মন্ত্রিসভায় নতুন পে স্কেল প্রস্তাব অনুমোদন, সর্বোচ্চ ও সর্বনিম্ন বেতন নির্ধারণ
নেপালের বন্যায় ক্ষতিগ্রস্তদের পাশে কে-পপ তারকা লি নো
নেপালের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের দুর্দশা নাড়া দিয়েছে বিশ্বজুড়ে অনেক তারকাকেও। এবার বিপর্যস্ত নেপালিদের সহায়তায় এগিয়ে এসেছেন জনপ্রিয় কে-পপ ব্যান্ড স্ট্রে কিডসের সদস্য লি নো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি সহায়তা ও পুনর্বাসন কার্যক্রমে তিনি ১০ কোটি ওনের অনুদান দিয়েছেন। বাংলাদেশি মুদ্রায় যার পরিমাণ ৯ কোটি টাকারও বেশি।
হিন্দুস্তান টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, গত ২৮ আগস্ট ওয়ার্ল্ড ভিশনের মাধ্যমে এই অর্থ সহায়তা করেন লি নো। বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জরুরি ত্রাণ এবং জীবিকা পুনরুদ্ধারে যেন অর্থটি ব্যবহার করা হয়, সে অনুরোধও জানিয়েছেন তিনি।
লি নো তার এজেন্সি জেওয়াইপি এন্টারটেইনমেন্টের মাধ্যমে বলেন, ভয়াবহ পরিস্থিতির মধ্যে থাকা মানুষদের জন্য তার এই সহায়তা কিছুটা স্বস্তি বয়ে আনবে বলে তিনি আশা করেন।
তিনি বলেন, ‘আমি আশা করি আমার এই সহায়তা এই কঠিন সময়ের মধ্যে দিয়ে যাওয়া মানুষদের কিছুটা শক্তি জোগাবে। আমি আশা করি, বন্যায় ক্ষতিগ্রস্ত এবং মাঠে ত্রাণকার্যে কর্মরত থাকা সবাই খুব দ্রুত তাদের স্বাভাবিক জীবনে ফিরে যাবেন।’
ওয়ার্ল্ড ভিশন জানিয়েছে, লি নোর দেওয়া অর্থ বন্যায় বাস্তুচ্যুত পরিবারগুলোর জন্য খাদ্য, অস্থায়ী আশ্রয়, নিরাপদ পানি ও মৌলিক স্যানিটেশন সুবিধা নিশ্চিত করতে ব্যয় করা হবে।
মানবিক কাজে লি নোর যুক্ত হওয়া অবশ্য নতুন নয়। দীর্ঘদিন ধরেই অসহায় শিশু ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে আসছেন এই কে-পপ তারকা। ২০১৪ সাল থেকে শিশুদের কল্যাণে বিভিন্ন উদ্যোগে সহায়তা করে আসছেন তিনি। বিভিন্ন সময়ে বড় অঙ্কের অর্থ অনুদান দেওয়ার মাধ্যমেও মানুষের পাশে দাঁড়িয়েছেন লি নো।
গানের জগতের পাশাপাশি মানবিক কর্মকাণ্ডে তার অবদানের জন্যও ভক্ত ও সাধারণ মানুষের প্রশংসা পেয়েছেন স্ট্রে কিডসের এই সদস্য।
কমেন্ট