২৩ বছর পর আবারও প্রেক্ষাগৃহে ফিরছে সালমান খানের ‘তেরে নাম’
দুই দশকেরও বেশি সময় আগে মুক্তি পাওয়া বলিউড সিনেমা ‘তেরে নাম’ ছিল সালমান খানের ক্যারিয়ারের অন্যতম বড় ব্লকবাস্টার। শুধু বক্স অফিস সাফল্যই নয়, এই সিনেমা সালমান খানের জনপ্রিয়তাকে নিয়ে গিয়েছিল নতুন উচ্চতায়। ভূমিকা চাওলার বিপরীতে সালমানের হৃদয়ছোঁয়া প্রেমকাহিনি আজও দর্শকের মনে গভীর ছাপ রেখে গেছে।
এবার সেই স্মৃতিমাখা প্রেমকাহিনি আবারও ফিরছে বড় পর্দায়।
মুক্তির ২৩ বছর পর পুনরায় প্রেক্ষাগৃহে মুক্তি পেতে চলেছে ‘তেরে নাম’। আগামী ২৭ ফেব্রুয়ারি সিনেমাটি রি-রিলিজ করা হবে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে পিভিআর ও আইএনওএক্স কর্তৃপক্ষ।
এই পুনঃমুক্তি তরুণ প্রজন্মের দর্শকদের জন্য এক বিশেষ সুযোগ।
যারা এতদিন শুধু টেলিভিশন বা ওটিটি প্ল্যাটফর্মে ‘তেরে নাম’ দেখেছেন, তারা এবার বড় পর্দায় সিনেমাটির আবেগ, গান ও প্রেমের গল্প উপভোগ করতে পারবেন।
সিনেমাটির পুনঃমুক্তির খবর সামনে আসতেই সোশ্যাল মিডিয়ায় উচ্ছ্বাস প্রকাশ করেছেন ভক্তরা। কেউ লিখেছেন, “ভীষণ ভীষণ উত্তেজিত।” আরেকজনের মন্তব্য, “রাধে আবার ফিরে এসেছে।
” কেউ আবার লিখেছেন, “এই সিনেমাটা মিস করা যাবে না।”
প্রসঙ্গত, শুধু ‘তেরে নাম’ নয়—আগামী মাসে বলিউডের আরও কিছু কালজয়ী সিনেমাও ফের বড় পর্দায় মুক্তি পেতে চলেছে। এর মধ্যে ৬ ফেব্রুয়ারি পুনঃমুক্তি পাচ্ছে ‘দেবদাস’ এবং ২০ ফেব্রুয়ারি মুক্তি পাবে জনপ্রিয় ছবি ‘যুবা’।
সব মিলিয়ে ফেব্রুয়ারি মাসটি হতে চলেছে সিনেমাপ্রেমীদের জন্য নস্টালজিয়ায় ভরপুর এক বিশেষ সময়।
কমেন্ট