
ভারতের গোয়ায় বিজয় মালিয়ার কিংফিশার ভিলাটি অবশেষে বিক্রি হলো। ৭৩ কোটি টাকা দিয়ে সেই বাড়ি কিনলেন অভিনেতা ও ব্যবসায়ী শচীন জোশি। একাধিকবার নিলাম ডেকেও কিংফিশার ভিলা কেনার কোনো ক্রেতা পাওয়া যচ্ছিল না। শেষে হস্তক্ষেপ করেন এসবিআইয়ের চেয়ারপারসন অনুন্ধতী ভট্টাচার্য। তিনি আশ্বাস দেন কিংফিশার ভিলা যিনি কিনবেন তাকে কোনো আইনি জটিলতায় পড়তে হবে না এবং দেনাও শোধ করতে হবে না। তারপরই বাড়িটি কেনায় আগ্রহ দেখান শচীন। মুম্বাই মিরর, জ্যাকপট, আজানের মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। ভাইকিং মিডিয়া অ্যান্ড এন্টারটেনমেন্টের মালিকও শচীন।
প্রথমে নিলামের সময় ৮৫ কোটি টাকা দাম ধার্য করেছিলে এসবিআই। কিন্তু কোনো ক্রেতা পাওয়া যাচ্ছিল না। শেষে দাম কমিয়ে ৮১ কোটি টাকা করা হয়। কিন্তু তাতেও কেউ আগ্রহ দেখাচ্ছিলেন না। এ বছর শেষবার নিলামে দাম কমে হয় ৭৩ কোটি। সেই দামেই শচীন বাড়িটি কেনেন।
গোয়ার সমুদ্রসংলগ্ন এই বাড়িটি একসময় মালিয়ার সেলিব্রিটি ডেস্টিনেশন ছিল। একাধিক বলিউডি পার্টি হয়েছে এখানে। শিল্পা শেঠি থেকে শুরু করে ইয়ানা গুপ্তাসহ একাধিক মডেল ও অভিনেত্রীদের নিয়ে পার্টি করেছেন মালিয়া।
কমেন্ট