বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
বাংলা
মডেল টেস্ট
পূর্ণমান : ১০০
নিচের অনুচ্ছেদটি পড়ে ১, ২, ৩ ও ৪ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
১৯৭১ সালের ২৫ শে মার্চ মধ্যরাত থেকে দেশপ্রেমী পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ শুরু হয়। এ সময় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে শুরু হয় মুক্তিযুদ্ধ। মওলানা ভাসানীর টাঙ্গাইলের ঘরবাড়ি পাকিস্তানি সৈন্যরা পুড়িয়ে দেয়। মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য তিনি ভারতে চলে যান। মুক্তিযুদ্ধ চলাকালে তিনি প্রবাসী বাংলাদেশ সরকারের উপদেষ্টা পরিষদের সদস্য ছিলেন। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর পাকিস্তানি সেনাবহিনী আত্মসমর্পণ করলে তিনি স্বাধীন বাংলাদেশে ফিরে আসেন। স্বাধীনতার পরও কোনো পদমর্যাদা ও মোহ তাঁকে আকৃষ্ট করতে পারেনি। তিনি সব সময় জনগণের পাশে থেকে বিভিন্ন জনমুখী কর্মসূচি পালন করেন। মওলানা ভাসানী নিজে প্রাতিষ্ঠানিক লেখাপড়া করতে পারেননি; কিন্তু এ দেশের মানুষের শিক্ষা প্রসারে তাঁর অনেক অবদান ছিল। তিনি সন্তোষে ইসলামী বিশ্ববিদ্যালয়, মনিপুরে হাজী মোহাম্মদ মহসিন কলেজ, ঢাকায় আবুজর গিফারি কলেজ এবং টাঙ্গাইলে মওলানা মোহাম্মদ আলী কলেজ প্রতিষ্ঠা করেন। মওলানা ভাসানী ছিলেন একজন নিরহংকার আদর্শবান মানুষ।
তাঁর জীবনাচরণ ছিল অত্যন্ত সাদামাটা ও সহজ-সরল। তিনি টাঙ্গাইলের সন্তোষে একটি সাধারণ বাড়িতে বাস করতেন। খেতেন সাধারণ মানুষের খাবার। এ রকম অনাড়ম্বর জীবনযাপন খুব কম দেখা যায়। ১৯৭৬ সালের ১৭ নভেম্বর এই মজলুম জননেতা ৯৬ বছর বয়সে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে মৃত্যুবরণ করেন।
১। সঠিক উত্তরটি লেখো : ১x৫=৫
১। অনুচ্ছেদটি তোমার পাঠ্য বইয়ের কোন গল্প থেকে নেওয়া হয়েছে?
(i) জননেতা আবদুল হামিদ খান
(ii) মজলুম জননেতা ভাসানী
(iii) মওলানা ভাসানী
(iv) মওলানা আবদুল হামিদ খান ভাসানী
২। ১৯৭১-এর কত তারিখে পাকিস্তানি সৈন্যদের হত্যাযজ্ঞ শুরু হয়?
(i) ৭ মার্চ
(ii) ২৩ মার্চ
(iii) ২৫ মার্চ
(iv) ২৬ মার্চ
৩। টাঙ্গাইলে ভাসানী কী প্রতিষ্ঠা করেন?
(i) মওলানা মোহাম্মদ আলী কলেজ
(ii) আবুজর গিফারি কলেজ
(iii) ইসলামী বিশ্ববিদ্যালয়
(iv) হাজী মোহাম্মদ মহসিন কলেজ
৪। মওলানা ভাসানী কেন ভারতে চলে যান?
(i) পাকিস্তানি সৈন্যরা তাঁর ঘরবাড়ি পুড়িয়ে দিয়েছে বলে
(ii) মুক্তিযুদ্ধে অংশ নেওয়ার জন্য
(iii) হত্যাযজ্ঞের ভয়ে
(iv) নতুন করে আন্দোলনে যোগ দেবেন বলে
৫। মওলানা ভাসানী কেমন মানুষ ছিলেন?
