রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের ভূমিকার প্রশংসা করেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী

ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজ রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় বাংলাদেশের গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছেন। বুধবার দুপুরে নয়াদিল্লীতে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর সাথে বৈঠককালে সুষমা স্বরাজ একথা বলেন। তৃতীয় রাইসিনা ডায়লগ-এর সাইড লাইনে এ বৈঠক অনুষ্ঠিত হয়। নয়াদিল্লীতে আজ বাংলাদেশ হাইকমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে একথা জানানো হয়। সুষমা স্বরাজ মিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের পুনর্বাসনের ক্ষেত্রে ভারতের সহায়তা প্রদানের বিষয়টি পুনরায় উল্লেখ করেন। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রী রোহিঙ্গা সমস্যা মোকাবিলায় ভারতের সমর্থনের জন্য সন্তোষ প্রকাশ করেন এবং এক্ষেত্রে ভারতের সহায়তা অব্যাহত থাকবে বলে তিনি আশা প্রকাশ করেন। বৈঠককালে উভয় মন্ত্রী একমত হন যে, দ্বিপক্ষীয় সম্পর্কের ক্ষেত্রে দু-দেশের জনগণের মধ্যে সম্পর্ক উন্নয়ন একটি গুরুত্বপূর্ণ বিষয়। এক্ষেত্রে দু’দেশের জনগণের উভয় দেশে ভ্রমণ বৃদ্ধি পাচ্ছে বলে বৈঠকে উল্লেখ করা হয়। পরে পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী বাসস’র দিল্লী প্রতিনিধিকে জানান, ভারতের পররাষ্ট্র মন্ত্রী সুষমা স্বরাজের সাথে দু’দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সন্তোষজনক আলোচনা হয়েছে। এর আগে সকালে, আবুল হাসান মাহমুদ আলী রাইসিনা ডায়লগ-এর প্লেনারি অধিবেশনে উপস্থিত ছিলেন। এ সময় দিল্লীতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সৈয়দ মোয়াজ্জেম আলী তার সাথে ছিলেন। পররাষ্ট্র মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী তিনদিনের সফরে বর্তমানে দিল্লীতে অবস্থান করছেন। তিনি আগামীকাল সন্ধ্যায় ‘রাইসিনা ডায়লগ’-এর সমাপনী অধিবেশনে ‘মূল প্রবন্ধ’ উপস্থাপন করবেন। মন্ত্রী ১৯ জানুয়ারি ঢাকার উদ্দেশ্যে দিল্লী ত্যাগ করবেন।
‘কিভাবে পাঁচ দিন কেটে গেল নিজেও জানি না’ পূর্ববর্তী

‘কিভাবে পাঁচ দিন কেটে গেল নিজেও জানি না’

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি থেকে শুরু পরবর্তী

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্ব ১৯ জানুয়ারি থেকে শুরু

কমেন্ট