অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব, গোবিন্দার মিথ্যা ফাঁস করলেন প্রযোজক!

অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব, গোবিন্দার মিথ্যা ফাঁস করলেন প্রযোজক!

‘টাইটানিক’খ্যাত পরিচালক জেমস ক্যামেরন তার সাই ফাই চলচ্চিত্র ‘অ্যাভাটার’ দিয়ে রীতিমতো দুনিয়া কাঁপিয়ে দিয়েছিলেন। অ্যাভাটার ফ্র্যাঞ্চাইজি বিশ্বের বক্স অফিসে একাধিক নজির সৃষ্টি করেছে। ২০২২ সালে সিনেমাটির সিক্যুয়েল মুক্তি পায় যা বক্স অফিসে নতুন করে রেকর্ড গড়ে। তবে আপনি জানেন কি, বিশ্বখ্যাত এই সিনেমাটিতে অভিনয়ের প্রস্তাব পেয়েছিলেন বলিউডের গোবিন্দা! এমনটাই দাবি করেছিলেন এই অভিনেতা।


এক সময় বলিউড অভিনেতা গোবিন্দ দাবি করেছিলেন, তিনি অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব প্রত্যাখ্যান করেছেন। তার পর অভিনেতার মন্তব্যের পক্ষে-বিপক্ষে চর্চা শুরু হয়। সম্প্রতি প্রযোজক ও সেন্সর বোর্ডের প্রাক্তন চেয়ারপার্সন পহলাজ নিহালনি বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। একই সঙ্গে গোবিন্দের দাবি সত্য কি না, সে কথাও প্রকাশ করেছেন তিনি।


অনেক আগে একটি চ্যাট শো’তে গোবিন্দ জানিয়েছিলেন, ক্যামেরন তাকে অ্যাভাটারে অভিনয়ের প্রস্তাব দেন। কিন্তু শর্ত দেওয়া হয়েছিল, প্রায় ৪০০ দিন গায়ে রং মেখে গোবিন্দকে শুটিং করতে হবে। গোবিন্দ এই শর্ত মেনে নেননি বলেই সিনেমাটির প্রস্তাব ফিরিয়েছিলেন। একই সঙ্গে তিনি জানিয়েছিলেন, ক্যামেরনকে সিনেমার শিরোনাম রাখার ব্যাপারে তিনিই নাকি পরামর্শ দিয়েছিলেন।


সম্প্রতি একটি সাক্ষাৎকারে পহলাজ গোবিন্দের দাবি করা সেই বিষয়টি নিয়ে মুখ খুলেছেন। গোবিন্দ প্রসঙ্গে তিনি জানান, গোবিন্দ গুলিয়ে ফেলেছিলেন বিষয়টি! কারণ পহলাজের পরিচালনায় ‘অবতার’ নামেই একটি চলচ্চিত্রে অভিনয় করেন গোবিন্দ। পহলাজ বলেন, ‘আমি ওর সঙ্গে সিনেমার ৪০ মিনিট শুটিং করেছিলাম। কিন্তু শেষ পর্যন্ত এটি তৈরি হয়নি।’

পহলাজ বলেন, ‘সিনেমাটির শুটিংয়ের সময় বার বার গোবিন্দ জ্ঞান হারান।


এই ভাবে তারিখ পেছাতে থাকে। এর কিছু গান আর শেষের অংশের শুটিং বাকি ছিল। কিন্তু গোবিন্দ আর শুটিং করলেন না।’
তাহলে অ্যাভাটার সম্পর্কে গোবিন্দ কি সত্য বলেননি? এমন প্রশ্নে পহলাজ বলেন, ‘শিরোনাম দেখে ওর মাথায় কী হয়েছিল জানি না, পরে ও বলতে থাকল যে, হলিউডের ‘অবতার’ করছে। সেই সময় ওর মাথা খারাপ হয়ে গিয়েছিল।’

নব্বইয়ের দশকে পহলাজ প্রযোজিত ‘শোলা অউর শবনম’-এ অভিনয় করেন গোবিন্দ। ২০১৯ সালে মুক্তি পায় গোবিন্দর শেষ চলচ্চিত্র ‘রঙ্গিলা রাজা’। এটিও প্রযোজনা করেন পহলাজ।

ক্যাটরিনার জন্মদিনে গোপন ছবি প্রকাশ্যে আনলেন ভিকি পরবর্তী

ক্যাটরিনার জন্মদিনে গোপন ছবি প্রকাশ্যে আনলেন ভিকি

কমেন্ট