পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক

পাটুরিয়া-দৌলতদিয়া ও কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল স্বাভাবিক

মানিকগঞ্জের পাটুরিয়া-দৌলতদিয়া এবং মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। আজ সোমবার সকাল সোয়া ৯টায় পাটুরিয়া-দৌলতদিয়া এবং সকাল সোয়া ১০টায় কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এর আগে ঘন কুয়াশার কারণে গতকাল রবিবার রাত পৌনে ২টা থেকে পাটুরিয়া-দৌলতদিয়া এবং রাত ২টা থেকে কাঁঠালবাড়ী-শিমুলিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ। বিআইডাব্লিউটিসি আরিচা কার্যালয়ের এজিএম নাসির মোহাম্মদ চৌধুরী জানান, ঘন কুয়াশায় আচ্ছন্ন হয়ে পড়লে দুর্ঘটনা এড়াতে গতরাত পৌনে ২টার দিকে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটের ফেরি চলাচল বন্ধ রাখা হয়। এ সময় নৌপথ দেখতে না পারায় যাত্রী ও পরিবহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে পাঁচটি ফেরি। কুয়াশা কেটে যাওয়ার পর আজ সোমবার সকাল সোয়া ৯টায় পুনরায় ফেরি চলাচল স্বাভাবিক হয়েছে। এদিকে, সকাল সোয়া ১০টায় স্বাভাবিক হয় মাদারীপুরের কাঁঠালবাড়ী-শিমুলিয়া ফেরি চলাচল। সোয়া আট ঘণ্টা বন্ধ থাকার পর এই রুটে ফেরি চলাচল স্বাভাবিক হয়। কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আ. সালাম মিয়া জানান, ঘন কুয়াশার কারণে ফেরির দিক নির্দেশনা বাতির আলো অস্পষ্ট হয়ে ওঠে। ফলে দুর্ঘটনা এড়াতে রাত ২টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। কুয়াশা কেটে যাওয়ায় সকাল সোয়া ১০টায় ফেরি চলাচল স্বাভাবিক হয়। এদিকে, এ দেশের দুই গুরুত্বপূর্ণ নৌরুটে ফেরি চলাচল বন্ধ থাকায় উভয় ঘাট এলাকায় যানবাহনের দীর্ঘ সারি সৃষ্টি হয়েছে। ফেরি পারের অপেক্ষায় রয়েছে কয়েক শ যানবাহন। এতে চরম দুর্ভোগে পড়েছে যাত্রীরা।
মমতাময়ী আমাদের প্রধানমন্ত্রী পূর্ববর্তী

মমতাময়ী আমাদের প্রধানমন্ত্রী

ঢাবি সিনেটে আওয়ামী লীগপন্থিদের জয় পরবর্তী

ঢাবি সিনেটে আওয়ামী লীগপন্থিদের জয়

কমেন্ট