বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
জীববিজ্ঞান প্রথম পত্র
দ্বিতীয় অধ্যায় : কোষ বিভাজন
সৃজনশীল প্রশ্ন
চিত্র দেখে প্রশ্নগুলোর উত্তর দাও :
ক) মেটাকাইনেসিস কী? ১
খ) মায়োসিসকে হ্রাসমূলক বিভাজন বলা হয় কেন? ২
গ) চিত্রে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে তার ব্যাখ্যা দাও। ৩
ঘ) চিত্রের যে প্রক্রিয়াটি জীববৈচিত্র্যের ক্ষেত্রে কী ভূমিকা রাখে তা বিশ্লেষণ করো। ৪
উত্তর :
ক) স্পিন্ডলযন্ত্রের বিষুবীয় অঞ্চলে ক্রমোজমের বিন্যস্ত হওয়াকে মেটাকাইনেসিস বলে।
খ) মায়োসিস কোষ বিভাজনে নিউক্লিয়াস দুবার এবং ক্রমোজম একবার বিভক্ত হয়। ফলে আপত্য কোষে ক্রমোজম সংখ্যা মাতৃকোষের ক্রমোজম সংখ্যার অর্ধেক হয়ে যায়। এ বিভাজনে ক্রমোজম সংখ্যা অর্ধেক হ্রাস পায় বলে এ বিভাজনকে হ্রাসমূলক বিভাজন বলা হয়।
গ) উদ্দীপকের চিত্রে যে প্রক্রিয়াটি দেখানো হয়েছে, তা হলো ক্রসিংওভার। নিম্নে এর ব্যাখ্যা দেওয়া হলো।
১। দুইটি হোমোলোগাস ক্রমোজমের মধ্যে জোড় সৃষ্টি হওয়াকে সিন্যাপসিস বলে। প্রতিটি জোড় বাঁধা ক্রমোজম জোড়াকে বাইভেলেন্ট বলে।
২। বাইভেলেন্টের প্রতিটি ক্রমোজমকে সেন্ট্রোমিয়ার ছাড়া অণুদৈর্ঘ্যে দুটি ক্রমোটিডে বিভক্ত দেখা যায়। প্রতি বাইভেলেন্টে দুটি সেন্ট্রোমিয়ার এবং চারটি ক্রমাটিড থাকে। এ অবস্থাকে টেট্রাড বলে।
৩। একই ক্রমোজমের ক্রমাটিডদ্বয়কে সিস্টার ক্রমাটিড বলে। একই জোড়ার দুটি ভিন্ন ক্রমোজমের ক্রমাটিডকে নন-সিস্টার ক্রমাটিড বলে।
৪। দুটি নন-সিস্টার ক্রমাটিডের মাধ্যমে এক বা একাধিক স্থানে ইংরেজি X আকৃতির ন্যায় কায়াজমা সৃষ্টি করে।
৫। নন-সিস্টার ক্রমাটিডের মধ্যে পরস্পর অংশের বিনিময়কে ক্রসিংওভার বলে।
ঘ) উদ্দীপকের প্রক্রিয়াটিতে ক্রসিংওভারকে বোঝানো হয়েছে। হোমোলোগাস ক্রমোজমের দুটি নন-সিস্টার ক্রমাটিডের মধ্য অংশের বিনিময়কে ক্রসিংওভার বলে। ক্রসিংওভারের ফলে দুটি হোমোলোগাস ক্রমোজমের নন-সিস্টার ক্রমাটিডের মধ্য অংশের বিনিময়ের মাধ্যমে বৈশিষ্ট্য নিয়ন্ত্রণকারী জিনের আদান-প্রদান ঘটে। এই জিনের আদান-প্রদানের মাধ্যমে ক্রমোজমের বৈশিষ্ট্যেও পরিবর্তন ঘটে। প্রক্রিয়াটি সম্পন্ন হলে পরবর্তী সময়ে কোষ বিভাজনের শেষে উত্পন্ন অপত্য ৪ কোষেও জিনের বিন্যাসে পরিবর্তন ঘটে।
ফলে যৌন জননে সৃষ্ট জীবকোষের ক্রমোজমেও দেখা যায় জিনের বিন্যাসের আমূল পরিবর্তন। এভাবে যৌন জননের মাধ্যমে সৃষ্ট জীবে বৈচিত্র্য দেখা যায়। এ বৈচিত্র্য ক্রমোজমে জিন বিন্যাসের ভিন্নতার কারণেই ঘটে থাকে। আর এ জিন বিন্যাসের ভিন্নতার মূলে রয়েছে ক্রসিংওভার। সুতরাং জিনগত এ বৈচিত্র্য সৃষ্টিতে ক্রসিংওভারের ভূমিকা অপরিসীম।
কমেন্ট