প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রীকে সৌদি আরব সফরের আমন্ত্রণ

প্রধানমন্ত্রী তারেক রহমানকে সৌদি আরব সফরের আমন্ত্রণ জানিয়েছেন দেশটির উপপররাষ্ট্রমন্ত্রী ওয়ালিদ এল-খেরেইজি। আমন্ত্রণের জন্য প্রধানমন্ত্রী ধন্যবাদ জানিয়ে সুবিধাজনক সময়ে সৌদি আরব সফরের আশা প্রকাশ করেন।


মঙ্গলবার (৪ আগস্ট) সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন সৌদি আরবের উপপররাষ্ট্রমন্ত্রী। সাক্ষাতে বাংলাদেশ ও সৌদি আরবের দ্বিপক্ষীয় সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়া, বিনিয়োগ সম্প্রসারণ এবং কৌশলগত সহযোগিতা আরো জোরদারের বিষয়ে উভয় পক্ষ একমত পোষণ করে।

এ সময় বাংলাদেশ সৌদি আরবের বিনিয়োগ বাড়ানোর আহ্বান জানান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, ‘বাংলাদেশ পরিচ্ছন্ন জ্বালানির ব্যবহার বাড়াতে ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করছে।


এ খাতে সৌদি কম্পানিগুলোর বিনিয়োগ দুই দেশের জন্যই লাভজনক হবে।’
প্রধানমন্ত্রী বলেন, ‘বাংলাদেশ ও সৌদি আরবের সম্পর্ক পারস্পরিক আস্থা ও দীর্ঘদিনের বন্ধুত্বের ভিত্তির ওপর প্রতিষ্ঠিত। বর্তমান সরকার সৌদি আরবের সঙ্গে একটি কৌশলগত, বহুমাত্রিক ও দীর্ঘমেয়াদি অংশীদারি গড়ে তুলতে চায়।’ তিনি বাংলাদেশে, বিশেষ করে সৌরবিদ্যুৎ খাতে সৌদি বিনিয়োগ বৃদ্ধির আহ্বান জানান।


সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে বিনিয়োগের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়েছে এবং বিভিন্ন সম্ভাবনাময় খাতে সহযোগিতা ও বিনিয়োগ সম্প্রসারণে সৌদি আরব আগ্রহী।

তিনি সৌদি আরবের উন্নয়নে বাংলাদেশি কর্মীদের গুরুত্বপূর্ণ অবদানের কথাও উল্লেখ করেন এবং জাতিসংঘের ৮১তম সাধারণ পরিষদের সভাপতি হিসেবে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান নির্বাচিত হওয়ায় প্রধানমন্ত্রীকে অভিনন্দন জানান।

সৌদি উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, সৌদি আরব বাংলাদেশে প্রক্রিয়াজাত খাদ্য, সি-ফুড, ট্রপিক্যাল ফুড, কৃষিভিত্তিক শিল্প, তথ্য-প্রযুক্তি, কৃত্রিম বুদ্ধিমত্তা, নবায়নযোগ্য জ্বালানিসহ বিভিন্ন সম্ভাবনাময় খাতে বিনিয়োগে আগ্রহী।

 

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত পরবর্তী

শেখ হাসিনার বক্তব্য দেওয়ার প্রসঙ্গে অবস্থান স্পষ্ট করল ভারত

কমেন্ট