সহযোগিতা ছাড়া জুলাই সনদ বাস্তবায়নের দাবি পরস্পরবিরোধী : স্বরাষ্ট্রমন্ত্রী
‘ডন ৩’-এর গুঞ্জনে ইতি টানলেন হৃত্বিক
ফারহান আখতারের বহুল আলোচিত ফ্র্যাঞ্চাইজি ‘ডন’-এর তৃতীয় কিস্তি নিয়ে গুঞ্জনের ডালপালা যেনে বেড়েই চলেছে। রণবীর সিংয়ের পরিবর্তে নাকি ছবিটিতে দেখা যাবে হৃত্বিক রোশনকে, এমনটাই শোনা গিয়েছিল। ফারহানের সঙ্গে রণবীরের দূরত্ব বাড়ার পর এই জল্পনা আরো জোরদার হয়েছিল। অনেকেই ভেবেছিলেন এই গুঞ্জনই বোধহয় সত্যি হবে শেষমেশ।
তবে এবার এই জল্পনায় মুখ খুললেন অভিনেতা।
সম্প্রতি এক সাক্ষাৎকারে সপাট জবাব দেন বলিউডের ‘গ্রিক গড’। হৃত্বিক রোশন বলেন, ‘ক্রমাগত এই জল্পনা আগুনের মতো ছড়িয়ে পড়ছে। এবার মনে হয় এর রাশ টানার সময় এসে গেছে।
কারণ গুঞ্জন আর এখন গুঞ্জন থাকছে না। এটা রীতিমতো নানা বিতর্কের জন্ম দিচ্ছে। যা দিনের পর দিন সহ্য করাও এবার মুশকিল হয়ে দাঁড়িয়েছে। চারিদিকে গুঞ্জন আমি নাকি ‘ডন ৩’ ছবিতে অভিনয় করছি।
স্পষ্ট করে আমি একটাই কথা বলতে চাই, অমিতাভ বচ্চন ও শাহরুখ খানের ছেড়ে যাওয়া জুতোয় আমি পা গলাচ্ছি না। তার থেকেও বড় কথা আমার কাছে কখনো এই ছবির প্রস্তাব আসেইনি। যা রটছে তা পুরোটাই ভুয়া, ভিত্তিহীন। তাই সংবাদমাধ্যমকেও অনুরোধ এই নিয়ে গুজব ছড়ানোর আগে সঠিক খবরটা জানুন তারপর বলুন।’
বলে রাখা ভালো, এর আগে ফারহানের ‘ডন ৩’ নিয়ে চর্চার মুখে রণবীর দাবি করেছিলেন তাঁর জায়গায় নির্মাতারা হৃত্বিক রোশনকেই এই চরিত্রের জন্য বেছেছেন।
এবার অভিনেতার এই নিয়ে সপাট জবাবের পর অনেকের মনেই এই প্রশ্নের উদ্রেক হচ্ছে তাহলে কি রণবীর ‘ডন ৩’ ছবিতে হৃত্বিক রোশনের যোগদান নিয়ে মিথ্যা বলেছিলেন?
অন্যদিকে এই ছবি নিয়ে মন কষাকষি চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে রণবীর ও পরিচালক ফারহানের। এমনকী একে অপরকে সোশ্যাল মিডিয়ায় আনফলোও করেছেন। এবার হৃত্বিক রোশনের সাফ জবাবের পর ‘ডন ৩’ নিয়ে নতুন কোন বিতর্ক দানা বাঁধে তার অপেক্ষায় দর্শক-অনুরাগীরা।
উল্লেখ্য, এর আগে ‘ডন ২’ ছবিতে ক্যামিও চরিত্রে দেখা গিয়েছিল হৃত্বিক রোশনকে। ছবিতে যখন ছদ্মবেশে গা ঢাকা দেন শাহরুখ তখন হৃত্বিককে দেখা গিয়েছিল সেই চরিত্রে। এর আগে এক সাক্ষাৎকারে ফারহান নিজে জানিয়েছিলেন যে, ‘ডন’ চরিত্রে শাহরুখ নন বরং তাঁর প্রথম পছন্দ ছিল হৃত্বিক রোশন।
কমেন্ট