যে ছবিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকির মুখে রাশমিকা

যে ছবিতে ক্যারিয়ারের সবচেয়ে বড় ঝুঁকির মুখে রাশমিকা

দক্ষিণী সিনেমা দিয়ে দর্শকদের মন জয় করার পর বলিউড মাতানো অভিনেত্রী রাশমিকা মান্দানা এবার হাজির হচ্ছেন সম্পূর্ণ নতুন এক রূপে। তার আসন্ন সিনেমা ‘ককটেল ২’-কে নিজের ক্যারিয়ারের সবচেয়ে বড় অনস্ক্রিন ঝুঁকি হিসেবে অভিহিত করেছেন এই তারকা। 

সম্প্রতি মুম্বাইয়ে জাঁকজমকপূর্ণ এক ট্রেলার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত হয়ে ছবি ও নিজের চরিত্র নিয়ে নানা অজানা কথা শেয়ার করেছেন তিনি। 

‘পুষ্পা’ খ্যাত এই অভিনেত্রী জানান, ছবির ‘দিয়া’ চরিত্রটিতে অভিনয় করার প্রস্তাব যখন প্রথম তার কাছে আসে, তখন তিনি বেশ ইতস্তত বোধ করছিলেন। কারণ এই চরিত্রটি তার অতীতের চেনা গণ্ডির বাইরের। 

রাশমিকা বলেন, ‘পর্দায় নিজের লুক এবং পারফরম্যান্স দেখে আমি নিজেই চমকে গিয়েছিলাম। আমি সত্যি খুব ভয়ে ছিলাম, কারণ সিনেমায় আমাকে এর আগে এত বেশি মডার্ন বা শহুরে লুকে কখনো দেখা যায়নি।’ তিনি আরও যোগ করেন যে, দর্শকরা সাধারণত তাকে আবেগঘন এবং তীব্র গভীরতাসম্পন্ন চরিত্রে দেখতেই বেশি অভ্যস্ত। 

শুরুতে এই চরিত্রটি বেছে নেওয়া ক্যারিয়ারের জন্য সঠিক সিদ্ধান্ত কিনা—তা নিয়ে রাশমিকার মনে বেশ সংশয় ছিল। নিজের দ্বিধাদ্বন্দ্বের কথা স্বীকার করে তিনি বলেন, ‘প্রথমে আমি ভাবছিলাম, এটা কি আমার জন্য সঠিক পদক্ষেপ হচ্ছে? কিন্তু পরক্ষণেই মনে হলো, যেহেতু আমি এর আগে কখনো এমন কিছু করিনি, তাই এবার আমাকে এই চ্যালেঞ্জটা নিতেই হবে।’ 

সিনেমাটির গল্প সম্পর্কে বলতে গিয়ে রাশমিকা একে প্রেম, বন্ধুত্ব এবং জীবনের নানা জটিলতা কাটিয়ে ওঠার এক সুন্দর মিশ্রণ বলে উল্লেখ করেন। তার মতে, তরুণ প্রজন্মের আনন্দ, উল্লাস, প্রেম এবং বিশৃঙ্খল জীবনের এক দারুণ মেলবন্ধন ‘ককটেল ২’। 

প্রসঙ্গত, ২০১২ সালের ব্লকবাস্টার ছবি ‘ককটেল’র সিক্যুয়েল হিসেবে নির্মিত এই ত্রিভুজ প্রেমের গল্পে মূল চরিত্রে অভিনয় করেছেন শাহিদ কাপুর (কুনাল চরিত্রে), কৃতি শ্যানন (অ্যালি চরিত্রে) এবং রাশমিকা মান্দানা (দিয়া চরিত্রে)। 

হোমি আদাজানিয়া পরিচালিত এবং দীনেশ বিজন প্রযোজিত এই ছবির ট্রেলারে ইতোমধ্যেই শাহিদ, কৃতি ও রাশমিকার মধ্যকার জটিল সম্পর্কের রসায়ন এবং আবেগঘন টানাপোড়েন ফুটিয়ে তোলা হয়েছে, যা দর্শকদের মাঝে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে। প্রায় ১৫০ কোটি রুপি বাজেটের এই জমকালো রোমান্টিক-কমেডি ছবিটি মুক্তির আগেই ডিজিটাল ও থিয়েটার স্বত্ব থেকে বড় অঙ্কের অর্থ তুলে নিয়েছে। 

সব জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে আগামী ১৯ জুন প্রেক্ষাগৃহে সিনেমাটি মুক্তি পেতে যাচ্ছে। 

বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই তৃষার কড়া জবাব পরবর্তী

বিজয়ের সঙ্গে প্রেমের গুঞ্জনের মাঝেই তৃষার কড়া জবাব

কমেন্ট