(i) আদর্শবান মানুষ
(ii) অহংকারী মানুষ
(iii) একজন মহাপুরুষ
(iv) একজন নিরীহ প্রকৃতির মানুষ
২। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো : ১+২+২=৫
(ক) আবদুল হামিদ খান কোন পদ?
(খ) মওলানা ভাসানীর জীবনাচরণের দুটি বৈশিষ্ট্য লেখো।
(গ) এ দেশের মানুষের শিক্ষা প্রসারে মওলানা ভাসানীর অবদান কেমন ছিল? দুটি বাক্যে লেখো।
৩। প্রদত্ত শব্দগুলোর অর্থ লেখো : ৫
মজলুম, মোহ, অনাড়ম্বর, নিরহংকার, বঙ্গবন্ধু
৪। প্রদত্ত অনুচ্ছেদটির মূল বক্তব্য লেখো। ৫
নিচের অনুচ্ছেদটি পড়ে ৫, ৬ ও ৭ নম্বর ক্রমিকের প্রশ্নগুলোর উত্তর লেখো :
বেতার বিজ্ঞানের এক বিস্ময়কর আবিষ্কার। এ যন্ত্র আবিষ্কারের আগে দূর-দূরান্তে দ্রুত সংবাদ আদান-প্রদানের জন্য টেলিফোন বা টেলিগ্রামের সাহায্য নিতে হতো। এ জন্য প্রয়োজন হতো হাজার হাজার মাইলব্যাপী তারের সংযোগ সাধন, যা ছিল খুবই ব্যয়বহুল। কিন্তু যন্ত্রটি আবিষ্কারের পর তারের সংযোগের ঝামেলা আর রইল না। তাই এ যন্ত্রটির নাম রাখা হয় ‘বেতার’। এ অদ্ভুত যন্ত্রটি আবিষ্কার একজনের চেষ্টার ফল নয়। এ যন্ত্রটির আবিষ্কারকদের মধ্যে হাইনরিক হার্ত্স, অলিভার, বাঙালি বৈজ্ঞানিক স্যার জগদীশ চন্দ্র বসুর নামও উল্লেখযোগ্য। এর পরিণত রূপদান করেন ইতালির বিখ্যাত বৈজ্ঞানিক মার্কনি। তাই তিনি বেতারযন্ত্রের আবিষ্কারক বলে পরিচিত। ১৯০১ সালে তিনি তাঁর নব আবিষ্কৃত বেতারযন্ত্রের পরীক্ষা করেন। এতে বিনা তারে পৃথিবীর দূরতম স্থানগুলোর মধ্যে যোগাযোগ স্থাপিত হলো। বেতারকেন্দ্রে মাইক্রোফোনের সাহায্যে যে শব্দ তরঙ্গ উত্থিত হয়, তা ইথার তরঙ্গে হয়ে দিক-দিগন্তে বিকীর্ণ হতে থাকে। বেতারকেন্দ্রে যে যন্ত্রটি থাকে তাকে বলা হয় প্রেরক যন্ত্র, অন্যদিকে যারা বেতারবার্তা শুনতে চায়, তাদের যে যন্ত্রের প্রয়োজন হয়, তার নাম গ্রাহক যন্ত্র। প্রেরক যন্ত্র থেকে উত্থিত ইথার তরঙ্গ গ্রাহক যন্ত্রের সঙ্গে সংশ্লিষ্ট তারে এসে প্রতিহত হয়। সে প্রতিহত তরঙ্গ ধ্বনিকে গ্রাহক যন্ত্র প্রথমে বিদ্যুৎ তরঙ্গে ও পরে শব্দ তরঙ্গে পরিণত করে। তখনই আমরা এক স্থান থেকে প্রচারিত কথা অন্য স্থানে বসে সহজ ও স্বাভাবিকভাবে শুনতে পাই।
৫। সঠিক উত্তর লেখো : ১x৫=৫
১। ওপরের অনুচ্ছেদে কী বিষয়ে আলোচনা করা হয়েছে?
