জনগণের অর্থের প্রতিটি পয়সা সঠিকভাবে দেশের ও মানুষের স্বার্থে ব্যয় করতে হবে: প্রধানমন্ত্রী
ব্যাংকঋণে সুদের হার ‘সিঙ্গেল ডিজিটে’ রাখতে হবে
ব্যাংকঋণের ক্ষেত্রে সুদের হার সিঙ্গেল ডিজিটে রাখার বিষয়ে কঠোর মনোভাব জানালেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, ‘সুদের হার ডাবল ডিজিট হলে সরকার কঠোর হবে। গ্রাহকের ওপর চড়া সুদের বোঝা চাপিয়ে দেওয়া যাবে না। সুদের হার অবশ্যই সিঙ্গেল ডিজিটে রাখতে হবে।’ গতকাল বুধবার রাতে গণভবনে আওয়ামী লীগের এক জরুরি যৌথসভায় প্রধানমন্ত্রী এসব কথা বলেন।
একই সভায় নেপালে বাংলাদেশের ইউএস-বাংলা এয়ারলাইনসের বিমান দুর্ঘটনাকে ‘দুর্ভাগ্যজনক’ আখ্যায়িত করে শেখ হাসিনা বলেছেন, ক্ষতিগ্রস্তদের পরিবারকে যথাযথ সহায়তা দেওয়া হবে।
শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত যৌথসভায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের বেশ কয়েকজন সদস্য, সহযোগী সংগঠনগুলোর সভাপতি ও সাধারণ সম্পাদকরা অংশ নেন। সভায় মূলত নেপালে বিমান দুর্ঘটনা ও পরবর্তী নানা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়। আসন্ন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়টিও যৌথসভায় আলোচনা হয়।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, সভায় আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী আকরাম উদ্দিন ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ড. আবদুর রাজ্জাক নির্বাচনের বছরে ব্যাংকঋণ ও ব্যবসায়ীদের সুযোগ-সুবিধার বিষয়ে কথা বলেন। এ সময় প্রধানমন্ত্রী ব্যাংক ঋণের ক্ষেত্রে সুদের হার সিঙ্গেল ডিজিটে রাখার বিষয়ে কঠোর মনোভাব জানান।
বৈঠকে উপস্থিত একাধিক নেতা কালের কণ্ঠকে জানান, ব্যারিস্টার ফজলে নূর তাপস সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নির্বাচনের বিষয়টি বৈঠকে তোলেন। তিনি বলেন, সামনে নির্বাচন। সেখানে জয়ের জন্য সবার সহযোগিতা প্রয়োজন। এ সময় আওয়ামী লীগ সভাপতি বলেন, ‘এই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ। নির্বাচনে সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করে আমাদের প্রার্থীকে জেতাতে হবে।’
সূত্রগুলো জানায়, বৈঠকে সাম্প্রতিক সময়ে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের আন্দোলনের বিষয়টি নিয়েও আলোচনা ওঠে। এই আন্দোলনকে বেশি গুরুত্ব না দেওয়ার পরামর্শ দেন শেখ হাসিনা। তিনি বলেন, ‘তাদের দাবি যৌক্তিক নয়। আমাদের সরকার শিক্ষকদের জন্য এত কিছু করেছে। বহু স্কুল সরকারীকরণ করেছে। বাকিগুলোকেও সরকারি করা হবে। তবে শিক্ষকদের পিএসসির মাধ্যমে নিয়োগ পেতে হবে। কোনো অযৌক্তিক দাবি মানা হবে না।’
নেপালে বিমান দুর্ঘটনায় হতাহতদের পরিবারগুলোকে সহায়তার জন্য আওয়ামী লীগের টিম গঠনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দ্রুত এই টিম গঠন করতে দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে নির্দেশ দেওয়া হয়েছে। আজ এই টিম গঠন হতে পারে। এসব টিম হতাহতদের পরিবারের সঙ্গে কথা বলে তাদের কী ধরনের সহায়তা করা যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেবেন। এ ছাড়া নিহত ও আহতদের নিজ নিজ এলাকার এমপি ও কেন্দ্রীয় নেতাদের ওই সব পরিবারের সদস্যদের সঙ্গে দেখা করার নির্দেশ দেওয়া হয়েছে। মরদেহ দেশে ফিরে আসার পর লাশ হস্তান্তরের বিষয়েও সহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে।
আগামী ২২ ও ২৩ মার্চ বাংলাদেশ মধ্যম আয়ের দেশে আনুষ্ঠানিকভাবে উন্নতি উদ্যাপন করার বিষয়েও আলোচনা হয়। প্রধানমন্ত্রী সন্তুষ্টি প্রকাশ করে বলেন, এর মধ্য দিয়ে বাংলাদেশে আরো বেশি বিনিয়োগের সুযোগ সৃষ্টি হবে। বড় বড় কম্পানিগুলো বাংলাদেশে বিনিয়োগ করার বিষয়ে আগ্রহী হবে। এই সাফল্য দলীয়ভাবে উদ্যাপন করার বিষয়েও নির্দেশ দিয়েছেন তিনি। দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখার বিষয়েও বৈঠকে আলোচনা হয়।
কমেন্ট