অগ্রিম পারিশ্রমিক নিয়ে চম্পট, অক্ষয় খান্নাকে আইনি নোটিশ ‘দৃশ্যম ৩’ প্রযোজকের

অগ্রিম পারিশ্রমিক নিয়ে চম্পট, অক্ষয় খান্নাকে আইনি নোটিশ ‘দৃশ্যম ৩’ প্রযোজকের

আগামী বছরের অক্টোবরে মুক্তি পাওয়ার কথা ‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির তৃতীয় কিস্তি ‘দৃশ্যম ৩’। ছবিটি ঘিরে ইতিমধ্যেই আলোচনার কেন্দ্রে উঠে এসেছেন অভিনেতা অক্ষয় খান্না। ‘ধুরন্ধর’-এর সাফল্যের আবহে হঠাৎ করেই তিনি সিনেমাটি থেকে সরে দাঁড়ান—পারিশ্রমিক ও লুক সংক্রান্ত মতানৈক্য নিয়ে শুরু হয় জোর চর্চা। এই পরিস্থিতিতে বিস্ফোরক মন্তব্য করলেন ছবির প্রযোজক কুমার মঙ্গত পাঠক।


প্রযোজকের দাবি অনুযায়ী, অক্ষয়ের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েই ‘দৃশ্যম ৩’-এর কাজ শুরু হয়েছিল। তাঁর কথায়, ‘দীর্ঘ আলোচনার পর অক্ষয়ের চাহিদামতো পারিশ্রমিকও ঠিক করা হয়েছিল। কিন্তু হঠাৎই তিনি পরচুলা পরার বিষয়ে অনড় হয়ে ওঠেন। পরিচালক অভিষেক পাঠক তাকে বোঝান, চরিত্রের ধারাবাহিকতা বজায় রাখতে সিক্যুয়ালে পরচুলা ব্যবহার করা যাবে না।


তখন অক্ষয় আপত্তি তোলেননি। কিন্তু পরে তাঁর আশপাশের লোকজন তাঁকে বোঝান, উইগ পরলে পর্দায় আরো স্মার্ট লাগবে। এরপর আবারও তিনি সেই দাবিতে অনড়।’

 
প্রযোজকের আরো অভিযোগ, পরিচালক তখন বিষয়টি নিয়ে ফের আলোচনায় বসতে চাইলেও তার আগেই অক্ষয় খান্না জানিয়ে দেন, ‘দৃশ্যম ৩’-এর অংশ হতে তিনি আর আগ্রহী নন।


সবচেয়ে বড় অভিযোগ—অক্ষয় খান্না নাকি সিনেমাটির জন্য অগ্রিম পারিশ্রমিক গ্রহণ করার পরই কাজ থেকে সরে দাঁড়ান। এই কারণেই অভিনেতার বিরুদ্ধে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক কুমার মঙ্গত পাঠক।

এখানেই থামেননি তিনি। সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পাঠকের সংযোজন,
“২০১৯ সালে ‘সেকশন ৩৭৫’ ছবিতে আমি অক্ষয়কে নিয়েছিলাম, তখন ও বিশেষ কিছুই ছিল না। অনেকেই ওর অপেশাদার আচরণ নিয়ে আমাকে সতর্ক করেছিলেন।


শুটিং সেটে ওকে বরাবরই টক্সিক মনে হয়েছে। আমার সেই ছবিটাই ওকে নতুন করে পরিচিতি দেয়। এরপর ‘দৃশ্যম ২’-এ ওকে নিই। তারপরই ওর কাছে একের পর এক বড় ছবির প্রস্তাব আসে। তার আগে কিন্তু ২–৩ বছর সে কার্যত বসেই ছিল।”
প্রযোজকের কটাক্ষ আরও তীব্র, “‘দৃশ্যম’ ফ্র্যাঞ্চাইজির আসল মুখ অজয় দেবগন। ‘ছাবা’ ভিকি কৌশলের ছবি। ‘ধুরন্ধর’ রণবীর সিংয়ের। অক্ষয় খান্নাকে একা রেখে ছবি বানালে সেটা ভারতে ৫০ কোটিও তুলতে পারবে না। অথচ এখন তিনি নিজেকে সুপারস্টার ভাবছেন। প্রযোজকদের জিজ্ঞেস করা উচিত—কে ওর সিনেমায় টাকা ঢালবে?”

এদিকে বলিউড সূত্রের খবর, ‘দৃশ্যম ৩’-এ অক্ষয় খান্নার জায়গায় জয়দীপ আহলাওয়াতকে দেখা যেতে পারে। এই জল্পনায় সিলমোহর দিয়ে প্রযোজক বলেন,
“ভাগ্যিস অক্ষয়ের চেয়েও ভালো অভিনেতা জয়দীপকে আমরা পেয়েছি।”

সবশেষে কুমার মঙ্গত পাঠকের আরও দাবি, অক্ষয় খান্না নাকি বর্তমানে বলে বেড়াচ্ছেন—হাজার কোটির গণ্ডি পেরোনো ‘ধুরন্ধর’ নাকি শুধুই তাঁর দাপটেই চলছে, যা নিয়েও ইন্ডাস্ট্রিতে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে।

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা
পরবর্তী

বিয়ের আগেই শেষ ব্যাচেলর হানিমুনে কোথায় গেলেন বিজয়-রাশমিকা

কমেন্ট