সংখ্যানুপাতিক নির্বাচন নিয়ে বিএনপি, জামায়াত ও অন্যান্য দলের যত হিসাব
দেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন কবে হবে, তা এখনো স্পষ্ট নয়। অন্তর্বর্তীকালীন সরকার থেকে সে বিষয়ে কোনো দিনক্ষণ ঠিক করে দেওয়া হয়নি। এর মধ্যেই রাজনীতিতে একটা আলোচনা উঠেছে নির্বাচনপদ্ধতি পরিবর্তনের।
জামায়াতে ইসলামী, ইসলামী আন্দোলন, সিপিবি, গণসংহতি আন্দোলন, এবি পার্টি, গণ অধিকার পরিষদের মতো বিভিন্ন দল একে সমর্থন করছে।
অন্যদিকে শুরু থেকেই এর বিরোধিতায় আছে বিএনপি।
আনুপাতিক নির্বাচনের পক্ষে-বিপক্ষে দলগুলোর যে অবস্থান সেখানে রাজনীতি তো বটেই, ভোটের নানা সমীকরণও মেলাচ্ছেন অনেকে। আলোচনা আছে নতুন পদ্ধতিতে যদি নির্বাচন হয় তাহলে সেটা কোনো দলকে লাভবান করবে, আর কোনো দল ক্ষতিগ্রস্ত হবে।
বাংলাদেশে এখন যে প্রচলিত নির্বাচন সেখানে ৩০০ আসনে রাজনৈতিক দলগুলোর প্রার্থী থাকে।
ভোটারদের ভোটে তারা সরাসরি নির্বাচিত হন। কিন্তু এই ব্যবস্থার পরিবর্তন ঘটিয়ে এখন মতামত দেওয়া হচ্ছে আনুপাতিক নির্বাচন পদ্ধতি চালু করার। যেখানে সারা দেশে একটা দল যত ভোট পাবে, তার আনুপাতিক হারেই নির্ধারিত হবে সংসদে ওই দলটি কত আসন পাবে।
অর্থাৎ এখানে সরাসরি জনগণের ভোটে কোনো প্রার্থী নির্বাচিত হবেন না।
কোনো একটি দল যদি ৪০ শতাংশ ভোট পায় তাহলে সংসদে তার আসন হবে ১০০ আসনের মধ্যে ৪০টি।
কিন্তু আনুপাতিক এই নির্বাচন নিয়ে পক্ষে-বিপক্ষে কী আলোচনা হচ্ছে দলগুলোর মধ্যে? বড় দলগুলোর আসন কমবে?
বাংলাদেশে অতীতে প্রচলিত সংসদীয় পদ্ধতির নির্বাচনে এর সুফল পেয়েছে প্রধানত বড় দুটি দল বিএনপি এবং আওয়ামী লীগ। নির্বাচনগুলোতে জয়-পরাজয়ের ভিত্তিতে আসন ভাগাভাগি হওয়ায় যে দল বিজয়ী হয়েছে, তারাই সংসদের বেশির ভাগ আসন পেয়েছে। কিন্তু অনেক আসনেই দেখা যায় জয়ী আর পরাজিত প্রার্থীর ব্যবধান খুবই কম।
বাংলাদেশে নব্বইয়ের দশক থেকে সংসদীয় পদ্ধতি চালুর পর ২০০৮ পর্যন্ত চারটি জাতীয় সংসদ নির্বাচনের ফল বিশ্লেষণ করে দেখা গেছে, প্রধান দুটি বড় দল তাদের ভোটের হারের তুলনায় আসন বেশি পেয়েছে।
এটা বেশি ঘটেছে বিজয়ী দলের ক্ষেত্রে।
১৯৯১ সালের নির্বাচনে বিএনপি যে ভোট পেয়েছিল তার শতকরা হার হচ্ছে ৩০.৮১ শতাংশ। অন্যদিকে আওয়ামী লীগের প্রাপ্ত ভোটের হারও প্রায় একই রকম ৩০.০৮ শতাংশ।
অথচ বিএনপি জয়ী হয় ১৪০ আসনে, আর আওয়ামী লীগ পায় ৯৩ আসন। অর্থাৎ দুই দলের ভোটের হার অনেকটা একই রকম থাকলেও জয়ী দল বিএনপি সংসদে অনেক বেশি আসন পেয়ে যায়।
১৯৯৬ সালের নির্বাচনে আবার এর সুফল পায় আওয়ামী লীগ। দলটি ৩৭.৪৪ শতাংশ ভোট পেয়ে আসন পায় ১৪৬ আসন। অন্যদিকে বিএনপি ৩৩.৬১ শতাংশ ভোট পেলেও আসন পায় ১১৬টি।
২০০১ সালের নির্বাচনেও দুই দলের ভোটের হার ছিল অনেকটা একই রকম। বিএনপি পায় ৪০.৮৬ শতাংশ ভোট, আওয়ামী লীগ পোয় ৪০.২১ শতাংশ ভোট। কিন্তু জয়ী দল বিএনপি প্রায় দুই-তৃতীয়াংশ আসন, অর্থাৎ ১৯৩ আসন পেয়ে যায়। আওয়ামী লীগ পায় ৬২টি।
কিন্তু আনুপাতিক নির্বাচন হলে কি দল দুটো এত আসন পেত? এর উত্তর হচ্ছে নেতিবাচক। উদাহারণ হিসেবে ২০০১ সালের নির্বাচনকে রাখলে দেখা যাবে, সেখানে ৪০.৮৬ শতাংশ ভোট পাওয়ায় জয়ী দল বিএনপির আসন হতো ১৯৩টির বদলে সর্বোচ্চ ১২৩টি। আর আসন বাড়ত আওয়ামী লীগের। তারা ৪০.২১ শতাংশ ভোট পাওয়ায় ৩০০ আসনের মধ্যে তাদের ভাগে আসত ১২০টি আসন। সে ক্ষেত্রে সংসদে দুই দলই থাকত প্রায় সমান সমান অবস্থায়।
ফলে বিশ্বব্যাপী এটা বলা হয় যে সংখ্যানুপাতিক নির্বাচনে জয়ী দলের আসন কমবে, অন্যদিকে ছোট দলগুলো তুলনামূলক বেশি আসন পাবে।
কমেন্ট