বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রীর প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে

বিয়ের দেড় মাসের মাথায় স্বামী-স্ত্রীর প্রাণ গেল বিদ্যুৎস্পৃষ্টে

ঢাকার কেরানীগঞ্জের আঁটিবাজার এলাকায় বিয়ের দেড় মাসের মাথায় বিদ্যুৎস্পৃষ্টে স্বামী-স্ত্রীর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১০ নভেম্বর) সকালে কেরানীগঞ্জ মডেল থানার ইনচার্জ মামুন-অর-রশীদ এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে বুধবার (৯ নভেম্বর) রাত ১২টার দিকে শাক্তা ইউনিয়নের আটিবাজার সুমন হাউজিং এলাকায় এ ঘটনা ঘটে।  

নিহতরা হলেন- ইসমাইল হোসেন (২০) ও তার স্ত্রী মোসাম্মৎ কাজল আক্তার (১৮)।


ইসমাইল কেরানীগঞ্জ আমবাগিচা এলাকার স্থায়ী বাসিন্দা মো. আলীর ছেলে। বর্তমানে আটিবাজার সুমন হাউজিং এলাকায় একটি বাসার চারতলায় পরিবার নিয়ে ভাড়া থাকতেন।
প্রতিবেশী ফারুক আহমেদ বলেন, গত দেড় মাস আগে ইসমাইল ও কাজলের বিয়ে হয়।   বিয়ের পর থেকে তারা এ বাড়িতেই থাকতেন। আমাদের ফ্ল্যাটের পাশ দিয়ে পল্লী বিদ্যুতের একটি সংযোগ রয়েছে। রাতের বেলা ইসমাইলের ফ্ল্যাট থেকে কোনো কাপড় বাতাসে উড়ে গিয়ে বিদ্যুতের তারের ওপর পড়ে। সেখান থেকে তারা স্টিলের পাইপের মাধ্যমে সেটা নামাতে গেলে বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।  

ভবন মালিক সুজনের সঙ্গে মুঠোফোনে কথা হলে তিনি জানান, রাতের বেলা ঘটনাটি ঘটেছে। ঘটনা শুনে আমি সাথে সাথেই ঘটনাস্থলে চলে যাই। লোকমুখে শুনেছি, তারা নাকি স্টিলের পাইপ দিয়ে বিদ্যুতের তার থেকে কিছু একটা আনতে গিয়ে এ দুর্ঘটনা ঘটেছে।  

কেরানীগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মামুনুর রশিদ বলেন, বুধবার রাতে বিদ্যুৎস্পর্শে স্বামী-স্ত্রী মৃত্যু হয়েছে। এ বিষয়ে তদন্ত চলছে। একই সঙ্গে মামলা প্রক্রিয়াধীন।

৫ দিনের রিমান্ডে বুয়েট শিক্ষার্থী ফারদিনের বান্ধবী পরবর্তী

৫ দিনের রিমান্ডে বুয়েট শিক্ষার্থী ফারদিনের বান্ধবী

কমেন্ট