(i) বিদ্যুৎ-চুম্বকীয় তরঙ্গ
(ii) বিদ্যুৎ তরঙ্গ
(iii) বেতার তরঙ্গ
(iv) টেলিগ্রাফ ও টেলিফোন
২। বেতারযন্ত্রের পরিণত রূপদান কে করেন?
(i) মার্কনি (ii) স্যার জগদীশ চন্দ্র বসু
(iii) অলিভার (iv) হাইনরিক হার্ত্স
৩। বেতারযন্ত্রের আবিষ্কারকে বিস্ময়কর বলা হয়েছে কেন?
(i) এতে তারের সংযোগের কোনো ঝামেলা নেই বলে
(ii) এতে প্রেরক ও গ্রাহক যন্ত্র আছে বলে
(iii) এতে টেলিফোন বা টেলিগ্রামের সাহায্য নিতে হয় না বলে
(iv) এটা ব্যয়বহুল নয় বলে
৪। বেতারযন্ত্রের আবিষ্কারের পরীক্ষা কত সালে করা হয়?
(i) ১৯০০ সালে
(ii) ১৯০১ সালে
(iii) ১৮০১ সালে
(iv) ১৯০৩ সালে
৫। বেতারকেন্দ্রে থাকা যন্ত্রটির নাম কী?
(i) রেডিও
(ii) টেলিফোন
(iii) গ্রাহক যন্ত্র
(iv) প্রেরক যন্ত্র
৬। ছকে কয়েকটি শব্দ ও শব্দার্থ দেওয়া আছে। উপযুক্ত শব্দটি দিয়ে নিচের বাক্যগুলোর শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লেখো : ৫
শব্দ—শব্দার্থ
তরঙ্গ—ঢেউ
বেতার—তারবিহীন যন্ত্র, রেডিও
ব্যয়বহুল—অনেক খরচ
ঝামেলা—ঝঞ্ঝাট
বিস্ময়কর—আশ্চর্যজনক
টেলিফোন—দূরালাপনি
(ক) জগদীশ চন্দ্র বসুর গবেষণার প্রধান ক্ষেত্র ছিল বিদ্যুৎ চুম্বকীয় ্ব।
(খ) জগদীশ চন্দ্র বসু খ্যাতিমান হয়েছেন অতিক্ষুদ্র ্ব তরঙ্গ আবিষ্কার করে।
(গ) বিদেশে পড়াশোনা করা অত্যন্ত ্ব।
(ঘ) সে সব সময় ্ব এড়িয়ে চলে।
(ঙ) তোমাকে ্ব করে পাই না কেন?
৭। নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো :৫x৩=১৫
(ক) আনন্দ-বিনোদনের ক্ষেত্রে বেতারযন্ত্রের ভূমিকা সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
(খ) শিক্ষা ও জ্ঞান বিতরণে বেতারযন্ত্রের ভূমিকা সম্পর্কে পাঁচটি বাক্যে লেখো।
(গ) বাংলাদেশ বেতারযন্ত্র থেকে প্রচারিত অনুষ্ঠান সম্পর্কে পাঁচটি বাক্য লেখো।
৮। নিচের যুক্তবর্ণগুলো ভেঙে দেখাও এবং প্রতিটি যুক্তবর্ণ দিয়ে তৈরি শব্দ দ্বারা একটি করে বাক্য রচনা করো। ২x৫=১০
(ক) স্ম (খ) ঞ্চ (গ) স্ত্র (ঘ) ঙ্গ (ঙ) হ্ম
৯। উপযুক্ত স্থানে বিরামচিহ্ন বসিয়ে অনুচ্ছেদটি উত্তরপত্রে লেখো : ৫
আচ্ছা বাবা গাছ ভেঙে গেলে ওদেরকে কাটলে ব্যথা পায় না ছেলের কথা শুনে মা হাসেন বাবা কিন্তু হাসলেও ছেলের জবাব দেওয়ার চেষ্টা করেন
