বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার নিরপেক্ষ তদন্ত করা হবে : ওআইসি সভায় পররাষ্ট্র উপদেষ্টা

বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার নিরপেক্ষ তদন্ত করা হবে : ওআইসি সভায় পররাষ্ট্র উপদেষ্টা

অন্তর্বর্তী সরকারের পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন বলেছেন, বাংলাদেশের সাম্প্রতিক গণহত্যার একটি নিরপেক্ষ ও আন্তর্জাতিকভাবে বিশ্বাসযোগ্য তদন্ত পরিচালনা এবং এতে যথাযথ বিচারিক প্রক্রিয়া অনুসরণ নিশ্চিত করা হবে।

আজ রবিবার (১ সেপ্টেম্বর) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়। 

ক্যামেরুনের রাজধানী ইয়াউন্দে অনুষ্ঠিত ওআইসির ৫০তম পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের কাউন্সিলে (সিএফএম) তিনি এ কথা বলেন। ২৯-৩০ আগস্ট ইয়াউন্দে অনুষ্ঠিত সিএফএমে বাংলাদেশের দুই সদস্যের প্রতিনিধিদলের নেতৃত্ব দেন পররাষ্ট্র উপদেষ্টা।

বিজ্ঞপ্তিতে বলা হয়, জোরপূর্বক গুম হওয়া সব ঘটনা ও ব্যক্তির সুরক্ষাসংক্রান্ত জাতিসংঘ কনভেনশনে বাংলাদেশের যোগদানের বিষয়ে বৈঠককে অবহিত করেন তৌহিদ হোসেন। 

তিনি ওআইসির সঙ্গে বাংলাদেশের অব্যাহত সম্পৃক্ততা ও ফিলিস্তিনের জন্য শান্তি প্রতিষ্ঠা, ইসলামফোবিয়া, মুসলমানদের বিরুদ্ধে ঘৃণা-অপরাধের মতো ঘটনাগুলোর নিন্দা জানানোর কথাও উল্লেখ করেন।

পররাষ্ট্র উপদেষ্টা আরো বলেন, বাংলাদেশের পরিবহন ও যোগাযোগ অবকাঠামো শক্তিশালী করে ঢাকা ওআইসির সদস্য দেশগুলোর সঙ্গে আরো বাণিজ্য ও বিনিয়োগে যুক্ত হতে আগ্রহী।

এ বছর ‘পরিবহন ও যোগাযোগ অবকাঠামো’ থিম নিয়ে সিএফএম অনুষ্ঠিত হয়েছে।

এতে বেশ কয়েকটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও নিরাপত্তা বিষয় নিয়ে আলোচনা করা হয়।
মিয়ানমার কর্তৃপক্ষের ওপর ক্রমাগত চাপ সৃষ্টি অব্যাহত রাখতে সিএফএমে ‘মিয়ানমারে রোহিঙ্গা মুসলিম সম্প্রদায়ের পরিস্থিতি’ নামে একটি প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে। বাহরাইন, সৌদি আরব, তুরস্ক ও পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গেও বৈঠক করেন পররাষ্ট্র উপদেষ্টা।

হারিয়ে যাওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু বুধবার পরবর্তী

হারিয়ে যাওয়া এবং অবৈধ অস্ত্র উদ্ধারে যৌথ বাহিনীর অভিযান শুরু বুধবার

কমেন্ট