‘ট্রোল করার আগে নিজের চেহারা দেখ’, বিগ বসের মঞ্চে সালমান
সালমান খান অসুস্থ, বুড়ো হয়ে গেছেন—বেশ কয়েকদিন ধরেই এমন ট্রোলের শিকার হচ্ছেন সালমান খান। সম্প্রতি বিগ বসের মঞ্চে হঠাৎ জামা খুলে নিজের চেহারা ও ফিটনেস নিয়ে ট্রল করা নেটিজেনদের কড়া জবাব দিলেন বলিউড ভাইজান।
মেজাজ হারিয়ে ট্রলকারীদের উদ্দেশে পাল্টা প্রশ্ন ছুড়ে দিয়ে বললেন, অন্যকে নিয়ে মন্তব্য করার আগে নিজেদের চেহারার দিকে তাকানো উচিত।
‘বিগ বস ২০’-এর ‘উইকএন্ড কা ওয়ার’ পর্বে সামাজিক যোগাযোগ মাধ্যমের ট্রলিং নিয়ে কথা বলতে গিয়ে ক্ষুব্ধ হন সালমান। কিছুদিন ধরেই তার চেহারা ও ওজন নিয়ে নানা মন্তব্য করছেন নেটিজেনদের একাংশ। কেউ বলছেন, আগের মতো ফিট নেই তিনি, আবার কেউ তার শরীর নিয়েও কটাক্ষ করছেন।
এসব মন্তব্যের জবাব দিতে গিয়ে অনুষ্ঠানের মঞ্চেই টুপি, জ্যাকেট ও টি-শার্ট খুলে ফেলেন অভিনেতা। এ সময় নিজের মেকআপও তুলে দেখান অভিনেতা। এরপর নিজের শরীর দেখিয়ে ট্রলকারীদের জানান, এবার তাকে সামনে থেকে দেখে মন্তব্য করতে।
একই সঙ্গে অন্যের চেহারা নিয়ে মজা না করে নিজেদের ও বাবা-মায়ের স্বাস্থ্যের দিকে নজর দেওয়ার পরামর্শ দিয়ে তিনি বলেন, ট্রল করার আগে নিজের চেহারা দেখ।
বাবা-মায়ের দিকে দেখ। বয়স ৬০ হয়েছে, এখন তো আমার লুক সেই ‘ম্যায়নে পেয়ার কিয়া’র মত হবে না।
সালমানের এমন আচরণে বিগ বসের ঘরের প্রতিযোগীরা হাততালি দিয়ে তাকে সমর্থন জানান।
এদিন শুধু নিজের ট্রলিং নিয়েই কথা বলেননি সালমান। অভিনেত্রী ক্যাটরিনা কাইফের চেহারা নিয়েও যারা কটাক্ষ করেছেন, তাদেরও কড়া সমালোচনা করেন তিনি।
সন্তান জন্মের পর কোনো নারীর ওজন কিছুটা বাড়লে তা নিয়ে বিদ্রূপ করা উচিত নয় বলে জানান ভাইজান।
সালমান খান বলেন, একজন মা তখন তার পরিবার ও সন্তানের সঙ্গে সময় কাটাচ্ছেন। পরে কাজে ফিরলে নিজের মতো করে আবার ফিট হয়ে উঠবেন। এসব বিষয় নিয়ে ট্রোল করা মানুষের মানসিকতা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।
এদিকে ‘বিগ বস’-এর প্রতিযোগীদের আচরণ ও নিয়ম ভাঙা নিয়েও এদিন অসন্তোষ প্রকাশ করেন সালমান। গালাগাল, কুরুচিকর আচরণ ও নিয়ম লঙ্ঘনের জন্য তাদের সতর্ক করেন ভাইজান।
কমেন্ট