সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী

সরকারি স্বার্থ ও সুষম ভূমি ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব : ভূমিমন্ত্রী

সরকারি জমি বরাদ্দ প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত, সরকারি স্বার্থ সংরক্ষণ এবং ভূমির সুষম ব্যবহার নিশ্চিত করার ওপর সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে বলে জানিয়েছেন ভূমি মন্ত্রী মো. মিজানুর রহমান মিনু।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) ভূমি মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির ১৫৭তম সভায় তিনি এসব কথা বলেন।


সভায় ভূমি মন্ত্রী বলেন, ভূমি অধিগ্রহণ প্রক্রিয়া স্বচ্ছতার সঙ্গে সম্পন্ন করতে হবে। একই সঙ্গে অধিগ্রহণের কারণে যাতে জনগণের মধ্যে কোনো ধরনের অসন্তোষ সৃষ্টি না হয়, সে বিষয়েও সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে।

তিনি বলেন, উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের পাশাপাশি প্রাকৃতিক পরিবেশের ভারসাম্য রক্ষা এবং কৃষিজমি সুরক্ষার বিষয়টিও গুরুত্বের সঙ্গে বিবেচনা করতে হবে।

সভায় ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এবং মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ উপস্থিত ছিলেন।


এ ছাড়া বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা সভায় অংশ নেন।
সভায় কেন্দ্রীয় ভূমি বরাদ্দ কমিটির পূর্বানুমোদনের জন্য উপস্থাপিত বিভিন্ন প্রস্তাব অনুমোদন করা হয়। এর মধ্যে উল্লেখযোগ্য হলো—চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের বাস্তবায়নাধীন ‘চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা নিরসনকল্পে খাল পুনঃখনন, সম্প্রসারণ, সংস্কার ও উন্নয়ন’ প্রকল্পের আওতায় চট্টগ্রাম মহানগরের বিভিন্ন মৌজায় মোট ৪.১৩০৫ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন করা হয়।

এ ছাড়া চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের ‘চাতুরী (চৌমুহনী)-সিইউএফএল-কর্ণফুলী ড্রাইডক (মেরিন একাডেমি)-ফকিরনীহাট (এন-১২১) জাতীয় মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ’ প্রকল্পের আওতায় কর্ণফুলী ও আনোয়ারা উপজেলার বিভিন্ন মৌজায় মোট ২১.৭০৮৩ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।


সুনামগঞ্জের পাইকরাটি থেকে নেত্রকোণা ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্র পর্যন্ত ১৩২ ডাবল সার্কিট বিদ্যুৎ সঞ্চালন লাইন নির্মাণের জন্য নেত্রকোণা সদর উপজেলার ঠাকুরাকোনা ও গন্ধর্বপুর মৌজায় ০.০৭৫০ একর ভূমি অধিগ্রহণের প্রস্তাবও অনুমোদন করা হয়।

অন্যদিকে নাজমা পেপার অ্যান্ড বোর্ড মিলস লিমিটেডের নামে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার সাদিপুর মৌজায় ০.৩৭ একর ভূমি অধিগ্রহণের পূর্বানুমোদন দেওয়া হয়েছে। একই সঙ্গে মেঘনা ইকোনমিক জোন লিমিটেডের অনুকূলে সোনারগাঁও উপজেলার চর রমজান সোনাউল্লাহ মৌজায় ১.৮৬৫২ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় বিভিন্ন জেলা ভূমি বরাদ্দ কমিটির সুপারিশের ভিত্তিতে ৫০ বিঘার ঊর্ধ্বে ভূমি অধিগ্রহণের কয়েকটি প্রস্তাবও চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়। এর মধ্যে জামালপুর সড়ক বিভাগের ‘মাদারগঞ্জ-কয়ড়া-মনসুরনগর (কাজিপুর)-আব্দুল্লাহ মোড় (সরিষাবাড়ী)-ধনবাড়ী সড়ক উন্নয়ন’ প্রকল্পের আওতায় সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার বিভিন্ন মৌজায় ভূমি অধিগ্রহণের অনুমোদন দেওয়া হয়।


এ ছাড়া বাংলাদেশ রেলওয়ের জয়দেবপুর থেকে ঈশ্বরদী পর্যন্ত ডুয়েলগেজ ডাবল লাইন নির্মাণ প্রকল্পের আওতায় টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার ২১টি মৌজায় ২০.০১৩৬ একর ভূমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়েছে।

‘বারৈয়ারহাট-হেঁয়াকো-রামগড় সড়ক প্রশস্তকরণ (LOC-III)’ প্রকল্পের আওতায় চট্টগ্রামের মিরসরাই ও ফটিকছড়ি উপজেলার বিভিন্ন মৌজায় সর্বমোট ৫৭.৯৩৮০ একর এবং ‘যশোর রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা’ প্রকল্পের আওতায় অভয়নগর উপজেলার ছয়টি মৌজায় মোট ৬.৪৭৬০ একর জমি অধিগ্রহণের চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

সভায় আরো সিদ্ধান্ত নেওয়া হয়, পরিবর্তিত বাস্তবতা বিবেচনায় বগুড়া কোল্ড স্টোরেজ অ্যান্ড এলাইড ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অনুকূলে অধিগ্রহণ করা সম্পত্তি ভূমি অধিগ্রহণ আইন, ২০১৭-এর আওতায় জনকল্যাণমূলক হাসপাতাল স্থাপনের উদ্দেশ্যে ব্যবহারের অনুমোদন দেওয়া হবে।

সভায় ভূমি অধিগ্রহণ ও বরাদ্দের ক্ষেত্রে উন্নয়ন কর্মকাণ্ডের পাশাপাশি জনস্বার্থ, পরিবেশ সংরক্ষণ এবং কৃষিজমির সুরক্ষাকে গুরুত্ব দেওয়ার ওপর জোর দেওয়া হয়।

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান পরবর্তী

জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি হিসেবে শপথ নিলেন খলিলুর রহমান

কমেন্ট