১০। এককথায় প্রকাশ করে উত্তরপত্রে লেখো : ৫
(ক) আকাশে যে উড়ে বেড়ায়
(খ) বিদেশে থাকে যে
(গ) যা কষ্টে লাভ করা যায়
(ঘ) যা জলে চরে
(ঙ) যার শত্রু জন্মায়নি
১১। নিচের শব্দগুলোর সমার্থক শব্দ লেখো। ৫
(ক) শখ (খ) সংকল্প (গ) আকাশ (ঘ) পাষণ্ড (ঙ) জনপদ
১২। কবিতাংশটি পড়ে নিচের প্রশ্নগুলোর উত্তর লেখো।
বাদশাহ আলমগীর—
কুমারে তাঁহার পড়াইত এক মৌলভি দিল্লির।
একদা প্রভাতে গিয়া
দেখেন বাদশাহ—শাহজাদা এক পাত্র হস্তে নিয়া
ঢালিতেছে বারি গুরুর চরণে
পুলকিত হৃদে আনত-নয়নে,
শিক্ষক শুধু নিজ হাত দিয়া নিজেরি পায়ের ধুলি
ধুয়ে-মুছে সব করিছেন সাফ সঞ্চারি অঙ্গুলি।
(ক) কবিতাটুকু কোন কবিতার অংশ? কবিতাটির কবির নাম কী? ২
(খ) একদিন সকালে বাদশাহ কী দেখতে পেলেন? তিনটি বাক্যে লেখো। ৩
(গ) প্রদত্ত কবিতাংশটির মূলভাব পাঁচটি বাক্যে লেখো। ৫
১৩। মনে করো, তোমার নাম নাসিম/নাসিমা। তুমি তুলসির চর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র/ছাত্রী। তুমি স্বাধীনতা দিবস উপলক্ষে তোমার বিদ্যালয়ে সুন্দর হাতের লেখা/চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে চাও। এ পরিপ্রেক্ষিতে নিচের ফরমটি পূরণ করো। ৫
প্রতিযোগিতার ফরম
১. নাম :
২. বিদ্যালয়ের নাম :
৩. শ্রেণি :
৪. রোল নং :
৫. যে প্রতিযোগিতায় অংশ নিতে ইচ্ছুক :
আবেদনকারীর নাম : ...............
১৪। মনে করো, তোমার নাম আমিন/আমিনা। তোমার বন্ধু মাসুম/ মাসুমাকে তোমার দেখা যেকোনো একটি দর্শনীয় স্থান ভ্রমণের অভিজ্ঞতা জানিয়ে একটি পত্র লেখো। ৫
১৫। নিচের যেকোনো বিষয়ে ২০০ শব্দের মধ্যে একটি রচনা লেখো : ১০
(ক) শব্দদূষণ
[ভূমিকা, শব্দদূষণ কী, কারণ, ফলাফল বা প্রতিকার, শব্দদূষণ প্রতিরোধের উপায়, উপসংহার। ]
(খ) বৃক্ষরোপণ অভিযান
[ভূমিকা, সময়কাল, প্রয়োজনীয়তা, সচেতনতা সৃষ্টিতে করণীয়, উপসংহার। ]
(গ) বিদায় হজ
[ভূমিকা, মহানবী (স.) কর্তৃক প্রদত্ত বক্তব্য, বিদায় হজের গুরুত্ব, উপসংহার। ]
(ঘ) শহীদ তিতুমীর
[ভূমিকা, জন্মপরিচয়, শিক্ষাজীবন, স্বদেশ চেতনা, মক্কা গমন, অসাম্প্রদায়িক মনোভাব, স্বাধীনতার ঘোষণা, বাঁশের কেল্লা, নির্মাণ, ইংরেজদের সঙ্গে যুদ্ধ, উপসংহার। ]
কমেন্ট