
ভারতীয়দের সম্পর্কে সবচেয়ে বেশি যে গল্প কিংবা ধারণা প্রচলিত আছে- সেটি কোনটি? সবচেয়ে বড় ধারণাটি হল, ভারতের অধিকাংশ মানুষ নিরামিষভোজী।
কিন্তু সেটি মোটেও ঠিক নয়। অতীতের বিভিন্ন পরিসংখ্যানে দেখা যাচ্ছে ভারতের এক-তৃতীয়াংশ মানুষ নিরামিষভোজী।
সরকারের পরিচালিত তিনটি জরিপে দেখা যায়, ২৩-২৭ শতাংশ ভারতীয় নিরামিষভোজী। এ পরিসংখ্যান একেবারে নতুন কিছু নয়।-খবর বিবিসি অনলাইন।
মার্কিন যুক্তরাষ্ট্রভিত্তিক বালমুরলি নটরাজন এবং ভারতভিত্তিক অর্থনীতিবিদ সুরাজ জ্যাকব সরকারের এ পরিসংখ্যানকে সঠিক বলে মনে করেন না।
তাদের ধারণা, এ পরিসংখ্যানে নিরামিষভোজী মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়েছে। এর পেছনে রাজনৈতিক এবং সাংস্কৃতিক বিষয় জড়িত আছে বলে তারা মনে করেন।
সে হিসাবে ধরে নেয়া যায়, ভারতে মাংস খাওয়া মানুষের প্রকৃত সংখ্যা কমিয়ে দেখানো হয় এবং নিরামিষভোজী মানুষের সংখ্যা বাড়িয়ে দেখানো হয়।
সার্বিক বিষয় বিবেচনা নিয়ে গবেষকরা বলছেন, ভারতে প্রায় ২০ শতাংশ মানুষ নিরামিষভোজী। সাধারণভাবে যা ধারণা করা হয়, এ সংখ্যা তার চেয়ে অনেক কম।
ভারতের মোট জনসংখ্যার ৮০ শতাংশ হিন্দু এবং তারাই সবচেয়ে বড় মাংসভোজী। এমনকি উচ্চবর্ণের হিন্দুদের এক-তৃতীয়াংশ নিরামিষভোজী।
ভারতের যেসব শহরে সবচেয়ে বেশি নিরামিষভোজী রয়েছে সেটি নিম্নরূপ
ইন্দোর : ৪৯ শতাংশ
মিরাট : ৩৬ শতাংশ
দিল্লি : ৩০ শতাংশ
নাগপুর : ২২ শতাংশ
মুম্বাই : ১৮ শতাংশ
হায়দরাবাদ : ১১ শতাংশ
চেন্নাই : ৬ শতাংশ
কলকাতা : ৪ শতাংশ
সূত্র : ন্যাশনাল ফ্যামিলি হেলথ সার্ভে
কিন্তু গবেষক নটরাজন ও জ্যাকব বলছেন, সাধারণভাবে যা ধারণা করা হয়, গরুর মাংসভোজী মানুষের সংখ্যা তার চেয়ে বেশি। সরকারি পরিসংখ্যানে বলা হচ্ছে- কমপক্ষে ৭ শতাংশ ভারতীয় গরুর মাংস খায়।
ভারতের বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশটিতে নিরামিষ খাওয়াকে উৎসাহিত করছেন।
কারণ এর মাধ্যমে গরু রক্ষা করবেন তারা। ভারতের সংখ্যাগরিষ্ঠ হিন্দুদের কাছে গরু ধর্মীয়ভাবে একটি পবিত্র বিষয়।
ভারতে অর্ধেকের বেশি প্রদেশে গরু জবাই নিষিদ্ধ। গো-রক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ডের ঘটনাও ঘটেছে। কিন্তু বাস্তবতা হচ্ছে, লাখ লাখ ভারতীয়- দলিত, মুসলিম ও খ্রিস্টান গরুর মাংস খায়।
গবেষক ড. নটরাজন ও ড. জ্যাকব বলেন, বাস্তবে প্রায় ১৫ শতাংশ ভারতীয় অর্থাৎ ১৮ কোটি মানুষ সেখানে গরুর মাংস খায়।
সরকার যে পরিসংখ্যান তুলে ধরে এটি তার চেয়ে ৯৬ শতাংশ বেশি।
পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে, অধিকাংশ ভারতীয় মাংস খায়। সেটি হতে পারে মুরগি কিংবা খাসির মাংস। এটি অনেকেই নিয়মিত খায়।
আবার অনেকে মাঝেমধ্যে খায়। তবে অধিকাংশ ভারতীয় নিরামিষভোজী নয়।
কমেন্ট