৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

৩ বছরেও কেন বিয়ের ছবি প্রকাশ করেননি, জানালেন তাপসী পান্নু

২০২৩ সালের মার্চে সাবেক ডেনিশ ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বোয়েকে বিয়ে করেন তাপসী পান্নু। রাজস্থানের উদয়পুরে ঘরোয়া আয়োজনে হয় বিয়ে। অত্যন্ত ব্যক্তিগতভাবে আয়োজিত ওই বিয়েতে বলিউডেরও খুব বেশি তারকা উপস্থিত ছিলেন না।

সম্প্রতি নয়নদীপ রক্ষিতের ইউটিউব চ্যানেলে দেওয়া এক সাক্ষাৎকারে তিন বছরেও নিজের বিয়ের ছবি প্রকাশ না করা এবং বিষয়টি ব্যক্তিগত রাখার সিদ্ধান্ত নিয়ে কথা বলেছেন তাপসী। তিনি বলেন, তিন বছর এসব ছবি লুকিয়ে রেখেছিলেন।

বিয়ের তারিখ কেন প্রকাশ্যে ঘোষণা করেননি—এমন প্রশ্নের জবাবে তাপসী বলেন, ‘আমি কেন বিয়ের ঘোষণা প্রকাশ্যে দেব? আমি সবসময় আমার ব্যক্তিগত ও পেশাগত জীবনকে আলাদা রেখেছি। এর মানে এই নয় যে আমি এসব লুকাতে চাই, ভয় পাই বা লজ্জিত। কিন্তু আমি কখনো ব্যক্তিগত বিষয় নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা দিতে স্বাচ্ছন্দ্যবোধ করি না।’

বলিউডের এ অভিনেত্রী আরও বলেন, ‘আমি মনে করি, এটি একান্তই ব্যক্তিগত বিষয় এবং আমি সেটি ব্যক্তিগতই রাখতে চাই। বিয়ের জন্য প্রেস নোট বা একগুচ্ছ ছবি ও ভিডিও প্রকাশ করা আমার কাছে খুব অদ্ভুত লাগে।’


তাপসী জানান, অতিথিদের বিয়ের ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ না করার অনুরোধ করা হলেও অনুষ্ঠানের একটি ভিডিও পরে ফাঁস হয়ে যায়।

এ প্রসঙ্গে তিনি বলেন, ‘এটি আমার জন্য খুবই বিব্রতকর ছিল। তবে এমনটা হয় যখন পরিবারের পক্ষ থেকে এমন কিছু মানুষকে আমন্ত্রণ জানানো হয়, যাদের আপনি ব্যক্তিগতভাবে খুব একটা চেনেন না। পরিবারের ইচ্ছায় তারা অনুষ্ঠানে এসেছিলেন। তাদের অনেকেই হয়তো দেওয়া নির্দেশনাটি ঠিকভাবে বুঝতে পারেননি।’


তাপসী আরও বলেন, অতিথিদের ফোন নিয়ে নেওয়াকে তিনি শিশুসুলভ আচরণ মনে করেন। তাই কাউকে বাধা না দিয়ে শুধু অনুরোধ করেছিলেন, ছবি তুললেও যেন সেগুলো প্রকাশ না করা হয়।

তাপসীর মতে, বিয়ের কোনো ছবি বা ভিডিও প্রকাশ্যে এলে সেটি শুধু তার ব্যক্তিগত বিষয় থাকে না; এর সঙ্গে আরও অনেক মানুষ জড়িয়ে পড়েন। বিশেষ করে তার স্বামী ম্যাথিয়াস বো একজন ক্রীড়াবিদ হলেও তাপসীর মতো নিয়মিত জনসম্মুখে থাকা ব্যক্তি নন।

তাপসী বলেন, ম্যাথিয়াস একজন ক্রীড়া তারকা হলেও তার ব্যক্তিগত জীবন নিয়ে মানুষের আগ্রহ তুলনামূলক কম। তাই তিনি যে ধরনের ব্যক্তিগত নজরদারি ও আগ্রহের মুখোমুখি হতে অভ্যস্ত, ম্যাথিয়াস সেই ধরনের পরিস্থিতির জন্য প্রস্তুত নন।

অভিষেকের সঙ্গে মতের অমিল নিয়ে যা বললেন অমিতাভ পরবর্তী

অভিষেকের সঙ্গে মতের অমিল নিয়ে যা বললেন অমিতাভ

কমেন্ট