২. ঘ ৩. ঘ ৪. ঘ ৫. ঘ ৬. ক ৭. ঘ ৮. ক ৯. খ ১০. ক ১১. ঘ ১২. ঘ ১৩. ঘ ১৪. ক।
কমেন্ট