‘কিং’-এ চমক, ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

‘কিং’-এ চমক, ১৫ বছর পর শাহরুখের সঙ্গে কারিনা

দীর্ঘ ১৫ বছর পর আবারও বড় পর্দায় একসঙ্গে দেখা যাবে শাহরুখ খান ও কারিনা কাপুর খানকে। সিদ্ধার্থ আনন্দ পরিচালিত ‘কিং’ সিনেমার একটি বিশেষ গানে থাকছেন এই দুই তারকা।


এর মধ্য দিয়ে ‘রা. ওয়ান’ (২০১১)-এর পর ফের একসঙ্গে পর্দায় ফিরছেন তারা। খবরটি ঘিরে ইতিমধ্যেই উচ্ছ্বাস তৈরি হয়েছে ভক্তদের মধ্যে।
ভারতীয় সংবাদমাধ্যম পিঙ্কভিলার এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘কিং’ সিনেমায় ‘ড্যাডি কুল’ শিরোনামের একটি বিশেষ গানে অংশ নেবেন শাহরুখ ও কারিনা। নির্মাতাদের পরিকল্পনা অনুযায়ী, গানটি সিনেমার অন্যতম আকর্ষণ হয়ে উঠতে পারে।


প্রতিবেদন অনুযায়ী, চলতি মাসের শেষ দিকে দক্ষিণ আফ্রিকায় গানটির শুটিংয়ে অংশ নেবেন কারিনা। এ জন্য প্রায় পাঁচ দিন সময় দিয়েছেন অভিনেত্রী। বড় পরিসরে গানটির দৃশ্য ধারণের প্রস্তুতি চলছে। গানটিতে কণ্ঠ দিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত কোনো সংগীতশিল্পী—এমন খবরও রয়েছে।


যদিও শিল্পীর নাম আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। এদিকে গানটিতে এড শিরানের কণ্ঠ থাকতে পারে বলে গুঞ্জন ছড়িয়েছে।
‘কাভি খুশি কাভি গম’ ও ‘রা. ওয়ান’-এর মতো সিনেমায় শাহরুখের সঙ্গে পর্দা ভাগ করেছেন কারিনা। এ ছাড়া ‘ডন’ সিনেমাতেও তাদের একসঙ্গে দেখা গেছে। দীর্ঘ বিরতির পর নতুন করে এই জুটির পর্দায় ফেরার খবর তাই দর্শকদের আগ্রহ আরও বাড়িয়ে দিয়েছে।


এদিকে শাহরুখ খানের জন্মদিন আগামী ২ নভেম্বর। এ উপলক্ষে ‘কিং’ সিনেমার নতুন ঝলক প্রকাশের প্রস্তুতি নিচ্ছেন নির্মাতারা বলে জানা গেছে। ফলে ওই দিন থেকেই ছবিটির প্রচারণা নতুন গতি পেতে পারে বলে ধারণা করছেন ভক্তরা।

‘কিং’ সিনেমায় শাহরুখের সঙ্গে আরো অভিনয় করছেন সুহানা খান, দীপিকা পাড়ুকোন, অভিষেক বচ্চন, অনিল কাপুর, জ্যাকি শ্রফ, রানি মুখার্জি, জয়দীপ আহলাওয়াত, আরশাদ ওয়ারসি ও রাঘব জুয়ালসহ একঝাঁক তারকা। সিনেমাটি চলতি বছরের ডিসেম্বরে মুক্তি পাবে। 

৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’ পরবর্তী

৯ সিনেমার রেকর্ড ভাঙল ‘দৃশ্যম ৩’

কমেন্ট