বিএনপি সরকার দায়িত্ব নেওয়ার সময় দেশে হামের টিকার কোনো মজুত ছিল না: স্বাস্থ্যমন্ত্রী
এইচএসসি পেছানোর সুযোগ নেই, নির্ধারিত সূচিতে হবে পরীক্ষা: শিক্ষামন্ত্রী
এবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা নির্ধারিত সূচিতেই শুরু হবে জানিয়ে শিক্ষামন্ত্রী দীপু মনি বলেছেন, কিছু শিক্ষার্থী বিক্ষোভ করলেও পরীক্ষা পেছানোর কোনো ‘সুযোগ নেই’।
আগামী ১৭ অগাস্ট এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হবে। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) প্রণীত ২০২৩ সালের পুনর্বিন্যস্ত সিলেবাসে সব বিষয়ে পূর্ণ নম্বরে পরীক্ষা হলেও তথ্য প্রযুক্তি (আইসিটি) পরীক্ষা ১০০ নম্বরের পরিবর্তে ৭৫ নম্বরে হবে।
আসন্ন এইচএসসি ও সমমানের পরীক্ষা ‘সুষ্ঠু, নকলমুক্ত ও ইতিবাচক’ পরিবেশে সম্পন্ন করতে মঙ্গলবার রাজধানীর সেগুনবাগিচায় আন্তর্জাতিক মাতৃভাষা ইনস্টিটিউটে জাতীয় মনিটরিং ও আইনশৃঙ্খলা কমিটির সভা শেষে এক ব্রিফিংয়ে এ কথা জানান শিক্ষামন্ত্রী।
তিনি বলেন, "পরীক্ষা পেছানোর কোনো সুযোগ নেই। কিছু শিক্ষার্থী এটি পেছানোর দাবি করেছে। তাদের দাবিগুলো যৌক্তিক নয়।
"এখনও সময় আছে। তারা এখনও পড়াশুনা করলে ভালো করবে। আমি আশা করব, তারা বিক্ষোভ না করে পরীক্ষা দেবে।"
ডেঙ্গু পরিস্থিতি ভয়াবহ আকার ধারণ করার কারণ দেখিয়ে এইচএসসি ও সমমান পরীক্ষা পেছানোর দাবি নিয়ে গত দুদিন ধরে ঢাকায় বিক্ষোভ করছে একদল শিক্ষার্থী। পেছানোর পাশাপাশি ১০০ নম্বরের পরিবর্তে পরীক্ষা ৫০ নম্বরে নেওয়ার দাবিও তুলছে তারা।
শিক্ষা মন্ত্রী জানান, তথ্যপ্রযুক্তি (আইসিটি) ছাড়া সব বিষয়ের পরীক্ষাই ১০০ নম্বরে হবে। আইসিটি পরীক্ষা হবে ৭৫ নম্বরে।
এর মধ্যে ২৫ নম্বর থাকবে ব্যবহারিকে, বাকি ৫০ নম্বরের তত্ত্বীয় পরীক্ষা নেওয়া হবে। ৫০ নম্বরের মধ্যে ২০ নম্বর থাকবে এমসিকিউ আর ৩০ নম্বরের রচনামূলক পরীক্ষা হবে।”
তবে এবার শিক্ষার্থীদের উত্তর দেওয়ার ‘অপশন’ বাড়িয়ে দেওয়া হয়েছে বলে জানান দীপু মনি।
তিনি বলেন, ২০ নম্বরের এমসিকিউয়ে ২৫টি প্রশ্ন থাকবে। ২০টির উত্তর দিতে হবে। আর রচনামূলক অংশে আগে ৮টি প্রশ্ন থেকে ৫টির উত্তর দিতে হত। এবার ৮টি থেকে ৩টির উত্তর দিতে হবে।
“অর্থাৎ অপশন অনেক বেড়ে গেল। এতে শিক্ষার্থীদের সুবিধা হবে এবং তাদের পরীক্ষা দেওয়া সহজ হবে।”
এমসিকিউ অংশের উত্তর দিতে হবে ২৫ মিনিটের মধ্যে। আর রচনামূলক অংশে জন্য দুই ঘণ্টা সময় পাবেন শিক্ষার্থীরা। আগে রচনামূলকের জন্য ২ ঘণ্টা ৩৫ মিনিট এবং এমসিকিউ অংশের জন্য ২৫ মিনিট সময় দেওয়া হত।
১৪ অগাস্ট থেকে ২৫ সেপ্টেম্বর সব কোচিং বন্ধ
আসন্ন এইচএসসি পরীক্ষা ‘গুজবমুক্ত ও নকলমুক্ত পরিবেশে সুষ্ঠু ও সুন্দরভাবে’ অনুষ্ঠানের জন্য আগামী ১৪ অগাস্ট থেকে ২৫ সেপ্টেম্বর সব কোচিং বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী।
সাংবাদিকদের প্রশ্নে জবাবে তিনি বলেন, “কোচিং মানে সব ধরনের কোচিং। কোনো কোচিং সেন্টারই খোলা রাখা যাবে না। খোলা রাখলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”
কমেন্ট