বক্স অফিসে ‘ওডিসি’র দাপট, কে কত পারিশ্রমিক নিয়েছেন?
বিশ্বজুড়ে বক্স অফিসে দুর্দান্ত সাফল্য নিয়ে এগিয়ে চলছে পরিচালক ক্রিস্টোফার নোলানের বহুল আলোচিত চলচ্চিত্র ‘দ্য ওডিসি’। গ্রিক মহাকাব্য অবলম্বনে নির্মিত এই সিনেমা মুক্তির পর থেকেই দর্শক ও সমালোচকদের প্রশংসা কুড়াচ্ছে।
শুধু আন্তর্জাতিক বাজারই নয়, ভারতীয় বক্স অফিসেও ছবিটি উল্লেখযোগ্য সাড়া ফেলেছে।
প্রায় ২৫০ মিলিয়ন মার্কিন ডলার (বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ হাজার কোটি টাকা) ব্যয়ে নির্মিত সিনেমাটি ১৭ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পায়। বিশাল বাজেটের এই প্রযোজনায় হলিউডের একঝাঁক তারকা একসঙ্গে অভিনয় করেছেন। এরই মধ্যে প্রকাশ্যে এসেছে তাঁদের পারিশ্রমিকের তথ্য, যা নিয়ে ভক্তদের মধ্যেও তৈরি হয়েছে ব্যাপক আগ্রহ।
সিনেমার কেন্দ্রীয় চরিত্র ইথাকার রাজা ওডিসিউসের ভূমিকায় অভিনয় করেছেন ম্যাট ড্যামন। তিনিই ছবির সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া অভিনেতা। এ সিনেমার জন্য তিনি পেয়েছেন ১৫ মিলিয়ন মার্কিন ডলার (১৮৪ কোটি টাকারও বেশি)। যদিও সাধারণত একটি ছবিতে অভিনয়ের জন্য তাঁর পারিশ্রমিক ২৫ মিলিয়ন ডলারের কাছাকাছি।
অর্থাৎ নোলানের সঙ্গে কাজ করার সুযোগে তিনি তুলনামূলক কম পারিশ্রমিকেই রাজি হয়েছেন।
ওডিসিউসের স্ত্রী ও ইথাকার রানি পেনেলোপ চরিত্রে অভিনয় করেছেন অ্যান হ্যাথাওয়ে। ক্রিস্টোফার নোলানের সঙ্গে এটি তাঁর তৃতীয় কাজ। এর আগে ‘দ্য ডার্ক নাইট রাইজেস’ ও ‘ইন্টারস্টেলার’-এ কাজ করেছিলেন তিনি। ‘দ্য ওডিসি’র জন্য তাঁর পারিশ্রমিক ছিল ৪ থেকে ৫ মিলিয়ন মার্কিন ডলার (৪৫ কোটি থেকে ৬০ কোটি টাকার বেশি)।
ওডিসিউসের ছেলে টেলিম্যাকাস চরিত্রে দেখা গেছে টম হল্যান্ডকে। এই চরিত্রে অভিনয়ের জন্য তিনি পেয়েছেন ১০ মিলিয়ন মার্কিন ডলার (১২০ কোটি টাকা)। মার্ভেল ফ্র্যাঞ্চাইজি ও অন্যান্য বড় বাজেটের ছবিতে তাঁর স্বাভাবিক পারিশ্রমিকের তুলনায় এটি কম বলেই জানা গেছে।
সিনেমার প্রধান প্রতিপক্ষ অ্যান্টিনোয়াস চরিত্রে অভিনয় করেছেন রবার্ট প্যাটিনসন। তাঁর পারিশ্রমিক ৫ থেকে ৭ মিলিয়ন মার্কিন ডলারের মধ্যে ( ৬০ থেকে ৮৪ কোটি টাকা)। একই অঙ্ক পেয়েছেন সমুদ্রপরি ক্যালিপসোর চরিত্রে অভিনয় করা শার্লিজ থেরনও।
গ্রিক দেবী অ্যাথেনার চরিত্রে অভিনয় করেছেন জেন্ডায়া। এই চরিত্রের জন্য তিনি পেয়েছেন ৫ মিলিয়ন মার্কিন ডলার (৬০ কোটি টাকা)। অন্যদিকে হেলেন অব ট্রয় ও ক্লাইটেমনেস্ট্রার চরিত্রে অভিনয় করা লুপিতা নিয়োঙ্গো পেয়েছেন ১ দশমিক ৫ থেকে ৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার (১৮ থেকে ৪২ কোটি টাকা)।
হলিউডে দীর্ঘদিন ধরেই একটি প্রচলিত বিষয় হলো, ক্রিস্টোফার নোলানের মতো নির্মাতার সঙ্গে কাজের সুযোগ পেলে অনেক তারকাই নিজেদের স্বাভাবিক পারিশ্রমিকের চেয়ে কম অর্থ নিতে রাজি হন। ‘দ্য ওডিসি’ও তার ব্যতিক্রম নয়। তবে পারিশ্রমিক কম হলেও নোলানের এই উচ্চাভিলাষী প্রকল্পে যুক্ত হওয়াকে ক্যারিয়ারের গুরুত্বপূর্ণ অর্জন হিসেবেই দেখছেন সংশ্লিষ্ট অভিনেতারা।
মুক্তির পর বক্স অফিসে ধারাবাহিক সাফল্য এবং তারকাবহুল অভিনয়শিল্পীদের উপস্থিতিতে ‘দ্য ওডিসি’ ইতোমধ্যেই বছরের অন্যতম আলোচিত চলচ্চিত্রে পরিণত হয়েছে।
কমেন্ট