২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু

২৪ ঘণ্টায় সারা দেশে হাম ও হামের উপসর্গে ৭ জনের মৃত্যু

সারা দেশে হামের প্রকোপ উদ্বেগজনক হারে বাড়ছে। গত ২৪ ঘণ্টায় হাম-সংক্রান্ত রোগে আক্রান্ত হয়ে আরও সাতজনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের দেওয়া তথ্য অনুযায়ী, এই সাতজনের মধ্যে দুজন সরাসরি হামে আক্রান্ত হয়ে মারা গেছে এবং বাকি পাঁচজনের মৃত্যু হয়েছে হামের উপসর্গ নিয়ে।

আজ বুধবার (৬ মে) বিকেলে স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুম থেকে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের পরিসংখ্যান বিশ্লেষণ করলে দেখা যায়, গত ১৫ মার্চের পর থেকে দেশে হামের প্রকোপ তীব্র হয়েছে। গত প্রায় দুই মাসে নিশ্চিতভাবে হামে আক্রান্ত হয়ে মোট ৫৬ জনের মৃত্যু হয়েছে। তবে একই সময়ে হামের উপসর্গ নিয়ে বা সন্দেহভাজন হামজনিত কারণে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে ২৬৮ জনে।

তথ্য অনুযায়ী, ১৫ মার্চের পর থেকে এ পর্যন্ত ল্যাব পরীক্ষায় নিশ্চিতভাবে হামে আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে ছয় হাজার ৯৯ জন। তবে সন্দেহভাজন আক্রান্তের সংখ্যা এর চেয়ে কয়েক গুণ বেশি, যা বর্তমানে ৪৪ হাজার ২৬০ জনে পৌঁছেছে।


বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ৩০ হাজার ৮৮৫ জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এর মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ২৭ হাজার ২২৩ জন। স্বাস্থ্য বিশেষজ্ঞরা শিশুদের দ্রুত হামের টিকা দেওয়া এবং উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার তাগিদ দিয়েছেন।

গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই অনেক সমস্যার সমাধান হবে : তথ্যমন্ত্রী পরবর্তী

গণমাধ্যমে প্রকৃত পেশাদারিত্ব নিশ্চিত করা গেলেই অনেক সমস্যার সমাধান হবে : তথ্যমন্ত্রী

কমেন্ট