অভ্যুত্থানে গুম-খুন ও শহীদ পরিবারের ৭৪ জনকে নিয়োগপত্র দিলেন প্রধানমন্ত্রী
‘টক্সিক’ নিয়ে সমালোচনা করলেই লিগ্যাল নোটিশ পাঠাচ্ছেন যশ!
মুক্তির আগে থেকেই আলোচনায় ছিল দক্ষিণী তারকা যশের বহুল প্রতীক্ষিত সিনেমা ‘টক্সিক: আ ফেয়ারিটেল ফর গ্রোন-আপস’। মুক্তির পরও সিনেমাটি ঘিরে আলোচনা-সমালোচনা থামেনি।
তবে এবার ছবিটির নেতিবাচক রিভিউ ও সমালোচনা করা নিয়ে নতুন বিতর্কের জন্ম দিয়েছে নির্মাতাদের পদক্ষেপ।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুযায়ী, বেশ কয়েকজন জনপ্রিয় ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরকে আইনি নোটিশ পাঠিয়েছেন অভিনেতা যশ ও সিনেমাটির প্রযোজনা সংস্থা।
সমালোচনা বন্ধ করতে কনটেন্ট ক্রিয়েটরদের বিরুদ্ধে এমন আইনি পদক্ষেপ নেওয়া নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রশ্ন উঠেছে। অনেকের অভিযোগ, সিনেমা নিয়ে নেতিবাচক মত প্রকাশ করলেই আইনি নোটিশ পাঠানো হচ্ছে।
গীতু মোহনদাস পরিচালিত মেগাবাজেটের সিনেমাটি নিয়ে মুক্তির পর থেকেই মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। চলচ্চিত্র সমালোচকদের একটি অংশ ছবিটিতে অতিরিক্ত সহিংসতা, নারীদের অবমূল্যায়ন এবং দুর্বল চিত্রনাট্যের অভিযোগ তুলেছেন।
তাদের মতে, আকর্ষণীয় সিনেম্যাটোগ্রাফি ও বাণিজ্যিক সিনেমার প্রয়োজনীয় উপাদান থাকার পরও বেখাপ্পা সম্পাদনা এবং দুর্বল গল্পের কারণে ‘টক্সিক’ প্রত্যাশা পূরণ করতে পারেনি।
এ ধরনের সমালোচনা করার পরই কয়েকজন ইউটিউবার ও কনটেন্ট ক্রিয়েটরের কাছে আইনি নোটিশ পৌঁছেছে বলে দাবি করা হচ্ছে।
সামাজিক যোগাযোগমাধ্যমে আইনি নোটিশ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন একাধিক রিভিউয়ার। ‘মুরুগল রোস্ট’খ্যাত জনপ্রিয় রিভিউয়ার প্রশান্ত রঙ্গস্বামী এবং সুরাজ কুমার নামের এক কনটেন্ট ক্রিয়েটর তাদের পাওয়া ই-মেইলের স্ক্রিনশটও প্রকাশ করেছেন।
জানা গেছে, ‘আইপ্লেক্স সফটওয়্যার প্রাইভেট লিমিটেড’ নামের একটি আইনি সংস্থার মাধ্যমে এসব নোটিশ পাঠানো হচ্ছে। সেখানে বিতর্কিত কনটেন্ট সরিয়ে নেওয়ার তাগিদ দেওয়া হয়েছে বলে দাবি করেছেন সংশ্লিষ্টরা।
আইনি নোটিশ পাওয়ার পর ক্ষোভ প্রকাশ করেছেন অনেক ইউটিউবার।
তাদের কেউ কেউ সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন, পর্দায় নায়কের চরিত্রে অভিনয় করলেও বাস্তবে সমালোচনা গ্রহণ করার মানসিকতা দেখাতে পারছেন না যশ ও সংশ্লিষ্ট নির্মাতারা।
যশকে আক্রমণ করে প্রশান্ত এক্স-এ লিখেছেন, “টক্সিক রিভিউয়ের জন্য যশ এবং কেভিএন প্রোডাকশনের কাছ থেকে আইনি নোটিশ পেয়েছি। আমি তো ভেবেছিলাম বাস্তব জীবনেও তিনি বেশ পুরুষালি। মনে হচ্ছে তিনি আর দশজন ধনী ও প্রভাবশালী ব্যক্তির মতোই একজন!”
আদালতের নির্দেশে কী বলা হয়েছিল?
‘টক্সিক’ নিয়ে বিতর্কের মধ্যেই গত ২২ আগস্ট বেঙ্গালুরুর একটি আদালত সিনেমাটির বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত ও মানহানিকর তথ্য ছড়ানো বন্ধে আগামী ২৮ সেপ্টেম্বর পর্যন্ত অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করেন।
তবে আদালতের আদেশে একটি বিষয় স্পষ্ট করে দেওয়া হয়েছে— নিরপেক্ষ রিভিউ কিংবা গঠনমূলক সমালোচনা এই স্থগিতাদেশের আওতায় পড়বে না।
এর পরও সাধারণ রিভিউয়ার ও কনটেন্ট ক্রিয়েটরদের কাছে আইনি নোটিশ পাঠানোর ঘটনা নিয়ে চলচ্চিত্রসংশ্লিষ্টদের মধ্যে প্রশ্ন উঠেছে। সমালোচনা ও মানহানিকর বক্তব্যের মধ্যে সীমারেখা কোথায়— তা নিয়েও নতুন করে আলোচনা শুরু হয়েছে।
তবে বিতর্ক ও সমালোচনার মধ্যেও বক্স অফিসে ভালো সাড়া পাচ্ছে ‘টক্সিক’। মুক্তির প্রথম সপ্তাহেই বিশ্বজুড়ে প্রায় ২০০ কোটি রুপি ব্যবসা করেছে যশ অভিনীত সিনেমাটি।
কমেন্ট