মুক্তির আগে ‘আওয়ারাপান ২’ কিনতে কেউই আগ্রহ দেখাননি
মুক্তির পর বক্স অফিসে দারুণ সাড়া ফেলেছে ইমরান হাশমি অভিনীত ‘আওয়ারাপান ২’। মাত্র দুই দিনেই সিনেমাটি ৫০ কোটি রুপির বেশি আয় করেছে।
অথচ মুক্তির আগে ছবিটি নিয়ে পরিবেশকদের আগ্রহ ছিল না বললেই চলে। এমনকি শেষ পর্যন্ত নিজেদের অর্থ বিনিয়োগ করেই সিনেমাটি নির্মাণ করতে হয়েছে বলে জানিয়েছেন প্রযোজক বিশেষ ভাট।
১৪ আগস্ট প্রেক্ষাগৃহে মুক্তি পায় ‘আওয়ারাপান ২’। একই সময়ে সানি দেওলের ‘বাটওয়ারা ১৯৪৭’ মুক্তি পেলেও বক্স অফিসে নিজের জায়গা ধরে রেখেছে ইমরান হাশমির সিনেমাটি।
তবে মুক্তির আগে পরিস্থিতি ছিল সম্পূর্ণ ভিন্ন।
‘জুম’-কে দেওয়া এক সাক্ষাৎকারে বিশেষ ভাট জানান, সিনেমাটি কেনার জন্য পরিবেশকদের মধ্যে তেমন আগ্রহ দেখা যায়নি। তাঁর মতে, এই পরিস্থিতিই প্রমাণ করে ‘আওয়ারাপান ২’ দ্রুত অর্থ উপার্জনের উদ্দেশ্যে নির্মিত কোনো ছবি নয়।
তিনি বলেন, ‘আপনি যদি ‘আওয়ারাপান’-এর মতো সিনেমা দেখতে চান, তাহলে প্রেক্ষাগৃহে গিয়ে সেটিকে সমর্থন করতে হবে।
তা না হলে আমি কীভাবে বুঝব যে আপনি এমন সিনেমায় আগ্রহী? যদি বুঝতে পারি, তাহলে নিজের কষ্টার্জিত অর্থ বিনিয়োগ করে আমি অর্থ উপার্জনের চেষ্টা করব। কিন্তু বলে রাখি, ‘আওয়ারাপান ২’ কোনো অর্থ উপার্জনের জন্য বানানো ছবি নয়।’
প্রযোজক জানান, প্রথম সিনেমার জনপ্রিয়তাকে কাজে লাগিয়ে শুধু ব্যবসায়িক লাভের আশায় এর দ্বিতীয় কিস্তি তৈরি করা হয়নি। বরং প্রথম ছবির গল্পের সঙ্গে সরাসরি যোগসূত্র রেখেই নির্মাণ করা হয়েছে ‘আওয়ারাপান ২’।
তিনি বলেন, ‘এখানে কিছুই নেই; প্রথম পর্ব আছে যা আপনাকে দ্বিতীয় পর্বে নিয়ে যাবে।
যদি এটা শুধু টাকা কামানোর উদ্দেশ্যে হতো, তাহলে পরিবেশকরা এতে আগ্রহ দেখাতো, এবং আজ আমি লাভে বসে থাকতাম। বাজারের কেউই ছবিটি কিনতে আসেনি। আমরা এতে নিজেদের টাকা বিনিয়োগ করেছি। হ্যাঁ, ছবিটি তৈরি হওয়ার পর বাজার জেগে উঠেছিল। দর্শকরা যদি এই ধরনের ছবিকে ভালোবাসে, তাহলে ‘আওয়ারাপান’-এর মতো ছবি তৈরি করা সম্ভব।’
নিতিন কক্করের পরিচালনায় নির্মিত ‘আওয়ারাপান ২’-এর গল্প শুরু হয়েছে প্রথম সিনেমার ঘটনার পর থেকে। প্রথম ছবিতে ছয়টি গুলির আঘাতের পরও বেঁচে যান শিবম পণ্ডিত। পরবর্তী সময়ে আলিয়া নামের একটি শিশুকে উদ্ধার করেন তিনি। পরে জানতে পারেন, শিশুটি একটি শিশু পাচার চক্রের সঙ্গে জড়িয়ে পড়েছে। আলিয়াকে উদ্ধার করতে এরপর জোরাওয়ারের গ্যাংয়ে গোপনে প্রবেশ করেন শিবম। সেখান থেকেই এগিয়েছে সিনেমার মূল গল্প।
‘আওয়ারাপান ২’-এ ইমরান হাশমির সঙ্গে অভিনয় করেছেন দিশা পাটানি, শাবানা আজমি ও সুবিন্দর ভিকি।
২০০৭ সালে মুক্তি পাওয়া ‘আওয়ারাপান’ প্রথমবার বক্স অফিসে বড় সাফল্য না পেলেও সময়ের সঙ্গে সিনেমাটির আলাদা একটি দর্শকগোষ্ঠী তৈরি হয়। পরবর্তীতে এটি একটি কাল্ট সিনেমার মর্যাদা পায়। সেই জনপ্রিয়তার ধারাবাহিকতায় নির্মিত ‘আওয়ারাপান ২’ মুক্তির পর এবার দর্শকদের প্রত্যাশাকেও ছাড়িয়ে যাচ্ছে।
কমেন্ট